logo
youtube logotwitter logofacebook logo

ফিফা

শীর্ষে থেকেই কোপা লড়বে আর্জেন্টিনা - image

শীর্ষে থেকেই কোপা লড়বে আর্জেন্টিনা

01 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিশ্ব র‌্যাংকিংয়ে র্শীষ স্থান ধরে রেখেই কোপা মিশন শুরু করবে আর্জেন্টিনা। ওদিকে তিন ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ নম্বরে। সর্বশেষ প্রকাশিত ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩ । ফিফার প্রকাশিত র‌্যাংকিংয়ের দুয়ে রয়েছেন বেলজিয়াম । আর এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছে কলম্বিয়া । আর চারে রয়েছেন বিশ্ব-চ্যাম্পিয়ন জার্মানি। দুই ধাপ পিছিয়ে ৫ কোপা আমেরিকার জয়ী চিলি। আগের ছয় নম্বর অবস্থানেই ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। এদিকে দশ রেটিং পয়েন্ট পিছিয়ে সাতে নেইমারের ব্রাজিল। অন্যদিকে ইউরোর এবারের আসরের আয়োজক ফ্রান্স তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছে। মোট ৪৯টি ম্যাচ বিবেচনায় নিয়ে র‌্যাংকিংয়ের জুন মাসের এডিশন প্রকাশ করেছে ফিফা। এর মধ্যে ৪৫টিই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আর কোপা আমেরিকার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে এবারের আসর বসছে । এদিকে, ফ্রান্সের মাটিতে আগামী ১০ জুন উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর্দা উঠবে।

জুন ০১, ২০১৬
বিশ্বকাপের ট্রফি দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী - image

বিশ্বকাপের ট্রফি দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

22 জুন 2022, বিকাল 6:00

কাতার বিশ্বকাপ উপলক্ষে বিশ্বব্যাপী ট্রফি ভ্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। বুধবার (৮ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ ভবনের লবিতে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ বরণ উপলক্ষে আগত প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি তার পরিবারের সদস্যদের খেলাধুলায় বিশেষ করে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততার ওপর স্মৃতিচারণ করেন। তিনি উল্লেখ করেন তার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভাইয়েরা, সন্তানরা এমনকি নাতি-নাতনিরাও অত্যন্ত ক্রীড়ামোদী এবং ক্রীড়াবিদ ছিলেন। বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির আগমনে ফিফা, কোকাকোলা এবং বাফুফে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন ফিফা ট্রফির বাংলাদেশ ভ্রমণের ফলে দেশের ক্রীড়াপ্রেমীরা বিশেষ করে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে। তিনি বলেন, ‘ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমরা আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছি।’ সবশেষে ফিফা এবং কোকাকোলার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে উপহার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব (সিনিয়র সচিব) খন্দকার আনোয়ারুল ইসলাম,  যুব ও ক্রীড়া সাচিব মেজবাহ উদ্দিন, বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ. সালাউদ্দীন, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ ফিফা, কোকাকোলা এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাতার বিশ্বকাপ সামনে রেখে গত ১২ মে দুবাই থেকে কোকাকোলার আয়োজনে ফিফা বিশ্বকাপ ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়। ৫৬টি দেশ ঘোরার পথে ফিফা বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষক কোকাকোলার উদ্যোগে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় বাংলাদেশে এসেছে ট্রফিটি। প্রায় ৯ বছর পর ফের ফুটবল বিশ্বকাপের ট্রফি এলো বাংলাদেশে। এর আগে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দু’দিনের জন্য বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ ট্রফি। তাই এ ট্রফি নিয়ে স্বাভাবিকের চেয়ে বাড়তি উত্তেজনা কাজ করছে ফুটবলপ্রেমীদের। বুধবার (৮ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় ট্রফিটি। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে প্রদর্শন করতে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয় ট্রফিটি। এ সময় ট্রফির সাথে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি প্রতিনিধি দল। বঙ্গভবনে ট্রফি প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের মিডফিল্ডার ক্রিস্টিয়ান লালি কারেম্বু ও কোকা-কোলা কোম্পানির ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সভাপতি শংকেট রায়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি সচিব, ক্রীড়া সচিব ও উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। রাষ্ট্রপতি এসময় বাংলাদেশে ট্রফি নিয়ে আসায় ফিফাসহ সংশ্লিষ্ট স কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এরকম উদ্যোগের ফলে ফলে খেলোয়াড়, সংগঠক ও সমর্থকরা ফুটবলের প্রতি আরো বেশি উৎসাহিত হবে এবং বাংলাদেশের ফুটবল আগামীতে আন্তর্জাতিক অঙ্গনে আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বাংলাদেশে প্রায় ৩৬ ঘণ্টা সফর শেষে বৃহস্পতিবার  দিবাগত  রাত ১২টা ১০ মিনিটে বিশ্বকাপ ট্রফি উড়াল দেবে পরবর্তী গন্তব্য পূর্ব তিমুরের উদ্দেশে। মঙ্গলবার (৭ জুন) পর্যন্ত ট্রফিটি ছিল পাকিস্তানে। ফিফার ৭ সদস্য (৮ জুন) রয়েছেন ট্রফির সাথে। এর মধ্যে ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের মিড ফিল্ডার ক্রিস্টিয়ান কারেম্বুও রয়েছেন। অতিথিদের বরণ করতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার (৯ জুন) অর্থাৎ দ্বিতীয় দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ট্রফিটি রাখা হবে হোটেল রেডিসনে। এ সময় ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন বাফুফের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা। পরে বিকেলে ট্রফি নিয়ে যাওয়া হবে বনানীর আর্মি স্টেডিয়ামে। সেখানে ট্রফি প্রদর্শনের সঙ্গে কনসার্ট অনুষ্ঠিত হবে। অবশ্য ক্যাম্পেইন থেকে টিকিট সংগ্রহ করা কোকাকোলার গ্রাহকরা বৃহস্পতিবার (৯ জুন) দুপুর আড়াইটার মধ্যে র‍্যাডিসন ব্লু হোটেলে গিয়েও বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। কনসার্ট শেষে রাতে ট্রফি আবার নিয়ে যাওয়া হবে র‍্যাডিসনে।

