logo
youtube logotwitter logofacebook logo
/সারাদেশ
বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন - image

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

11 জুলাই 2026, বিকাল 4:23

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও ২৪ পদাতিক ডিভিশনের সদস্যরা বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় ব্যাপক প্লাবন দেখা দিয়েছে। এসব এলাকায় প্রায় ৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়েছেন।এদিকে বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলাতেও ভারী মৌসুমি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকায় জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বন্যাকবলিত এলাকায় তিনটি ক্যাম্প স্থাপন করা হয়েছে।সেনাসদস্যরা নৌযানসহ বিভিন্ন উপায়ে দুর্গম এলাকায় পৌঁছে আটকে পড়া মানুষদের উদ্ধার এবং ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন। শনিবার ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর, হারুয়ালছড়ি ও আশপাশের এলাকায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।/টি

জুলাই ১১, ২০২৬

জামালপুরে স্ত্রীকে হত্যা মামলার রায়ে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুর প্রতিনিধি:জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০১২ সালের ১১ ডিসেম্বর রাতে এক লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী ইসমত আরা খাতুনকে নিজ বাড়িতে গলা টিপে হত্যা করেন আনোয়ার হোসেন।ঘটনার পরদিন নিহতের ভাই মজনু মিয়া দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানার রায় দেন।

জুলাই ০৯, ২০২৬

নোয়াখালীতে দোকান দখল ও ভাড়া না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে চার বছর ধরে একাধিক দোকান অবৈধভাবে দখল করে ভাড়া পরিশোধ না করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সম্পত্তির মালিক হাজী আবুল খায়ের।বুধবার দুপুরে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বসুরহাটের ছেরাজ প্লাজা ও হাজী মার্কেটের সম্পত্তি তিনি ২০২২ সালের ১৫ নভেম্বর ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেন। বর্তমানে ওই দুটি মার্কেটে মোট ২০টি দোকান রয়েছে। কিন্তু গত চার বছর ধরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ২০ জন ভাড়াটিয়া কোনো ধরনের ভাড়া পরিশোধ না করেই দোকান দখলে রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন।তিনি আরও বলেন, বৈধ মালিক হিসেবে দোকান ভাড়া দাবি করলে অভিযুক্তরা একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টির সুরাহার জন্য বসুরহাট ব্যবসায়ী সমিতিতে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। পরে তিনি কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং দোকান ছাড়ার জন্য আইনি নোটিশ পাঠান। তবে এতেও অভিযুক্তরা দোকান খালি করেননি বলে দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে হাজী আবুল খায়ের অভিযোগ করেন, গত ৪ জুলাই দোকানের ভাড়া চাইতে গেলে অভিযুক্তরা তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।তিনি জানান, সর্বশেষ গত ৬ জুলাই নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত ভাড়াটিয়াদের বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাড়া না পাওয়ায় তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাশাপাশি অব্যাহত হুমকির কারণে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।এ সময় তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পাশাপাশি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার বৈধ সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে দেওয়ার দাবি জানান।

জুলাই ০৮, ২০২৬

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পাহাড় ধস, ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ

রাঙ্গামাটি প্রতিনিধিটানা ভারী বর্ষণের কারণে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি আরশিনগর এলাকায় পাহাড় ধসে গাছ সড়কের ওপর পড়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টা ধরে সড়কের উভয় পাশে ট্রাক, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন আটকা পড়ে।খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর জমে থাকা পাহাড়ের মাটি ও গাছ সরিয়ে ফেলেন। পরে আংশিকভাবে যান চলাচল শুরু হয়। তবে মহাসড়ক পুরোপুরি সচল করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে উদ্ধারকাজে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এদিকে টানা বর্ষণের কারণে রাঙ্গামাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানেও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে।

জুলাই ০৮, ২০২৬

বেগমগঞ্জে মাদক প্রতিরোধে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গোলটেবিল বৈঠক

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং ‘মাদক প্রতিরোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলের ব্যবধানে খেলা শেষ হয়। খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষানুরাগী ও সমাজসেবক, সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম সাহাব উদ্দিন।পরে গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর নবী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ এফ এম মাসুদ আলম।বৈঠকে বক্তব্য দেন নোয়াখালী জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট আবুল কাশেম, বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান, নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী সভাপতি তাজুল ইসলাম, সাংবাদিক মানিক ভূঁইয়া, বেগমগঞ্জ সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক মশিউর রহমান ফাহাদ, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, অধ্যাপক আবদুল আউয়াল খান, বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা আইনবিষয়ক সম্পাদক মাওলানা আলাউদ্দিন, গোপালপুর পেশাজীবী ফোরামের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন মামুন, জীবন বীমা কর্পোরেশনের এজিএম মাহবুব আলম, গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল মতিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলাবাজার থানা সভাপতি শফিকুল ইসলাম, বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুর উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, সমাজে মাদকের ভয়াবহ বিস্তার উদ্বেগজনক। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সরকার, জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জুলাই ০৬, ২০২৬

ব্রাজিলের হারে কুষ্টিয়ায় যুবকের আত্মহত্যা

কুষ্টিয়ার কুমারখালীতে ব্রাজিলের ম্যাচ হেরে যাওয়ার পর চরম হতাশায় রতন (১৯) নামের এক ফুটবল সমর্থক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার  কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মাত্র দুই মাস বয়সী কন্যাসন্তানের জনক এই যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।নিহত রতন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর সেজো ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রতনের ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়াশব্দ না পেয়ে তারা ঘরের জানালায় উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।এলাকাবাসী জানান, রতন অত্যন্ত বিনয়ী ও ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন। তিনি ব্রাজিল ফুটবল দলের অন্ধ ভক্ত ছিলেন। সম্প্রতি একটি ম্যাচে নরওয়ের কাছে ব্রাজিলের পরাজয়ের পর থেকেই তিনি চরম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্থানীয়রা দাবি করেছেন।কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী এই ঘটনাটিকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে অভিহিত করেছেন। তবে কয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুমন জানান, যুবকের আত্মহত্যার খবর তিনি শুনেছেন, কিন্তু সেটি কেবল ফুটবল দলের পরাজয়ের কারণেই কি না, তা তিনি নিশ্চিত করতে পারেননি।কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করায় পুলিশ মরদেহটি দাফনের অনুমতি প্রদান করেছে।

জুলাই ০৬, ২০২৬

কসবায় ২৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন আতাউর

কসবায় শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ২৫ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো: আতাউর রহমান সরকার এ হুইল চেয়ার বিতরণ করেন।রবিবার (৫ জুলাই) দুপুর ১২টায় কসবা মডেল মসজিদ কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দেন। কসবা-আখাউড়া উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ফরিদ উদ্দিন আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা নুরুল আমিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান প্রার্থী কাজী ইয়াকুব আলী, কসবা পৌরসভা মেয়র প্রার্থী কাজী সিরাজুল ইসলাম, আখাউড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া, আখাউড়া পৌরসভা মেয়র প্রার্থী বোরহান উদ্দিন খান।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী এস এম আজাদ মানিক, আখাউড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ সানাউল্লাহ, ছাত্রনেতা সাইফুল্লাহ আল আরিফ, কসবা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান মোল্লা, আশরাফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও নেতাকর্মী।প্রধান অতিথির বক্তব্যে মো: আতাউর রহমান সরকার বলেন, “আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে, অসুস্থ হলেও তারা আমাদের ভাই-বোন। এ অবস্থায় তাদের পাশে দাঁড়ানোকে আমরা নৈতিক, সামাজিক এবং ঈমানি দায়িত্ব মনে করি।”তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধকতা কখনো মানুষের অগ্রযাত্রার বাধা হতে পারে না; সমাজের সহযোগিতা ও আত্মবিশ্বাস থাকলে জীবনের পথে এগিয়ে যাওয়া সম্ভব।শেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা সবাইকে নেক হায়াত দান করুন।” 

জুলাই ০৫, ২০২৬

নোয়াখালীর চৌমুহনীতে উচ্ছেদ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চৌমুহনী করিমপুর সড়কের ২৩৮ নম্বর খতিয়ানের আওতাধীন দোকান উচ্ছেদ আদেশ প্রত্যাহার এবং পূর্বের মালিকদের নামে স্থায়ী বন্দোবস্তের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা।শনিবার দুপুরে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী ও দোকান মালিকরা অভিযোগ করেন, তারা ১৯৪২ সালে জেলা সদর স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের (অ্যাকুইজিশন) আগ থেকেই দীর্ঘদিন ধরে বৈধভাবে ওই স্থানে দখলে থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন। এ নিয়ে অতীতে একাধিক মামলাও হয়েছে। সম্প্রতি প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ উচ্ছেদের নোটিশ দেওয়ায় তারা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।বক্তারা বলেন, উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা হলে তাদের জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এতে শতাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক মানুষ বেকার হয়ে পড়বেন।তারা আরও বলেন, পূর্বে যেসব ব্যক্তি ও পরিবার এই জায়গার দখল ও ব্যবহারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের নামে স্থায়ী বন্দোবস্ত প্রদান করে বিষয়টির স্থায়ী সমাধান করতে হবে। একই সঙ্গে জারি করা উচ্ছেদ আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।মানববন্ধনে বক্তারা বলেন, তাদের দাবি যৌক্তিক এবং তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। দ্রুত দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, দোকান মালিক, ভুক্তভোগী পরিবার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।শেষে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান এবং উচ্ছেদ আদেশ প্রত্যাহার করে পূর্বের মালিকদের নামে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার জোর দাবি জানান।

জুলাই ০৪, ২০২৬

জাপানের দেওয়া ৫ আধুনিক পেট্রোল বোট যুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনীর বহরে

ইরফানুল হক, চট্টগ্রাম দেশের সামুদ্রিক নিরাপত্তা, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে জাপানের দেওয়া ৫টি আধুনিক উচ্চগতির পেট্রোল বোট।বৃহস্পতিবার চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে জাপানের ওএসএ কর্মসূচির আওতায় বোটগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি। এছাড়াও জাপানের প্রতিনিধি দল, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ২০২৩ সালের নভেম্বরে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এই পাঁচটি পেট্রোল বোট সংগ্রহ করা হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বোটগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরে জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নৌবাহিনীর সদস্যদের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রতিটি বোটের দৈর্ঘ্য ১৬ দশমিক ১৫ মিটার এবং সর্বোচ্চ ঘণ্টায় ৩২ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। কম গভীরতার নদী, মোহনা ও উপকূলীয় সংকীর্ণ নৌপথে অভিযান পরিচালনার উপযোগী এসব বোট টহল, নজরদারি, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।নৌবাহিনীর কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে শুধু সামুদ্রিক নিরাপত্তাই নয়, বাংলাদেশ ও জাপানের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্বও আরও শক্তিশালী হবে।/টি

