
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে বিমানটি রুশ সামরিক বাহিনীর আন্তোনভ এএন-১২ মডেলের বলে শনাক্ত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
কেমেরোভো প্রদেশের গভর্নর ইলিয়া সেরেদিউক রুশ দৈনিক দ্য মস্কো টাইমসকে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভা গ্রামের একটি জনমানবহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ শুরু করেছে। পাশাপাশি জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে জ্বালানি লিক হয়ে আগুন ধরে যায়। এতে বিমানটির নিয়ন্ত্রণ ব্যবস্থা অকেজো হয়ে পড়লে সেটি মাটিতে আছড়ে পড়ে। রুশ সংবাদমাধ্যম বাজা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, জ্বালানি লিক, ইঞ্জিনে আগুন এবং হাইড্রোলিক সিস্টেম বিকল হয়ে যাওয়াই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিমানটি বিধ্বস্ত হওয়ার সিসিটিভি ফুটেজ। এতে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচের দিকে পড়ে যেতে এবং পরে বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে উঠতে দেখা যায়। বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স ঘটনাস্থলের দৃশ্যপট বিশ্লেষণ করে স্যাটেলাইট চিত্রের সঙ্গেও এর মিল পেয়েছে। তবে বিমানটিতে কোনো পণ্য বা সামরিক সরঞ্জাম ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, রুশ সামরিক বাহিনীতে আন্তোনভ এএন-১২ সিরিজের বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানেও এসব বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ১৭ জন আরোহীর প্রাণহানির এই ঘটনায় বিমানটির কারিগরি ত্রুটি, রক্ষণাবেক্ষণ এবং দুর্ঘটনার পেছনের অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
টি/