
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বের প্রভাবশালী তিন নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে বিশ্বজুড়ে জল্পনা তৈরি হয়েছে। ইউক্রেন ও তাইওয়ানসহ গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ইস্যুতে সমঝোতার মাধ্যমে বিশ্বকে নিজেদের প্রভাববলয়ে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করছেন কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তবে বৈঠকে তেমন কোনো কার্যকর কৌশলগত সমঝোতার আভাস পাওয়া যায়নি। তিন দেশের জাতীয় স্বার্থের ভিন্নতা আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের শেনজেনে অনুষ্ঠিত এ বৈঠকে জাতিসংঘের সংস্কার, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং পারমাণবিক অস্ত্রের ঝুঁকি নিয়ে আলোচনা হয়। শি জিনপিং বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার বিশ্বে বিশেষ দায়িত্ব রয়েছে। পুতিনও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তিন দেশের ভূমিকার কথা তুলে ধরেন। অন্যদিকে ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের সমালোচনা করে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা বলেন।
বৈঠক ঘিরে সবচেয়ে বড় উদ্বেগ ছোট ও মাঝারি শক্তির দেশগুলোর মধ্যে। তাদের আশঙ্কা, বড় শক্তিগুলো নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিলে অন্য দেশগুলোর স্বাধীন অবস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এপেক সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল নিজেদের বক্তব্যে ছোট দেশগুলোর স্বার্থ, বহুমুখী অংশীদারত্ব ও অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন।
শেনজেনের বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন বিশ্লেষকরা। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতি সে সময়ের মতো নয়। তিন নেতার মধ্যে অভিন্ন কোনো শত্রু বা বড় প্রকল্প নেই। ব্লুমবার্গ ইকোনমিকসের জ্যেষ্ঠ বিশ্লেষক অ্যাডাম ফারার বলেন, বৈঠকটি গণমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি করলেও বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দেওয়ার মতো সমঝোতা হয়নি। তাঁর ভাষায়, এটি কোনোভাবেই ইয়াল্টা সম্মেলন ছিল না।
অর্থনৈতিক বাস্তবতায় রাশিয়া চীনের তুলনায় অনেক পিছিয়ে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে মস্কোর বেইজিংয়ের ওপর নির্ভরতা বেড়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিধিনিষেধ নিয়ে চীনের উদ্বেগ রয়েছে। ট্রাম্পের জন্যও দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি একটি চ্যালেঞ্জ। তারপরও তিন নেতাই ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। শি জিনপিং ভবিষ্যতে এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠক নিয়মিত আয়োজনের ইঙ্গিত দিয়েছেন।
তথ্যসূত্র: এনডিটিভি।
টি/