
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দুই মাসের জাপান সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশের জাদুশিল্পী আলীরাজ। সফরজুড়ে দেশটির বিভিন্ন শহরে জাদু প্রদর্শনীর মাধ্যমে হাজারো বিদেশি দর্শককে মাতিয়েছেন তিনি। ওসাকা, কোবে, আওয়াজি, ফুকুচিয়ামা, নাগোয়া, টোকিও ও কিয়োটোসহ জাপানের বিভিন্ন শহরে মোট ৪৯টি প্রদর্শনী করেছেন এই শিল্পী। প্রতিদিন গড়ে দুটি করে শো করেছেন তিনি। প্রতিটি আয়োজনেই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।
জাপানের বিভিন্ন প্রেক্ষাগৃহ, হোটেল, ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, নৌবিহার ও সার্কাস দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এসব প্রদর্শনী। প্রতিটি প্রদর্শনীতে উপস্থিত ছিলেন শতভাগ বিদেশি দর্শক। সঙ্গে ছিলেন একজন জাপানি সহকারী। টিকিটের ব্যাপক চাহিদা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি আয়োজন পরিণত হয় হাউসফুল প্রদর্শনীতে। প্রযুক্তিনির্ভর আধুনিক জীবনযাপনের মধ্যেও জাপানিদের কাছে জাদুশিল্পের জনপ্রিয়তা যে অটুট, তা আবারও প্রমাণিত হয়েছে এই আয়োজনের মধ্য দিয়ে। জাপানের মঞ্চে বাংলাদেশের পতাকা হাতে দেশের প্রতিনিধিত্ব করে নিজের জাদুশৈলী দিয়ে অসংখ্য বিদেশি দর্শকের মন জয় করেছেন আলীরাজ।
এবারের বড় ও ব্যয়বহুল আয়োজনটির পেছনে ছিল জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান প্যাসোনা কোম্পানি এবং আর্ট সার্কাস গ্রুপ। জাদু প্রদর্শনীর পাশাপাশি অপেরা, সংগীত, অ্যাক্রোবেটিকস ও ব্যালে নৃত্যের সমন্বয়ে আয়োজনটি হয়ে ওঠে আরও বর্ণিল। এতে অংশ নেন রাশিয়া, ইউক্রেন ও জাপানের শিল্পীরা। পুরো আয়োজনের কোরিওগ্রাফিতে ছিলেন এলিনা, লিয়ানা ও মোরিগুচি। এর আগেও বিশ্বের বিভিন্ন দেশে জাদু প্রদর্শন করে প্রশংসা ও স্বীকৃতি পেয়েছেন আলীরাজ। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, এশিয়া থেকে মধ্যপ্রাচ্য—ফ্রান্স, স্পেন, গ্রিস, ইতালি, তুরস্ক, রাশিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, দুবাই, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীনসহ বিভিন্ন দেশে তার পরিবেশনা প্রশংসিত হয়েছে।
জাদুশিল্পের গুরুত্ব ও বাংলাদেশে এ শিল্পের সম্ভাবনা নিয়ে আলীরাজ বলেন, জাদু এমন একটি শিল্পমাধ্যম, যা সব বয়সী মানুষকে আকৃষ্ট করতে পারে। দেশের প্রচলিত জাদুশিল্প সম্পর্কে মানুষের ধারণা বদলাতে চান তিনি। এ লক্ষ্যেই সবাইকে তার জাদু প্রদর্শনী উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন। তবে বাংলাদেশে জাদুশিল্পের প্রসারে গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও সাংস্কৃতিক সংগঠনগুলোর আগ্রহের ঘাটতি রয়েছে বলে মনে করেন এই শিল্পী। তার ভাষ্য, বিশ্বের বিভিন্ন দেশে জাদুশিল্পের ব্যাপক চাহিদা থাকলেও বাংলাদেশে এখনো এ শিল্প যথাযথ গুরুত্ব ও পৃষ্ঠপোষকতা পাচ্ছে না।
বিদেশে কাজের অভিজ্ঞতা তুলে ধরে আলীরাজ বলেন, বাংলাদেশের অনেক শিল্পী বিদেশে ছোট পরিসরের অনুষ্ঠানে মূলত প্রবাসী বাঙালি দর্শকদের সামনে পরিবেশনা করেন এবং এর বিনিময়ে নামমাত্র পারিশ্রমিক পান। তবে তিনি আন্তর্জাতিক মঞ্চে বিদেশি দর্শকদের সামনে জাদু প্রদর্শনের সুযোগ তৈরি করেছেন। বৈধ উপায়ে উপার্জিত অর্থ দেশে নিয়ে আসার পাশাপাশি জাদুশিল্পের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও অবদান রাখছেন বলে মনে করেন তিনি। দীর্ঘদিন ধরেই জাদুশিল্পের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি তুলে ধরছেন আলীরাজ। এ কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বিভিন্ন পুরস্কারও।
টি/