
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েলের ক্ষমতা দখলের লড়াই ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী গাদি আইজেনকোট বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আরব সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বর্ণবাদী আচরণ ও বিদ্বেষমূলক প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নেতানিয়াহু ও তাঁর সহযোগীরা আরব জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইজেনকোট বলেন, ইসরায়েলের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি আরব নাগরিক দেশটির সমাজ ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। অথচ রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে এই জনগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণাত্মক ও বর্ণবাদী প্রচারণা চালানো হচ্ছে। একটি পুরো সম্প্রদায়কে এভাবে অপমান ও কোণঠাসা করাকে তিনি নাগরিক দায়িত্ববোধের পরিপন্থী বলে উল্লেখ করেন।
গত মাসের সংসদ নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ রা’আম ও জয়েন্ট লিস্ট—এই দুটি দল মিলে ১২০ আসনের পার্লামেন্টে ১৯টি আসন পেয়েছে। বর্তমানে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আমন্ত্রণে নতুন সরকার গঠনের চেষ্টা করছেন আইজেনকোট। এ ক্ষেত্রে আরব দলগুলোর সমর্থনও তাঁর পক্ষে রয়েছে। তবে তাঁর ডানপন্থী মিত্র আভিগদর লিবারম্যান জানিয়েছেন, নতুন সরকারে আরব ইসরায়েলিদের কোনো ভূমিকা থাকলে তিনি জোট ছেড়ে বেরিয়ে যাবেন।
অন্যদিকে, নেতানিয়াহু ও তাঁর মিত্রদের অভিযোগ, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর আরব নেতারা সংগঠনটিকে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে আরব দলগুলো ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছিল, হামলায় বহু আরব ইসরায়েলি নাগরিকও প্রাণ হারিয়েছেন। ফলে সরকার গঠনকে কেন্দ্র করে আরব দলগুলোর ভূমিকা ও তাদের রাজনৈতিক অবস্থান এখন ইসরায়েলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।
বর্তমানে সরকার গঠনের জন্য আইজেনকোটকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সফল না হলে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। তবে এই সময়ের মধ্যেও সরকার গঠনে ব্যর্থ হলে অন্য কোনো আইনপ্রণেতাকে সরকার গঠনের সুযোগ দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে আবারও ক্ষমতায় ফেরার সুযোগ তৈরি হতে পারে বেনিয়ামিন নেতানিয়াহুর সামনে।
সূত্র: দ্য গার্ডিয়ান
টি/