
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসলামি বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটিকে বেআইনি সংগঠন ঘোষণা করে এ সিদ্ধান্ত জানায়। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ), ১৯৬৭-এর আওতায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, আইআরএফ ও এর প্রতিষ্ঠাতা-সভাপতি জাকির নায়েক বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, ঘৃণা ও শত্রুতা ছড়াতে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করেছেন। তার বক্তব্য ও বক্তৃতাকে আপত্তিকর এবং উসকানিমূলক বলেও উল্লেখ করেছে মন্ত্রণালয়। এ ছাড়া স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, মুদ্রিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিশ্বজুড়ে লাখো মানুষের কাছে বক্তব্য পৌঁছে দেওয়ার মাধ্যমে ভারত ও বিদেশের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইআরএফের কার্যক্রম নিয়ন্ত্রণ করা না হলে সংগঠনটি আবারও কর্মীদের সংগঠিত করতে পারে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, বিচ্ছিন্নতাবাদে উসকানি এবং ভারতের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরির আশঙ্কা রয়েছে বলে মনে করছে দেশটির সরকার।
এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর প্রথমবারের মতো আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করে ভারত সরকার। পরে ২০২১ সালের ১৫ নভেম্বর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়। আগের দুই দফার নিষেধাজ্ঞাই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ট্রাইব্যুনালে বহাল ছিল। ২০২৬ সালের ১৪ নভেম্বর আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই তৃতীয় দফায় আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়ানো হলো।
উল্লেখ্য, ২০১৬ সালে ভারত ছাড়েন জাকির নায়েক। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে ভারত সরকারের। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার প্রতিষ্ঠিত সংগঠন আইআরএফের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
টি/