
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কাছে পরপর দুটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় দুজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে হোয়াইট হাউস অবরুদ্ধ (লকডাউন) করা হয়। একই সঙ্গে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। সোমবার (৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে হোয়াইট হাউসের সামনের লাফায়েত পার্কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় গাড়ির চালক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
একই সময়ে পার্কের উত্তর-পশ্চিম দিকের একটি নিরাপত্তাবেষ্টনী টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করেন আরেক ব্যক্তি। নিরাপত্তা বাহিনী তাকেও আটক করে। তবে দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। নিরাপত্তার কারণে প্রায় এক ঘণ্টা হোয়াইট হাউস লকডাউন রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে অবরুদ্ধ অবস্থা তুলে নেওয়া হয়। এদিকে আটক গাড়িটির ভেতরে কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা করতে পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়।
এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হবে, তা এখনো জানায়নি কর্তৃপক্ষ। তাদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ ও দুই ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
সূত্র: আল জাজিরা
টি/