
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয় এবং ডেমোক্র্যাটদের জয়ের পর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্তরসূরি হওয়ার দৌড়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দুই দলের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। এখনো কেউ আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা না করলেও রিপাবলিকান শিবিরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ডেমোক্র্যাট শিবিরে সিনেটর জন অসফ ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের নাম আলোচনায় রয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় সাফল্য দলটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। জর্জিয়ার সিনেটর জন অসফ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে বড় ব্যবধানে জয় পেয়েছেন। পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরোও নিজ রাজ্যে উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হয়েছেন। এ ছাড়া ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎজকার এবং নিউইয়র্কের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
তবে ডেমোক্র্যাটদের সামনে বড় চ্যালেঞ্জ হলো দলের মধ্যপন্থী ও বামপন্থী অংশের মধ্যে ঐক্য ধরে রাখা। মধ্যবর্তী নির্বাচনে দুই পক্ষই নিজেদের কৌশলের সাফল্য দাবি করেছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান ও অর্থনীতিকে গুরুত্ব দিয়ে প্রচারণার প্রস্তুতি নিতে চায় দলটির নেতারা। বিশ্লেষকদের মতে, দলের মনোনয়ন পেতে প্রার্থীদের এসব বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।
অন্যদিকে রিপাবলিকান শিবিরে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে মধ্যবর্তী নির্বাচনে দলের বড় পরাজয়ের পর তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। এ পরিস্থিতিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিনেটর টেড ক্রুজ ও ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের নামও সামনে আসছে। ট্রাম্প প্রশাসনের নীতি, বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষ রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের অন্যতম কারণ হিসেবে আলোচনায় এসেছে।
২০২৮ সালের নির্বাচনে হিস্পানিক ও দোদুল্যমান ভোটারদের সমর্থন দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মধ্যবর্তী নির্বাচনে শ্রমজীবী ও লাতিনো ভোটারদের একটি অংশের সমর্থন হারিয়েছে রিপাবলিকানরা। অভিবাসননীতি নিয়েও দলটির প্রতি অসন্তোষ তৈরি হয়েছে। ফলে আগামী দুই বছরে দুই দল কীভাবে ভোটারদের আস্থা ফেরায় এবং সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করেন, তার ওপরই অনেকটা নির্ভর করবে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রাজনৈতিক সমীকরণ।
টি/