
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভাবুন তো, এমন একটি ভয়ংকর পারমাণবিক উপাদান, যা দিয়ে চাইলেই বানানো সম্ভব বেশ কয়েকটি বিধ্বংসী পারমাণবিক বোমা। কিন্তু হঠাৎ করেই সেই মহামূল্যবান ও বিপজ্জনক বস্তুটির কোনো হদিস পাচ্ছে না পুরো বিশ্ব! হ্যাঁ, ইরানের কাছে থাকা প্রায় ৪৪০.৯ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম ঠিক কোথায় আছে, তা এখন খুঁজে পাচ্ছে না খোদ জাতিসংঘ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে ইরানের এই নিখোঁজ ইউরেনিয়াম নিয়ে এখন চরম আতঙ্কে পরাশক্তিগুলো।
জাতিসংঘের পরমাণু সংস্থা জানিয়েছে, ইরানের প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই। ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে নিরাপত্তার কারণে পরিদর্শকরা দেশ ছাড়েন। এরপর এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও, কোনো পারমাণবিক কেন্দ্রেই আর পরিদর্শকদের ঢুকতে দেয়নি তেহরান। ফলে এই বিপুল ইউরেনিয়াম এখন কোথায় এবং কী অবস্থায় আছে, তা পুরোপুরি অজানা।
সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, এই ইউরেনিয়াম নিয়ে এত হইচই কেন? বিশেষজ্ঞরা বলছেন, ২০২৫ সালের ১৩ জুন পর্যন্ত পাওয়া শেষ হিসাব অনুযায়ী, ইরানের এই ৪৪০ কেজি ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ছিল। সহজ ভাষায় বললে, পারমাণবিক বোমা বানাতে হলে ইউরেনিয়ামকে ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। অর্থাৎ, বোমা তৈরির একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ইরানের এই মজুত। আর এই বিশাল মজুত চোখের আড়াল হওয়া মানেই পুরো বিশ্বের জন্য বড় এক নিরাপত্তার ঝুঁকি।
জাতিসংঘের ধারণা, এই ইউরেনিয়ামের বড় অংশ রাখা ছিল ইরানের ইসফাহান পারমাণবিক কেন্দ্রে। হামলায় কেন্দ্রটির ওপরের অংশ গুঁড়িয়ে গেলেও, মাটির নিচের গোপন কক্ষটির কী অবস্থা, তা কারও জানা নেই। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, হামলায় তাদের সবকিছু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এবং আপাতত তা উদ্ধারের কোনো পরিকল্পনা নেই। যদিও তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এক কণা ইউরেনিয়ামও তারা দেশের বাইরে যেতে দেবে না।
ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে নজরদারি বন্ধ থাকলেও, রাশিয়ার সহায়তায় চলা বুশেহর বিদ্যুৎকেন্দ্রে জাতিসংঘের পরিদর্শকরা এখনো কাজ করছেন। এই অচলাবস্থা কাটাতে ওমান, কাতার, মিশর ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এখন দেখার বিষয়, নিখোঁজ এই ৪৪০ কেজি ইউরেনিয়াম রহস্যের জট কবে খোলে, নাকি তা বিশ্বকে নতুন কোনো পারমাণবিক সংকটে ফেলে!