
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বমানের আধুনিক কর্পোরেট চিকিৎসাসেবা নিশ্চিতকরণ ও পূর্ণাঙ্গরূপে হাসপাতাল পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে এক হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৮৩ টাকা জরুরি বিশেষ বরাদ্দ চেয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড কর্তৃপক্ষ।
সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপির কার্যালয়ে প্রয়োজনীয় যৌক্তিকতা ও বিস্তারিত তথ্য সম্বলিত এই বিশেষ বরাদ্দের আবেদনপত্র হস্তান্তর করা হয়। বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর হাতে আবেদনপত্রের কপি তুলে দেন।
আবেদনপত্র হস্তান্তরের সময় সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, হাসপাতালের পরিচালক ও বিএমইউর ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী এবং বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবেদনপত্র গ্রহণ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বিশেষ বরাদ্দের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে হাসপাতালটির সার্বিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বরাদ্দ পাওয়া গেলে হাসপাতালটি পূর্ণাঙ্গরূপে চালুর কার্যক্রমে নতুন গতি আসবে এবং দেশের চিকিৎসাসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। হাসপাতালটিতে আধুনিক প্রযুক্তিনির্ভর লিভার ট্রান্সপ্লান্ট ও হেপাটোবিলিয়ারি-প্যানক্রিয়েটিক সেন্টার, কিডনি ট্রান্সপ্লান্ট ও ডিজিজ সেন্টার, কার্ডিওভাস্কুলার ও স্ট্রোক সেন্টার, অনকোলজি সেন্টার, রেডিওলজি ও ইমেজিং সেন্টার, বিশেষায়িত জরুরি চিকিৎসা সেন্টার এবং বন্ধ্যাত্ব ও বিশেষায়িত নারী, মাতৃ ও শিশু চিকিৎসা সেন্টারের মাধ্যমে বিশ্বমানের সেবা প্রদান করা হবে। পাশাপাশি এখানে সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ এবং শিশুদের জন্য বহুল কাঙ্ক্ষিত নিবিড় পরিচর্যা কেন্দ্র পিআইসিইউ সুবিধা থাকছে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালটি শুরু থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নিজস্ব অর্থায়নে সীমিত আকারে পরিচালিত হয়ে আসছিল এবং পরবর্তীতে গত ১ অক্টোবর ২০২৬ থেকে এটি ‘বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড’ নামে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত হয়েছে। প্রস্তাবিত এক হাজার ৪১০ কোটি টাকার বেশি এই বিশেষ বরাদ্দ মূলত জনবল, চিকিৎসা সরঞ্জাম এবং অবকাঠামোগত উন্নয়নে ব্যয় করা হবে। এর মধ্যে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ও দক্ষ ফিজিশিয়ান ও সার্জন (যারা চিফ কনসালট্যান্ট, সিনিয়র কনসালট্যান্ট ও কনসালট্যান্ট হিসেবে নিয়োজিত থাকবেন) এবং অভিজ্ঞ চিকিৎসক, কর্মকর্তা, নার্স, টেকনোলজিস্ট ও কর্মচারীদের বেতন-ভাতাদি প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া চিকিৎসা ও শৈল্য সরঞ্জামাদি (এমএসআর) খাতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটসমূহ (সিসিইউ, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ), লাইফ সাপোর্ট ভেন্টিলেটর, বিশ্বমানের অপারেশন থিয়েটার (ওটি) পরিচালনার প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট, ল্যাব সরঞ্জাম এবং সেন্টারগুলোর জন্য আধুনিক হসপিটাল বেড ও সাইড বেড লকার কেনা হবে। অন্যদিকে পূর্ত ও অবকাঠামোগত উন্নয়নের আওতায় হাসপাতালের সম্মুখভাগে ল্যান্ডস্কেপিং ও চারপাশে সবুজায়ন, আউটডোর ও রোগীদের ওয়েটিং রুম আধুনিকীকরণ, কেবিন ও ওয়ার্ড সংস্কার, পুরো হাসপাতাল কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিতকরণের জন্য চিলার স্থাপন, মেডিকেল গ্যাস প্ল্যান্ট ও সাবস্টেশন স্থাপন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সিলিং মেরামত, হেপা (HEPA) ফিল্টার স্থাপন, ল্যাব ও পার্কিং র্যাম্প সংস্কার এবং ইনডোর, মরচুয়ারি, কনফারেন্স ও অডিটরিয়াম, ক্যাফেটেরিয়া ও বেজমেন্ট সংস্কারের কাজ করা হবে।
প্রসঙ্গত, হাসপাতালটির জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ ও দক্ষ কনসালট্যান্টসহ অন্যান্য জনবল নিয়োগের লক্ষ্যে ইতোমধ্যে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে জনবল নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।