
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে পিয়ংইয়ং প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সুবিধার ভিত্তিতে এ সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, রোববার ১০টি দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন কিম। ওই দেশগুলোর মধ্যে ব্রাজিল, ভারত, রাশিয়া, সুইডেন ও ভিয়েতনামও রয়েছে। অনুষ্ঠানে কিম বলেন, উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণকারী দেশগুলোর সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে তারা আগ্রহী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু শক্তি আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে নিজেদের স্বার্থকে স্থান দিয়ে অন্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করছে। এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
কিমের এ বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্ভাব্য বৈঠকটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। গত সপ্তাহে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) ফোরামের সম্মেলনে যোগ দিতে চীন সফরের সময় ট্রাম্প কিমের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের শনিবারের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার দেওয়া কিছু শর্ত ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় বৈঠকটি আর এগোয়নি। যদিও শর্তগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি, শেষ মুহূর্ত পর্যন্ত দুই পক্ষের মধ্যে আলোচনা চলেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প-কিমের সম্ভাব্য বৈঠক আয়োজনের জন্য মার্কিন কর্মকর্তারা কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছিলেন। এর মধ্যে ছিল ১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা। ওই যুদ্ধ শান্তিচুক্তির পরিবর্তে যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছিল। এ ছাড়া উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েও দেশটির পারমাণবিক কর্মসূচি বিলুপ্ত করার দাবি থেকে সরে আসার বিষয়ে একটি বিবৃতি দেওয়ার সম্ভাবনাও বিবেচনায় ছিল। এর বিনিময়ে পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা সীমিত করার বিষয়ে আলোচনা এবং দুই দেশের মধ্যে যোগাযোগের জন্য লিয়াজোঁ অফিস খোলার প্রস্তাবও আলোচনায় আসে।
দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়া ওয়াশিংটনকে দেশটির প্রতি শত্রুতাপূর্ণ নীতি পরিত্যাগ করার আহ্বান জানিয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার কূটনীতিকরা উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের ওপর গুরুত্ব দিয়ে আসছেন। তবে পিয়ংইয়ং এসব দাবি প্রত্যাখ্যান করে বলেছে, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে তাদের অবস্থান স্থায়ীভাবে নির্ধারিত এবং তা কখনো পরিবর্তন করা হবে না। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এখনো কাটেনি।
এদিকে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্প পররাষ্ট্রনীতিতে আরও মনোযোগী হয়েছেন বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো সাফল্য অর্জনের লক্ষ্যে তিনি কিমের সঙ্গে বৈঠক আয়োজনের জন্য সহযোগীদের চাপ দিয়েছিলেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়। তবে বৈঠকটি না হওয়ায় ওয়াশিংটন-পিয়ংইয়ং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সূত্র: কেসিএনএ ও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
টি/