
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ছোটপর্দায় আবারও ফিরছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মিরাক্কেল’। নতুন আঙ্গিকে ও বড় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই শুরু হতে পারে হাসির এই আয়োজন।
উপস্থাপক মীর আফসার আলীর চটজলদি জবাব ও বুদ্ধিদীপ্ত সঞ্চালনায় একসময় দর্শকদের মাতিয়ে রেখেছিল ‘মিরাক্কেল’। অনুষ্ঠানটির হাত ধরে অনেক কৌতুকশিল্পী শোবিজ অঙ্গনে নিজেদের জায়গা করে নেন। তবে দীর্ঘ পাঁচ বছর ছোটপর্দায় অনুষ্ঠানটি না থাকায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল আক্ষেপ। সেই অপেক্ষার অবসান ঘটাতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মৌসুমের একটি প্রোমো প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
নতুন মৌসুমের ঘোষণা আসতেই শুরু হয়েছে আলোচনা। দেশের গণ্ডি পেরিয়ে সব বয়সের কমেডি শিল্পীদের অডিশনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রাথমিক বাছাইপর্ব শেষে শুরু হবে মূল প্রতিযোগিতা। সেখানে নির্বাচিত প্রতিযোগীরা নিজেদের কৌতুক পরিবেশনার মাধ্যমে দর্শক ও বিচারকদের মন জয় করার লড়াইয়ে নামবেন।
অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ফেব্রুয়ারিতেই পর্দায় ফিরবে ‘মিরাক্কেল’। তবে বিচারকের আসনে কারা থাকবেন, তা নিয়ে আলোচনা চলছে। দর্শকদের প্রত্যাশা, বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তকে আবারও বিচারকের আসনে দেখা যাবে। আগের মৌসুমের কয়েকজন জনপ্রিয় মুখ ও মেন্টরকেও যুক্ত করার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই বিচারক প্যানেল চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। দীর্ঘ বিরতির পর মীর আফসার আলীর সঞ্চালনা এবং প্রতিযোগীদের কৌতুকময় পরিবেশনা নিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে ‘মিরাক্কেল’। এখন দর্শকদের অপেক্ষা আগামী ফেব্রুয়ারির জন্য।
টি/