জুন ২২, ২০২২
বিশ্বকাপ খেলা হবে পাকিস্তানের তৈরি আল রিহলা বল দিয়ে - image

বিশ্বকাপ খেলা হবে পাকিস্তানের তৈরি আল রিহলা বল দিয়ে

22 জুন 2022, বিকাল 6:00

 বিশ্বকাপ শুরুর আর ৫ মাস বাকি নেই। এর অনেক আগেই ম্যাচবল, মাসকট উন্মোচন করে ফেলেছে আয়োজক কাতার। বিশ্বকাপে যে বল দিয়ে খেলা হবে, তার নাম আল রিহলা। সেই বলগুলো আবার তৈরি করেছে পাকিস্তান। সম্প্রতি সিয়ালকোট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এর জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ জোহাইব রফিক শেঠি জানিয়েছেন বিষয়টি। সিয়ালকোটে বানানো আল রিহলা ফুটবল দিয়েই খেলা হবে কাতারে অনুষ্ঠেয় ২০২২ ফিফা বিশ্বকাপে। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসসিসিআই নেতা বলেন, সিয়ালকোটভিত্তিক এক কারখানায় বানানো হয়েছে এই ফুটবলগুলো, যা আনুষ্ঠানিকভাবে ফিফা বিশ্বকাপে ব্যবহার করা হবে। তার মতে, এই কারণে বিশ্বজুড়ে পাকিস্তানের এই শহরের মর্যাদা বেড়ে যাবে বহুগুণে। রফিক জানান, ‘ফরোয়ার্ড স্পোর্টস’ নামক এই প্রতিষ্ঠান এই নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে ফুটবল সরবরাহ করতে যাচ্ছে। তিনি বলেন যে, বিশ্ব ক্রমেই পরিবেশ সচেতনতার দিকে ঝুঁকছে, এই বল বানানোর সময় খেয়াল রাখা হয়েছিল সেদিকেও। এই বল বানাতে ব্যবহার করা হয়েছে জৈব ও পুনর্ব্যবহৃত উপাদান ব্যবহার করা হয়েছে। এই বল বানাতে কোনো দ্রাবক রাসায়নিক ব্যবহার করা হয়নি, বরং পানি-ভিত্তিক রাসায়নিক ব্যবহার করা হয়েছে, যা পরিবেশ দূষিত করবে না। তিনি জানান, ২০ প্যানেল বিশিষ্ট এই বল বিশ্বের সেরা বল হিসেবে ঘোষিত হয়। ঐতিহ্যগতভাবে বিশ্বকাপের ফুটবল হাতে সেলাই করা হতো। তবে ২০১৪ সালের বিশ্বকাপে থার্মোস বাইন্ডিংয়ের বল ব্যবহার করা হয়। এরপর রাশিয়া বিশ্বকাপেও একই ধরনের বল ব্যবহার করা হয়। এবারের বিশ্বকাপ বলগুলোও একইভাবে তৈরি।

