
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সাগরে আবারও দানা বাঁধছে আতঙ্ক! তিন সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে তৈরি হলো আরও একটি ঘূর্ণিঝড় আকভান। যার অর্থ দৈত্য বা দানব। নামের মতোই শক্তি বাড়াচ্ছে ঝড়টি। দেশের চার সমুদ্রবন্দরে ইতিমধ্যেই জারি করা হয়েছে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। তবে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন এই দানব কি উপকূলে আঘাত হানবে, নাকি মোড় নেবে অন্যদিকে?
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠছে। ঝড়ের কেন্দ্রের কাছে সাগর এখন ভীষণ উত্তাল। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা, দেশের এই চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রাম বন্দর থেকে ঝড়টি এখন প্রায় ১ হাজার ৩০৫ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দূরে রয়েছে। যেকোনো দুর্ঘটনা এড়াতে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস।
তবে বাংলাদেশের মানুষের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার নাগাদ আকভান অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর শুক্রবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। সে সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৪৫ কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশে আঘাত হানার শঙ্কা অনেকটাই কম। তবে এর প্রভাবে দেশের উপকূলীয় ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।