
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের পরবর্তী অভিনেতা হওয়ার দৌড়ে যুক্ত হয়েছেন হলিউড তারকা রবার্ট প্যাটিনসন। ‘দ্য ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতা নতুন ‘০০৭’ নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিয়ে স্ক্রিন টেস্ট দিয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দ্য হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ অক্টোবরের সপ্তাহান্তে জেমস বন্ড চরিত্রের জন্য অনুষ্ঠিত স্ক্রিন টেস্টে অংশ নেন ৪০ বছর বয়সী প্যাটিনসন।
নতুন বন্ড হওয়ার দৌড়ে প্যাটিনসনের পাশাপাশি রয়েছেন ক্যালাম টার্নার, জ্যাক লাউডেন ও জশ ও’কনর। সম্ভাব্য প্রার্থী হিসেবে অভিনেতা নিকোলাস হোল্টের নামও আলোচনায় এসেছে। তবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। প্যাটিনসনের নাম সামনে আসায় হলিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, নতুন বন্ড চরিত্রে তুলনামূলক কম পরিচিত কোনো অভিনেতাকে বেছে নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে প্যাটিনসন ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত তারকা এবং ডিসি স্টুডিওসের ব্যাটম্যান চরিত্রে অভিনয় করছেন।
নতুন জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করবেন খ্যাতিমান নির্মাতা ডেনিস ভিলনেভ। তার পরিচালনায় আসন্ন ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমায়ও অভিনয় করেছেন প্যাটিনসন, যা আগামী ১৮ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেমায় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুজনের জন্য ইতিবাচক ছিল। এ ছাড়া ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে গুপ্তচরবৃত্তি ও অ্যাকশনধর্মী গল্পে নিজের অভিনয়দক্ষতা তুলে ধরেছেন প্যাটিনসন। বর্তমানে লন্ডনে ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সিনেমার শুটিং করছেন তিনি।
এদিকে জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিতেও আসছে বড় পরিবর্তন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ব্রকলি পরিবারের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজিটির সৃজনশীল নিয়ন্ত্রণের অধিকার নেয় অ্যামাজন। প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে নির্মিত হতে যাচ্ছে নতুন বন্ড সিনেমা। ছবিটির প্রযোজনায় রয়েছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। ফলে নতুন সিনেমার পাশাপাশি বন্ড চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়েও দর্শকদের আগ্রহ বাড়ছে।
এর আগে ২০০৫ সালে জেমস বন্ড চরিত্রে নির্বাচিত হয়েছিলেন ড্যানিয়েল ক্রেগ। টানা পাঁচটি সিনেমায় ব্রিটিশ গোয়েন্দার ভূমিকায় অভিনয়ের পর ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ দিয়ে বিদায় নেন তিনি। ক্রেগ অভিনীত ২০১২ সালের ‘স্কাইফল’ বিশ্বজুড়ে ১০০ কোটি ডলারের বেশি আয় করে বন্ড ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ আয়কারী সিনেমার স্বীকৃতি পায়। তার বিদায়ের পর থেকেই নতুন বন্ড কে হচ্ছেন, তা নিয়ে জল্পনা চলছে। তবে স্ক্রিন টেস্ট দিলেও প্যাটিনসন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, এমন কোনো ঘোষণা এখনো আসেনি। অ্যামাজন কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
টি/