জুন ২২, ২০২২
নারী ফুটবলারদের স্বাস্থ্যকর ন্যাপকিন দিচ্ছে ফিফা - image

নারী ফুটবলারদের স্বাস্থ্যকর ন্যাপকিন দিচ্ছে ফিফা

25 জুন 2022, বিকাল 6:00

ছেলেদের ফুটবলে বাংলাদেশ পিছিয়ে থাকলেও মেয়েরা দুর্বার গতিতে ছুটে চলেছে। এই তো পরশুই প্রত্যাবর্তন ম্যাচে মালয়েশিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছেন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। নারী ফুটবলে দেশ এগিয়ে যাওয়ার পেছনে খেলোয়াড়ের সঠিক পরিচর্যা, দেখভাল ও মানসিক স্বাস্থ্যের ব্যাপারগুলো ওতপ্রোতভাবে জড়িত। গত বছর ইউনিসেফ ও বাফুফের যৌথ উদ্যোগে ‘প্রতিভা অন্বেষণ’ কর্মসূচির শুরু থেকেই মেয়ে ফুটবলারদের স্বাস্থ্যকর ন্যাপকিন (রক্তস্রাবের সময় ব্যবহৃত প্যাড) দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। এ ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল আফ্রিকার দেশ দক্ষিণ সুদান। এবার সেখানেও একই প্রকল্প চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত বছর দক্ষিণ সুদান সফর করেছিলেন ফিফার মহাসচিব ফাতমা সামৌরা। তখন রজঃস্রাবকালীন নারী ফুটবলারদের দুর্ভোগের চিত্র দেখেন সেনেগালের এই সাবেক কূটনীতিক। তাঁর উদ্যোগেই দক্ষিণ সুদান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ প্রকল্প চালু করল ফিফা। এখন থেকে নারী ফুটবলারদের রজঃস্রাবকালীন পরিচ্ছন্নতা, স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহার ও নিজের পরিচর্যা সম্পর্কে শেখানো হবে। এরই মধ্যে ফুটবলারদের বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করতে শুরু করেছে ফিফা। ফিফার ওয়েবসাইটে বলা হয়েছে, দক্ষিণ সুদানে ৭০ শতাংশ নারী ফুটবলার স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড বা ট্যাম্পুনের মতো পরিচ্ছন্নতার সামগ্রী হাতের কাছে পায় না। এতে করে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ও ফুটবল চর্চায় তারা নিয়মিত উপস্থিত থাকতে পারে না।  ফিফার এই প্রকল্পের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ ও দক্ষতা বাড়ানো এবং সঠিক স্বাস্থ্যশিক্ষা দেওয়া। এ ব্যাপারে দক্ষিণ সুদানের কোচ শিলিন বুইসেন বলেছেন, ‘রক্তস্রাব পরিচ্ছন্নতা নিয়ে এখানে ফিফার প্রকল্প সত্যিই অভাবনীয়। তাদের এমন উদ্যোগ সম্ভবত এটিই প্রথম। প্রকল্পটি মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। এটি তাদের চোখ খুলে দেওয়ার মতো।’ প্রকল্প বাস্তবায়ন হতে চলায় খুশি ফিফার নারী ফুটবল উন্নয়নের প্রধান আরিজানা ডেমিরোভিক। তিনি বলেছেন, ‘দক্ষিণ সুদানের নারী ফুটবলে যেন স্বাস্থ্যকর পরিবেশ থাকে, আমরা সেটি নিশ্চিত করেছি। এই প্রকল্পে আরও সাফল্য আসবে।’

জুন ২৫, ২০২২
কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন! - image

কাতার বিশ্বকাপের সূচিতে পরিবর্তন!

09 আগস্ট 2022, বিকাল 6:00

স্বাগতিক দলের ম্যাচ দিয়ে পর্দা উন্মোচিত হয় ফুটবল বিশ্বকাপের। ২০০৬ জার্মানি বিশ্বকাপ থেকে এই রীতি চলে আসছে। তবে ২০২২ বিশ্বকাপের সূচি অনুসারে উদ্বোধনী ম্যাচে খেলবে না স্বাগতিক কাতার। হোস্টদের প্রথম ম্যাচ খেলাতে একদিন এগিয়ে আসতে পারে আসন্ন ফুটবল মহাযজ্ঞ। খবরটি দিয়েছে আর্জেন্টাইন দৈনিক টিওআইসি স্পোর্টস ও দিয়ারিও ওলে। সূচি অনুসারে কাতার বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ২১শে নভেম্বর। সেদিন চারটি ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের দুই দল সেনেগাল-নেদারল্যান্ডস। স্থানীয় সময় দুপুর একটায় প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ খেলবে ‘বি’ গ্রুপের দু’দল সেনেগাল ও নেদারল্যান্ডস। তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের অন্য দু’দল ইংল্যান্ড ও ইরান। আর দিনের চতুর্থ ম্যাচটি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হওয়ার কথা রয়েছে ‘এ’ গ্রুপের মধ্যকার দু’দলের ম্যাচটি। দিয়ারিও ওলের প্রতিবেদনে বলা হয়, নতুন সূচিতে একদিন এগিয়ে ২০শে নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর পরিকল্পনা করা হচ্ছে। এরপর ২১শে নভেম্বর দ্বিতীয় দিন বেলা ১১টায় খেলবে নেদারল্যান্ডস-সেনেগাল। বিশ্বকাপের বাকি ম্যাচের সূচি অপরিবর্তিত রাখা হবে বলে জানিয়েছে দিয়ারিও ওলে। বিশ্বকাপ একদিন এগিয়ে আসার সম্ভাবনা জাগলেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ওলের প্রতিবেদনে বলা হয়, সূচি পরিবর্তন করতে হলে ফিফা কাউন্সিল ব্যুরোর ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ছয়টি মহাদেশীয় সংস্থার প্রধানকে নিয়ে ফিফা কাউন্সিল ব্যুরো গঠন করা হবে। ৬টি মহাদেশীয় সংস্থাগুলো হলোÑ উয়েফা, কনমেবল, কনকাকাফ, সিএএফ, এএফসি এবং ওএফসি।

আগস্ট ০৯, ২০২২
মরুর বুকে আজ ফুটবে ফুটবলের ফুল - image

মরুর বুকে আজ ফুটবে ফুটবলের ফুল

19 নভেম্বর 2022, বিকাল 6:00

চার বছরের প্রতীক্ষা, এক আসর শেষ হলেই পরের আসর কবে আসবে সেই অপেক্ষার শুরু। অবশেষে শেষ হচ্ছে সেই অপেক্ষার। আর মাত্র কয়েক মুহুর্ত পরেই কাতারের মাটিতে বসতে চলছে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপ, মরুর বুকে বল পায়ে ফুটবলের ফুল ফোটাবে ৩২টি দল। বছর, মাস, দিনের হিসেব শেষ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'র পর্দা উঠতে আর বাকি কয়েক ঘণ্টা। ৩২ টি দল লড়াইয়ে নামবে আরাধ্য এক সোনালি ট্রফির জন্য। ক্ষণগণনার পালা শেষ হওয়ার পরই মরুর বুকে বেজে উঠবে বিশ্বকাপের বাঁশি। বিশ্বকাপের মহারণে মাঠে  ঝাপিয়ে পড়বে মেসি, রোনালদো, নেইমাররা। তারকাদের মাঠের খেলার সঙ্গে ফুটবলের উন্মাদনায় মেতে উঠবে সমগ্র বিশ্ব। বিশ্বযজ্ঞের বাঁশি বাজার আগে সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কাতার আর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপে আয়োজনটাও করা হচ্ছে সেভাবে চিরস্মরণীয় করে রাখার জন্যই। ফুটবল বিশ্বকাপ সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে । প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল লাতিন আমেরিকার দেশ উরুগুয়ে। এরপর থেকে প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হচ্ছে ফুটবলের এ বিশ্বযুদ্ধ। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার ফুটবল বিশ্বকাপ শিরোপা জয় করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। পাঁচবার বিশ্বসেরার ট্রফি নিজেদের ঘরে তুলেছে সেলেসাওরা। এছাড়া চারবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে জার্মানি এবং ইতালি। আজ থেকে এক যুগ আগে ২০১০ সালে ২০২২ বিশ্বকাপ আয়োজক হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের নাম ঘোষনা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার কাতারের নাম ঘোষনা করতে গিয়ে বেশ গর্ববোধ করেই বলেছিলেন প্রথম কোন আরব দেশ হিসেবে কাতারের বিশ্বকাপ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দুর্নীতির দায়ে শেষ পর্যন্ত ফিফার সভাপতি পদে সবচেয়ে লম্বা সময় ধরে ক্ষমতা আকড়ে ধরে থাকা ব্ল্যাটার তার পদ হারানোর পাশাপাশি ফুটবল থেকে আজীবন নিষিদ্ধ হয়েছেন। কিন্তু সেই দুর্নীতিগ্রস্থ ব্ল্যাটারই সুর বদলে কাতার বিশ্বকাপের প্রাক্কালে বলেছেন ঐ সময় আয়োজক হিসেবে কাতারকে বেছে নেওয়া সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত ছিল। বিশ্বকাপ ফুটবল শুধু নয়, বিশ্বের যেকোন বড় ক্রীড়াযজ্ঞ আয়োজন করতে গেলে বিতর্ক থাকবেই। কাতারও তার উর্ধ্বে নয়। কিন্তু বল মাঠে গড়ানোর আগেই কাতারকে ঘিরে মাঠের বাইরের কিছু  বিষয় নিয়ে যেভাবে সমালোচনা হয়েছে তাতে জল কম ঘোলা হয়নি। বিশেষ করে বিশ্বকাপকে সামনে রেখে ভেন্যুগুলোর অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় আয়োজকদের প্রায় পুরোটাই অভিবাসী শ্রমিদের উপর নির্ভর করতে হয়েছিল। এই অভিবাসী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে দাবী করে পশ্চিমা দেশগুলো বলেছে তাদেরকে নায্য পাওনা দেওয়া হয়নি। পরবর্তীতে অংশগ্রহণকারী ইউরোপীয়ান দেশগুলোও এর সাথে সুর মিলিয়ে কথা বলতে শুরু করে। কিন্তু সব সমালোচনার জবাব হয়তো কখনো কখনো  প্রমাণ করা যায়, কিছু আবার যায়না। কাতারের মতো তেল সমৃদ্ধ একটি ধনী দেশের জন্য বিশ্বকাপ আয়োজনে অর্থের কোন অভাব হয়নি। বিশ্বকাপের স্বত্ব পাবার পর থেকেই পুরো কাতার জুড়ে আটটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। নির্মাণকৃত স্টেডিয়ামগুলোর মধ্যে সবচেয়ে বড় লুসাইল আইকনিক স্টেডিয়াম। দোহার ১৫ কিলোমিটার উত্তরে দুই লাখ জনসংখ্যার পরিকল্পিত একটি শহর লুসাইল। সেখানেই গড়ে তোলা হয়েছে ৮০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন লুসাইল স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। আজ কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে আল-খোরের আল-বায়াত স্টেডিয়ামে। এছাড়া অন্যান্য ভেন্যুগুলো হলো- এডুকেশন সিটি স্টেডিয়াম, আহমাদ বিন আলি স্টেডিয়াম, খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল থুমামা স্টেডিয়াম, স্টেডিয়াম ৯৭৪ এবং আল-জানুব স্টেডিয়াম। কাতারের প্রচন্ড গরমের কথা বিবেচনা করে প্রথমবারের মত জুন-জুলাই থেকে সরিয়ে টুর্নামেন্ট নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হচ্ছে। একইসঙ্গে টুর্নামেন্টে পরিধি কমিয়ে এনে ২৯ দিনে শেষ করা হচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর কাতারের জাতীয় দিবসে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের মধ্যে ২৪টি দেশই চার বছর আগে রাশিয়ায় খেলেছে। ১৯৩৪ সালে ইতালির পর আয়োজক দেশ হিসেবে একমাত্র কাতার প্রথমবারের মত বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। নেদারল্যান্ড, ইকুয়েডর, ঘানা ও ক্যামেরুন রাশিয়ায় খেলতে ব্যর্থ হওয়ার পর আবারও বিশ্বমঞ্চে ফিরেছে। ১৯৮৬ সালে একমাত্র বিশ্বকাপ খেলা কানাডা ৩৬ বছর পর ফিরেছে বিশ্বজয়ের ময়দানে। অন্যদিকে ইউরোপীয়ান দল হিসেবে ১৯৫৮ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছে ওয়েলস। ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ দলের মধ্যে একমাত্র বাদ পড়েছে ষষ্ঠ স্থানে থাকা ইতালি। এনিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলো আজ্জুররিা। সর্বনিম্ন ৬১তম র‍্যাংক থেকে মাঠে নামবে ঘানা। এবারের বিশ্বকাপ পরিচালনার জন্য ৩৬ জন রেফারি, ৬৯ জন সহকারী রেফারি ও ২৪ জন ভিডিও এ্যাসিসটেন্ট রেফারির নাম ঘোষনা করেছে ফিফা। এই ৩৬জন রেফারির মধ্যে প্রথমবারের মত তিনজন নারী রেফারি ম্যাচ পরিচালনা করবেন বিশ্বকাপের আসরে। সব বিতর্ককে পাশ কাটিয়ে সময়মতই মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। ২০ নভেম্বর কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে মাসব্যপী ফুটবলের মহাযজ্ঞ। যেখানে পুরো বিশ্বের চোখ থাকবে তাদের প্রিয় দলের দিকে। ৩২টি দেশ আটটি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে প্রথম পর্বে। আজ থেকে আগামী ২৮ দিন ফুটবল উন্মাদনায় মাতিয়ে রাখবে সারা বিশ্বের ফুটবল প্রেমীদের। ২০ নভেম্বর-২ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের খেলা। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ৩-৬ ডিসেম্বর পর্যন্ত শেষ ষোলো এবং ৯-১০ ডিসেম্বর পর্যন্ত হবে কোয়ার্টার ফাইনালের খেলা। ১৩ ও ১৪ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। ১৮ ডিসেম্বর হবে বহুল প্রতিক্ষীত ফাইনাল। সব আয়োজন সম্পন্ন করে মরুভুমির দেশ কাতার এখন সেজেছে ফুটবলের রঙে। স্টেডিয়াম পাড়া থেকে শুরু করে কাতারের বিলাসবহুল শহর বা অলিগলি, সব জায়াগতে কান পাতলেই এখন যেন শোনা যায় ফুটবলের সুর। কাতারে পৌঁছে গেছে বিশ্বকাপের মহারণে নামা ৩২ দলের সবাই। মরুর বুকে এখন ফুটবলের ফুল ফোটানোর দায়িত্বটা মাঠের সৈনিকদের।

নভেম্বর ১৯, ২০২২
ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে শেষ ষোলোতে পর্তুগাল - image

ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে শেষ ষোলোতে পর্তুগাল

28 নভেম্বর 2022, বিকাল 6:00

কাতারের লুসাইল লোসার স্টেডিয়ামে গতকাল পর্তুগাল মাঠে নেমেছিল উরুগুয়ের বিপক্ষে।পুরো ম্যাচে মাত্র তিনটি অন টার্গেট শট নিতে পেরেছে রোনালদোরা।যার মধ্যে দুটি পেয়েছে জালের দেখা। দুটিই এসেছে দলের এট্যাকিং মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের পা থেকে।যদিও প্রথম গোলের মালিকানা নিয়ে হয়েছে বিস্তর জলগোলা।সেই ব্যাখ্যায় পরে আসা যাক। ২-০ ব্যবধানে পাওয়া এ জয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ফের্নান্দ সান্তোসের দল।আর দুই ম্যাচে থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে খাদের কিনারে সুয়ারেজর উরুগুয়ে। ম্যাচের শুরু থেকে এদিন আক্রমণে বেশি জোর দিয়েছে রোনালদো-পেপেরা।শুরুতে রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল উরুগুয়ে।তবে চাপ সামলে তারাও যায় আক্রমণে। ৩২তম মিনিটে পর্তুগালের এক ডিফেন্ডারদেরকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রদ্রিগো বেন্টাকুর।কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারেননি টটেনহ্যাম হটস্পারের এই মিডফিল্ডার।আক্রমণে পজিশনে এগিয়ে থাকলেও বিরতির আগে জালের দেখা পায়নি রোনালদোরা। বিরতির পর অবশ্য দ্রুতই গোলের দেখা পায়  সান্তোসের দল।তবে ৫৪ মিনিটে আসা সেই গোলের মালিকানা নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশার। বাঁ প্রান্ত থেকে ব্রুনো ফের্নান্দেসের দারুণ এক ক্রসে বল হাওয়ায় খানিকটা বাঁক বদল করে সরাসরি খুঁজে পায় জাল।তার আগে বলে হেডের দেওয়ার জন্য লাফ দিয়েছিলেন রোনালদো,তার বিশ্বাস ছিল তার মাথার ছুঁয়ে জালে জড়িয়েছেন বল।বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে করেন গোল উদযাপন।ফিফা প্রথমে গোলদাতা হিসেবে পর্তুগাল অধিনায়কের নাম জানালেও ব্যাপক বিশ্লেষণের পরে সিদ্ধান্ত পাল্টায়,গোলদাতা স্বীকৃতি পান ফের্নান্দেস। পিছিয়ে পড়ে একসঙ্গে জোড়া পরিবর্তন করেন উরুগুয়ে কোচ; দারউইন নুনেস ও এদিনসন কাভানিকে তুলে মাক্সিমিলিয়ানো গোমেস ও লুইস সুয়ারেজকে নামান। আমার পর সুয়ারেজ বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিলেন।তবে সফল হননি।উল্টো যোগ করা সময়ে আরেক গোল হজম করে ছিটকে যায় ম্যাচ থেকে। ডি-বক্সে ডিফেন্ডার হোসে হিমেনেসের হ্যান্ডবল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। বিতর্কিত সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি উরুগুয়ে।রেফারির সাথে বেশ কিছু মুহূর্ত করেছে বিফল বাদানুবাদ।স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ফের্নান্দেস। শেষ দিকে গোল পোস্ট বাধ না সাধলে ইউনাইটেডের এই তারকা মিডফিল্ডার পেতে পারতেন হ্যাট্রিকও। 'এইচ' গ্রুপে পর্তুগাল যে গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে সেটি প্রায় নিশ্চিত। দ্বিতীয় দল হয়ে পরের ধাপে যাওয়ার লড়াইয়ে আছে বাকি তিন দল। শেষ রাউন্ডে উরুগুয়ের শুধু ঘানার বিপক্ষে জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে যেন অন্য ম্যাচের ফলাফল পক্ষে আসে।

নভেম্বর ২৮, ২০২২
বিশ্বকাপে আর থাকছেন না সেই রেফারি - image

বিশ্বকাপে আর থাকছেন না সেই রেফারি

11 ডিসেম্বর 2022, বিকাল 6:00

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে কার্ড দেখানোর খেলায় মেতেছিলেন রেফারি আন্তোনিও মাতেউ লাহোজ। লাহোজের বিতর্কিত রেফারিং নিয়ে সমালোচনা যেন থামার নাম নিচ্ছিল না। অবশেষে স্প্যানিশ এই রেফারি আর থাকছেন না এবারের বিশ্বকাপে। কাতার বিশ্বকাপে লাহোজের না থাকার বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম কোপ। তারা জানিয়েছে, মাতেও লাহোজ আর বিশ্বকাপের কোনো ম্যাচের রেফারির দায়িত্বে থাকবেন না। তিনি কাতার ছেড়েছেন। লুসাইলে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছিলেন লাহোজ। যা বিশ্বকাপ ইতিহাসে হলুদ কার্ড দেখানোয় সর্বোচ্চ। যার মধ্যে ছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ ওয়াল্টার সামুয়েল এবং কোচ লিওনেল স্কালোনি। পেনাল্টি শ্যুটআউটের সময়ও কার্ড বের করেছিলেন লাহোজ। আর্জেন্টাইন ফুটবলাররা তুমুল সমালোচনায় মেতেছিলেন। লিওনেল মেসি বলেছিলেন, ‘সবাই দেখেছে কী হয়েছে। ফিফার এ ব্যাপারে ভেবে দেখা উচিত। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারি তারা রাখতে পারে না ‘এমিলিয়ানো মার্তিনেজ স্প্যানিশ এই রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আর্জেন্টাইন গোলরক্ষক বলেছিলেন, রেফারি সবকিছু তাদের (নেদারল্যান্ডস) পক্ষে দিচ্ছিলেন। তাদেরই গোল করতে দিতে চেয়েছিলেন। তিনি ব্যর্থ রেফারি। তাঁর মতো রেফারি আমরা আর চাই না। মঙ্গলবার লুসাইলে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া এবং বুধবার আল-বায়েত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-মরক্কো। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে আগামী শনিবার। ১৮ ডিসেম্বর লুসাইলে হবে ২২ তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

ডিসেম্বর ১১, ২০২২
সোহাগ নিষিদ্ধ, জরুরি সভাও বাতিল - image

সোহাগ নিষিদ্ধ, জরুরি সভাও বাতিল

14 এপ্রিল 2023, বিকাল 6:00

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা ছিল আজ (১৫ এপ্রিল)। জরুরি সভার আলোচ্যসূচি ছিল নারী ফ্র্যাঞ্চাইজি লিগ। বিকেল সাড়ে ৩টায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে বাফুফে সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধের পর গতকাল রাতে সেই সভা বাতিল করা হয়েছে। এই সভা বাতিল হওয়ার পেছনে সোহাগের ফিফা থেকে বহিষ্কারাদেশই একমাত্র কারণ বলে জানা গেছে। ফিফা থেকে সিদ্ধান্ত আসার পরই টালমাটাল হয়ে উঠেছে ফুটবলাঙ্গন। যার রেশ ধরেই নারী ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ নিয়ে আহ্বান করা জরুরি সভা বাতিল করা হয়েছে। এদিকে, জরুরি সভা বাতিল হওয়ায় ফেডারেশনের অনেক কর্মকর্তাও নাখোশ। একাধিক সদস্য জানিয়েছেন, ‘সভাপতির আজকেই জরুরি সভা করা উচিত ছিল। প্রয়োজনে নারী ফুটবলের বদলে সাধারণ সম্পাদকের বিষয়ে সভা হতে পারত। আজকের সভা বাতিল করা ঠিক হয়নি।’ সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ফিফা থেকে নিষিদ্ধ হওয়ায় বাফুফে বড় সমস্যায় পড়েছে। ফেডারেশনের পক্ষে তিনিই সবকিছু দেখাশোনা করতেন। এখন তাকে দায়িত্ব অব্যাহতি দিয়ে নতুন কাউকে খুজতে হবে ফেডারেশনকে। জানা গেছে, ঈদের আগেই ফেডারেশনের সাধারণ নির্বাহী সভা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এপ্রিল ১৪, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo