
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে আবারও হামলা
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পথ প্রায় বন্ধ। তাই বিকল্প পথে তেল পাঠানোর ব্যবস্থা করেছিল সৌদি আরব। কিন্তু এবার সেই পথও কি নিরাপদ থাকছে? দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনেই আবারও হামলা করা হলো! মদিনা এলাকায় হামলার পর আগুনও ছড়িয়ে পড়ে। তবে প্রশ্ন উঠছে, একের পর এক হামলায় শেষ পর্যন্ত সৌদির তেল সরবরাহব্যবস্থা কতটা নিরাপদ থাকবে?
হরমুজ প্রণালি এড়িয়ে তেল পাঠানোর যে পথকে ভরসা করেছিল সৌদি আরব, এবার সেই পথেই নতুন করে হামলা হলো। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলের মদিনা এলাকায় লক্ষ্যবস্তু করা হয় গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনকে। হামলার পর পাইপলাইনের একটি অংশে আগুন ধরে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কেউ হতাহত হননি। পাইপলাইনের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি।
কিন্তু এই হামলার গুরুত্ব শুধু আগুন লাগার মধ্যেই সীমাবদ্ধ নয়। কারণ, সৌদি আরবের জন্য এই পাইপলাইন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়ায় বিকল্প এই পথ দিয়েই তেল সরবরাহ বাড়িয়েছে দেশটি। প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন দিয়ে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাঠানো হচ্ছে। মরুভূমির বুক চিরে বিস্তৃত এই পাইপলাইন সৌদির রাজধানী রিয়াদ থেকে লোহিত সাগরের উপকূলীয় ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ আসে এই পথ দিয়ে।
কিন্তু যুদ্ধের মধ্যে এই গুরুত্বপূর্ণ পথও বারবার হামলার লক্ষ্য হচ্ছে। গত সেপ্টেম্বরেও ড্রোন হামলার পর কয়েক দিনের জন্য পাইপলাইনটি বন্ধ রাখতে হয়েছিল। সৌদি আরবের দাবি, ওই ড্রোনগুলো ইরাক থেকে ছোড়া হয়েছিল। অন্যদিকে, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীদের সংঘাতও নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। অতীতেও সৌদির তেল শোধনাগার, সংরক্ষণাগার ও জ্বালানি স্থাপনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।
সব মিলিয়ে একদিকে হরমুজ প্রণালিতে অচলাবস্থা, অন্যদিকে বিকল্প তেল পরিবহন পথেও হামলা—দুই সংকটে চাপে সৌদি আরব। আর এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে তার প্রভাব পড়তে পারে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও তেলের বাজারেও।