
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে দ্রুত সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান
সড়ক দুর্ঘটনা বা রোডক্র্যাশে প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আঘাত কমাতে দ্রুত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধারক, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
রোববার (১৫ নভেম্বর) ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিক্টিমস’ বা বিশ্ব রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতিসীমা, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল সড়ক ব্যবহার এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ ও আইনি কাঠামো অত্যন্ত জরুরি।
তাদের মতে, রোডক্র্যাশ কেবল সড়ক বা পরিবহন খাতের সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও উন্নয়নের জন্যও একটি বড় চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রতিদিন গড়ে ৩ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়, অর্থাৎ প্রতি মিনিটে প্রাণ হারান প্রায় ২ জন। ৫ থেকে ২৯ বছর বয়সী শিশু ও তরুণদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ রোডক্র্যাশ। ভয়াবহ বিষয় হলো, বৈশ্বিক এসব মৃত্যুর ৯২ শতাংশই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে, যা উন্নত দেশের তুলনায় তিনগুণ এবং এর ফলে অধিকাংশ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ শতাংশ ক্ষতি হচ্ছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান। প্রবন্ধে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ২০২৩ সালের প্রতিবেদন উদ্ধৃত করে জানান, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৩ শতাংশ বেড়েছে, যেখানে নেপালে ২৫ শতাংশ এবং ভারতে ২ শতাংশ বেড়েছে। অন্যদিকে ইউরোপীয় অঞ্চলে এই সময়ে মৃত্যুর হার ৩৬ শতাংশ কমেছে। মূল প্রবন্ধে আরও জানানো হয়, ডব্লিউএইচও-এর তথ্যমতে বাংলাদেশে সড়কে মৃত্যুর সংখ্যা ২০১২ সালে ২১ হাজার ৩১৬ এবং ২০১৬ সালে ২৪ হাজার ৯৫৪ থেকে বেড়ে ২০২১ সালে ৩১ হাজার ৫৭৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, দেশে ২০২৩ সালে ৫ হাজার ৩০৫, ২০২৪ সালে ৫ হাজার ৪৮০ এবং ২০২৫ সালে ৫ হাজার ৪৮৭ জন সড়কে প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্যখাতে রোডক্র্যাশের ভয়াবহ প্রভাব তুলে ধরে মূল প্রবন্ধে ‘এস্টিমেটিং হসপিটাল বার্ডেন অব রোড ট্রাফিক ইনজুরিস ইন বাংলাদেশ-২০২৪’ গবেষণার তথ্য উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, দেশের হাসপাতালগুলোর মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশ রোডক্র্যাশে আহত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। একজন আহত রোগীকে গড়ে প্রায় ১৬ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। এ সময়ে সরকারি ব্যয় বাদে রোগীপ্রতি গড়ে ৩১ হাজার ৬৮৩ টাকা ব্যক্তিগত খরচ হয়—যার মধ্যে রোগ নির্ণয়, ওষুধ, অস্ত্রোপচার, শয্যা ভাড়া, যাতায়াত এবং রোগীর সঙ্গে থাকা ব্যক্তির খাবার ও আবাসনের ব্যয় অন্তর্ভুক্ত।
পরিস্থিতি মোকাবিলায় ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’-এর পাঁচটি স্তম্ভ—নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ যানবাহন, নিরাপদ গতিসীমা, নিরাপদ সড়ক ব্যবহারকারী এবং দুর্ঘটনা-পরবর্তী কার্যকর জরুরি সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। প্রবন্ধে উল্লেখ করা হয়, সিটবেল্ট ব্যবহার করলে সামনের আসনের যাত্রীদের মারাত্মক আঘাতের ঝুঁকি ৫০ শতাংশ এবং পেছনের আসনের যাত্রীদের ঝুঁকি ৭৫ শতাংশ পর্যন্ত কমে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ‘মোটরযান গতিসীমা নির্দেশিকা ২০২৪’ বাস্তবায়ন ও একটি কেন্দ্রীয় রোডক্র্যাশ ডাটা সিস্টেম গড়ে তোলার দাবি জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, রোডক্র্যাশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকার ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে। এ আইন কার্যকর হলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার, জরুরি চিকিৎসা নিশ্চিত এবং উদ্ধারকাজে এগিয়ে আসা ব্যক্তিদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে। তিনি পরিবহন শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ, সামাজিক সুরক্ষা এবং ক্ষতিগ্রস্তদের সরকারি ট্রাস্টি ফান্ডের সহায়তার তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রতিরোধযোগ্য মৃত্যু কমার পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর চাপও কমবে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান গত ২৩ অক্টোবর ফরিদপুরের মধুখালী-কানাইপুর সড়কে দুর্ঘটনায় নিহত সংস্থার তিন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকের (নূর মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রাব্বি হোসেন ও তামান্না তাবাসসুম ঐশী) কথা স্মরণ করে প্রতিটি দুর্ঘটনার যথাযথ তদন্ত ও দায় নির্ধারণের দাবি জানান।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিআরটিএ-এর পরিচালক (রোড সেফটি) মো. জিয়াউর রহমান।
বক্তারা জাতিসংঘের ‘সেকেন্ড ডিকেড অব অ্যাকশন ফর রোড সেফটি ২০২১-২০৩০’-এর লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সড়কে হতাহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, পরিবহন খাত ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান।