
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অনেকেরই প্রায় প্রতিদিন রাতে নির্দিষ্ট একটি সময়ে ঘুম ভেঙে যায়। কখনো মাঝরাতে, আবার কখনো ভোরের দিকে এমনটি ঘটে। বিষয়টি অস্বাভাবিক মনে হলেও এর পেছনে শরীরের জৈবিক ঘড়ি, ঘুমের অভ্যাস, মানসিক চাপ ও বিভিন্ন শারীরিক সমস্যা কাজ করতে পারে। তবে নির্দিষ্ট সময়ে ঘুম ভেঙে যাওয়ার অর্থ সবসময় গুরুতর কোনো রোগ নয়।
মানুষের শরীরে রয়েছে নিজস্ব জৈবিক ঘড়ি, যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। এটি প্রায় ২৪ ঘণ্টার চক্রে ঘুম ও জাগরণের সময় নিয়ন্ত্রণ করে। প্রতিদিন একই সময়ে ঘুমাতে গেলে শরীর সেই অনুযায়ী অভ্যস্ত হয়ে পড়ে। এ ছাড়া ঘুম কয়েকটি ধাপে বিভক্ত এবং প্রতি ৯০ থেকে ১২০ মিনিট পর একটি ঘুমের চক্র শেষ হয়। এ সময় সাময়িকভাবে ঘুম ভেঙে যেতে পারে।
পরিবেশগত কারণেও রাতে নির্দিষ্ট সময়ে ঘুম ভাঙতে পারে। যানবাহনের শব্দ, বৈদ্যুতিক যন্ত্রের আওয়াজ, ঘরের তাপমাত্রার পরিবর্তন এবং মোবাইল ফোন, টেলিভিশন বা ট্যাবলেটের আলো ঘুমের ব্যাঘাত ঘটায়। পাশাপাশি মানসিক চাপ ও উদ্বেগের কারণে রাতে ঘুম ভেঙে যাওয়া, বুক ধড়ফড় করা কিংবা অস্থিরতা দেখা দিতে পারে। ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া এবং স্লিপ প্যারালাইসিসের মতো সমস্যাও ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
এ ছাড়া রাতে বারবার প্রস্রাবের প্রয়োজন, ডায়াবেটিস, প্রোস্টেট বা মূত্রথলির সমস্যা ঘুম ভাঙার কারণ হতে পারে। অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের কারণে শোয়ার পর বুক জ্বালাপোড়া হতে পারে। নারীদের ক্ষেত্রে হরমোনের পরিবর্তন, গর্ভাবস্থা এবং মেনোপজের সময় রাতের ঘাম ও হঠাৎ গরম লাগার কারণে ঘুমে সমস্যা দেখা দিতে পারে। বয়স বাড়ার সঙ্গে গভীর ঘুম কমে যাওয়াও এর একটি কারণ। কিছু ওষুধ ও অতিরিক্ত ক্যাফেইন গ্রহণও ঘুমের স্বাভাবিক চক্রে প্রভাব ফেলে।
প্রতি রাতে একই সময়ে ঘুম ভেঙে যাওয়া সবসময় উদ্বেগের বিষয় নয়। তবে দীর্ঘদিন এমন সমস্যা চলতে থাকলে এবং দিনের বেলায় ক্লান্তি বা অস্বস্তি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নিয়মিত ঘুমানোর অভ্যাস, আরামদায়ক পরিবেশ তৈরি, রাতে ডিজিটাল ডিভাইসের ব্যবহার কমানো এবং খাদ্যাভ্যাসে সচেতনতা ঘুমের মান উন্নত করতে সাহায্য করতে পারে।
সূত্র: ভেরি ওয়েল হেলথ
টি/