
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব রাজনীতিতে ভারতের প্রভাব কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, একসময় আন্তর্জাতিক রাজনীতিতে ভারত স্বাধীনভাবে নিজেদের অবস্থান তুলে ধরলেও এখন গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক আলোচনায় পিছিয়ে পড়ছে। অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মতো প্রভাবশালী দেশের সঙ্গে দরকষাকষি করছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগোতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাহুল বলেন, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ভারতের বরাবরই গভীর ও পরিপক্ব ধারণা ছিল। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও নয়াদিল্লি নিজস্ব অবস্থান ধরে রাখত। কিন্তু বর্তমানে ভারতের মতো দেশের বিশ্ব রাজনীতিতে শক্তিশালী ভূমিকা রাখার কথা থাকলেও দেশটি পার্শ্বচরিত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ভারতের পররাষ্ট্রনীতিতে ব্যক্তিগত বন্ধুত্বের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন রাহুল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বন্ধুত্বের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বন্ধুত্ব দিয়ে ভূরাজনীতি পরিচালিত হয় না। আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় স্বার্থ ও স্বাধীন অবস্থানই গুরুত্বপূর্ণ।
রাহুলের বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দলটির মুখপাত্র সিআর কেশবন তাঁর মন্তব্যকে ‘নিন্দনীয় ও ক্ষমার অযোগ্য’ বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, বিদেশের মাটিতে ভারতের আন্তর্জাতিক অবস্থানকে খাটো করছেন রাহুল। একই সঙ্গে তাঁকে পাকিস্তানের সমর্থক ও প্রচারক বলেও মন্তব্য করেন।
বিজেপির আরেক মুখপাত্র প্রদীপ ভান্ডারিও রাহুলের সমালোচনা করে প্রশ্ন তোলেন, পাকিস্তান নিয়ে তাঁর এত আগ্রহ কেন। তিনি দাবি করেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে ভারত কূটনৈতিক ভূমিকার জন্য প্রশংসিত হয়েছে। ইরানের সঙ্গেও ভারতের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে বিজেপি নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের আন্তর্জাতিক প্রভাব ও ভূমিকার কথা তুলে ধরে রাহুলের বক্তব্যের বিরোধিতা করেন। ২০০৮ সালের মুম্বাই হামলার পর ইউপিএ সরকারের ভূমিকা এবং শারম আল-শেখ যৌথ বিবৃতির প্রসঙ্গ টেনেও কংগ্রেসের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
তথ্যসূত্র: এনডিটিভি।