জুলাই ০২, ২০২৬

ঢাকার পার্ক ও মাঠ ব্যবস্থাপনায় এলাকাবাসীর সম্পৃক্ততা নিশ্চিতের দাবি

ঢাকার মোট ১২৯ টি ওয়ার্ডের মধ্যে ঢাকা উত্তরে ১০টি ও ঢাকা দক্ষিণের ৩১টি ওয়ার্ডে নেই কোনো পার্ক ও খেলার মাঠ।  অপরিকল্পিত নগরায়ন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ঢাকার উন্মুক্ত স্থানগুলো দখলে আর দূষণে ক্রমেই সংকুচিত হয়ে আসছে। এ অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাঠ-পার্ক রক্ষা এবং যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিতে এলাকাবাসীকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সকালে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট আয়োজিত ‘ঢাকার পার্ক ও খেলার মাঠ : নাগরিক প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ আহবান জানান  বক্তারা।ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সহকারি প্রকল্প কর্মকর্তা মো: মিঠুন এর সঞ্চালনায় এবং সংস্থার পরিচালক গাউস পিয়ারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বারসিক এর এ্যাগ্রো-বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ এন্ড ফুড সিকিউরিটি প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর হোসেন, পরিবেশবাদী ছাত্র-যুব সংগঠন গ্রীন ভয়েস এর সংগঠক ও সহ-সমন্বয়ক  হুমায়ুন কবির সুমন, প্রাণ-প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির ইবনুল সাঈদ রানা এবং তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলন এর সমন্বয়ক উন্নয়ন কর্মী সৈয়দা রত্না।মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, মাঠ-পার্কগুলো উন্নয়নের ক্ষেত্রে ব্যয়বহুল নকশা প্রণয়ন থেকে বিরত থেকে দেশীয় প্রযুক্তি ব্যবহার করা হলে খরচ অনেকটা কমে আসবে এবং রক্ষণাবেক্ষণও অনেক সহজ হবে| আমাদের নগরে মাঠ-পার্কের সংখ্যা যথেষ্ট অপ্রতুল| এ অবস্থায় দখলকৃত মাঠ-পার্ক ও বিশদ অঞ্চল পরিকল্পনায় গণপরিসর হিসেবে চিহ্নিত সকল স্থান পুনরুদ্ধার ও সংস্কারের পাশাপাশি রাজউক, গণপূর্ত ও সিটি করপোরেশনের মধ্যে বিদ্যমান সমš^য়হীনতা দূর করতে পার্ক ও মাঠের ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট সরকারি প্রতিষ্ঠানের অধীনে আনা আবশ্যক।হুমায়ুন কবির সুমন বলেন, রাজধানীর বিভিন্ন পার্ক-মাঠ উন্নয়নের নামে দীর্ঘদিন বন্ধ রাখা হয়| এরপর জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও তা বিভিন্ন ক্লাব বা স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে যায়| একাডেমীগুলো টাকার বিনিময়ে খেলাধূলা করলেও সাধারণ জনগণের প্রবেশ বাধাপ্রাপ্ত হয়| অনতিবিলম্বে সকল মাঠ-পার্ক নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেয়ার দাবি জানাই| হাইকোর্ট এ বছরের শুরুতেই ঢাকা শহরের সকল মাঠ-পার্কের তালিকা ˆতরি, বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, এবং সকলের প্রবেশগম্যতা নিশ্চিতের নির্দেশনা প্রদান করেছে| আমাদের প্রত্যাশা এর মাধ্যমে নাগরিকরা উপকৃত হবেন।ইবনুল সাঈদ রানা বলেন মহানগরী, বাংলাদেশে শক্তিশালী আইন থাকা সত্ত্বেও এর বাস্তবায়ন ও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরা গণপরিসরের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন| প্রতিটি পার্ক-মাঠের বর্তমান নকশা 'মহানগরী, বিভাগীয় শহর ও জেলা শহরের পৌর এলাকাসহ দেশের সকল পৌর এলাকার খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০', পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ও বিধিমালার (২০২৩) এর সাথে সঙ্গতিপূর্ণ কি না, তা যাচাইয়ের জন্য একটি উচ্চপর্যায়ের টেকনিক্যাল কমিটি গঠন করে নিয়মিত সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে হবে.ˆসয়দা রত্না বলেন, উন্নয়ন কাজে এলাকাবাসীর সম্পৃক্ততা না থাকায় তাদের চাহিদার প্রতিফলন মাঠ-পার্কে থাকছে না| সকল বয়স, লিঙ্গ ও সামর্থ্যরে মানুষের প্রয়োজনীয়তা বিবেচনায় মাঠ-পার্কের নকশা প্রণয়ন ও বাস্তবায়ন করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মাঠে প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সভাপতির বক্তব্যে গাউস পিয়ারী বলেন, আমাদের নগর পরিকল্পনায় শিশু, প্রতিবন্ধী ব্যক্তি বা নারীদের চাহিদার প্রয়োজনীয়তা বিবেচনায় নেয়া হয় না| আমরা শিশুদের শারীরিক মানসিক বিকাশকে গুরুত্ব দিচ্ছি না বরং খেলার মাঠগুলোকে বাণিজ্যিকীকরণ করছি| বয়োবৃদ্ধরাও ঘরে আটকে থেকে বন্দি জীবন যাপনে বাধ্য হচ্ছেন| একটি অন্তর্ভুক্তিমূলক শহর গড়ে তুলতে আমাদের সচেষ্ট হতে হবে.কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জ্বল, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মান্নান মনির, ধানমন্ডি কচিকন্ঠ হাই স্কুলের প্রধান শিক্ষক এইচ এম নুরুল ইসলাম, রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: তাহাজ্জাত হোসেন, বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস প্রমুখ।/টি 

