
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণের দাবি পুনর্ব্যক্ত করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে সংঘাতের ভৌগোলিক পরিধি বদলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওয়াশিংটনের প্রতি তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি উল্লেখ করে মার্কিন হুমকি ও অবমাননাকর বক্তব্যকে ‘আমেরিকানদের হতাশার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেন গালিবাফ।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধরা হয়েছে। গালিবাফ বলেন, ‘আমাদের অবস্থান আগের মতোই স্পষ্ট ও অপরিবর্তিত রয়েছে। ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ বা আলোচনা হবে না।’ তিনি আরও বলেন, শত্রুপক্ষের যেকোনো পদক্ষেপের জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে। ভুল হিসাব-নিকাশ করা হলে সংঘাতের ভৌগোলিক পরিধি বদলে দেওয়ার সক্ষমতাও তাদের রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক বক্তব্য ও হুমকির পরিপ্রেক্ষিতে এসব মন্তব্য করেন ইরানের এই নেতা। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্কট বেসেন্ট বলেন, ‘সাপের মাথা গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত’ ইরানের অবৈধ আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার অভিযান অব্যাহত রাখবে তার দপ্তর।
এদিকে গত সোমবার (২৩ নভেম্বর) ইরানের বৈশ্বিক ছায়া ব্যাংকিং নেটওয়ার্ক ধ্বংসের লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় মার্কিন অর্থ মন্ত্রণালয়। এসব নিষেধাজ্ঞার আওতায় ইরানের দুই ডজনের বেশি মানি এক্সচেঞ্জ হাউস, ফ্রন্ট কোম্পানি ও গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ইরানের পক্ষ থেকে সাতটি শর্ত পূরণের দাবি জানানো হয়েছে।
ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি তহবিল মুক্তি দেওয়া, সব ফ্রন্টে শত্রুতা ও হামলা বন্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেওয়া। তেহরানের দাবি, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা পদক্ষেপ নেওয়া হবে না।
টি/