জুন ৩০, ২০২৬

রাজধানীতে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস পালিত

“শুনলে বজ্রধ্বনি, ঘরে যাই তখনই” - এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো সফলভাবে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস ২০২৬ পালন করেছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস), ইউনিসেফ, ব্র্যাক এবং সেভ দ্য চিলড্রেনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বজ্রপাতের ঝুঁকি হ্রাসে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. সাইদুর রহমান খান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন।সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার জাভেদ মিয়ানদাদ জিএফএফও-সমর্থিত প্রকল্পসমূহের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা তুলে ধরেন। পরবর্তীতে রাইমসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ফকরুল আরেফিন রাইমস-ইউনিসেফ সহযোগিতার আওতায় পরিচালিত বিদ্যমান কার্যক্রমসমূহ উপস্থাপন করেন।“মাঠের কণ্ঠস্বর” শীর্ষক প্যানেল আলোচনা সঞ্চালনা করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান। প্যানেলে সুনামগঞ্জ হতে আগত বজ্রপাতে আহত কৃষক, শিক্ষক, শিক্ষার্থী এবং নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন।কারিগরি অধিবেশনে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ এস. এম. কামরুল হাসান বজ্রপাত সতর্কীকরণ ব্যবস্থা এবং বিদ্যমান প্রচার পদ্ধতির ওপর একটি সামগ্রিক উপস্থাপনা প্রদান করেন। তিনি জানান, রাইমসের কারিগরি সহায়তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ২০২৫ সালের ১ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে বজ্রপাতের সতর্কবার্তা প্রচার শুরু করেছে। এই ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এক থেকে ছয় ঘণ্টা আগে বজ্রপাতের সতর্কবার্তা ও করণীয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।এরপর রাইমসের আবহাওয়া বিশেষজ্ঞ খান মো. গোলাম রাব্বানী বজ্রপাত সংক্রান্ত প্রচলিত ভুল ধারণাগুলো নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, বজ্রপাতে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত সিপিআর প্রদান করা হলে অধিকাংশ ক্ষেত্রে জীবন রক্ষা করা সম্ভব।সমাপনী পর্বে প্রাণিসম্পদ অধিদপ্তরের খামার বিভাগের উপপরিচালক মো. শরীফুল হক বিশেষ বক্তব্য প্রদান করেন। এরপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. জামাল উদ্দিন কৃষি আবহাওয়া সংক্রান্ত তথ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. সাইদুর রহমান খান তাঁর বক্তব্যে আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস জাতীয় পর্যায়ে পালনের ক্ষেত্রে সরকারের আগ্রহ প্রকাশ করেন। তিনি জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর সুরক্ষা অবকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

জুন ২৮, ২০২৬

মাস্তুল ফাউন্ডেশনের যুব শাখা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ভিএসএফ

দেশের তরুণদের সংগঠিত করে মানবিক সেবা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মাস্তুল ফাউন্ডেশনের যুব শাখা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ভলান্টিয়ার সোশ্যাল ফোর্স (ভিএসএফ)।এ উপলক্ষে গত ২০ জুন ২০২৬ (শনিবার) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভিএসএফ স্বেচ্ছাসেবী সম্মেলন–২০২৬। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।সম্মেলনে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, তরুণদের মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং দেশব্যাপী একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় অংশগ্রহণকারীদের নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ভিএসএফের ঢাকা জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ সোহেলকে আহ্বায়ক এবং আশরাফুলকে সদস্য সচিব মনোনীত করা হয়। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব জেলায় কমিটি গঠনের মাধ্যমে ভিএসএফের কার্যক্রম সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।ভলান্টিয়ার সোশ্যাল ফোর্সের মাধ্যমে জরুরি সাড়া প্রদানকারী দল পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, প্যারেড ও কুচকাওয়াজ, বুট ক্যাম্প পরিচালনা এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে একটি দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও কেআরএবি গ্রুপের চেয়ারম্যান কাজী রিয়াজ রহমান বলেন, “মহান আল্লাহ তাআলার ওপর পূর্ণ আস্থা রেখে আমরা এই যাত্রা শুরু করছি। তিনি যেন আমাদের সকল কল্যাণকর ইচ্ছা ও মানবিক উদ্যোগ কবুল করেন। আমার স্বেচ্ছাসেবার পথচলা শুরু হয়েছিল কলেজ জীবন থেকেই। সেই অভিজ্ঞতা থেকেই আমি বিশ্বাস করি, একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণরা। ভলান্টিয়ার সোশ্যাল ফোর্স (ভিএসএফ) শুধু একটি সংগঠন নয়, এটি মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের একটি প্ল্যাটফর্ম। আমি আশা করি, দেশের তরুণরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ,মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও কেআরএবি গ্রুপের চেয়ারম্যান কাজী রিয়াজ রহমান, সাবেক সিনিয়র সচিব মো. এম. এ. আকমল হোসেন আজাদ, আবু মো. কামরুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান, অ্যাকশনএইড বাংলাদেশের যুব, সহনশীলতা ও জলবায়ু বিভাগের প্রধান নাজমুল আহসান এবং মিনারাত গ্রুপের পরিচালক রায়হান রহমান। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠক ও বিশিষ্ট অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আয়োজকদের ভাষ্য, ভলান্টিয়ার সোশ্যাল ফোর্স (ভিএসএফ) দেশের তরুণদের জন্য একটি সুসংগঠিত মানবিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। দুর্যোগ মোকাবিলা, জরুরি সাড়া প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে দেশব্যাপী একটি দক্ষ, দায়িত্বশীল ও মানবিক স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।/টি

জুন ২৮, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo