
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সকালের ঘুম ভাঙল প্রচণ্ড ঝাঁকুনিতে! ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৬। কম্পন এতটাই শক্তিশালী ছিল যে, সাগর পেরিয়ে কয়েকশ কিলোমিটার দূরের দেশ অস্ট্রেলিয়াতেও মানুষ রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। তবে কি আবারও কোনো বড় সুনামির আশঙ্কা তৈরি হলো?
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালের। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে হঠাৎই আঘাত হানে এই শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। তবে প্রাথমিক তথ্যে এটি ৭ দশমিক ৪ মাত্রার হতে পারে বলে ধারণা করা হয়েছিল।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের তানিম্বার দ্বীপপুঞ্জের কাছে, বান্দা সাগরের তলদেশে। দেশটির তুয়াল শহর থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এর কেন্দ্র। ইউএসজিএস বলছে, ভূপৃষ্ঠ থেকে ৬৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান। যদিও অস্ট্রেলিয়ার ভূবিজ্ঞান সংস্থা জিওসায়েন্স অস্ট্রেলিয়ার মতে, গভীরতা ছিল ২৯ কিলোমিটার।
এই ভূমিকম্পের রেশ গিয়ে পড়ে প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও। ডারউইনের স্থানীয় সময় সকাল ৬টা ৪১ মিনিটে হঠাৎ ঘরবাড়ি কেঁপে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অস্ট্রেলিয়ার সরকারি দপ্তরে অন্তত ৩৮০ জন বাসিন্দা কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আতঙ্কের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
সাগরের নিচে এত বড় ভূমিকম্প হওয়ায় সবার মনেই প্রশ্ন জেগেছিল তবে কি সুনামি আসছে? তবে স্বস্তির খবর দিয়েছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তর। তারা নিশ্চিত করেছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। পাশাপাশি উৎপত্তিস্থল লোকালয় থেকে দূরে হওয়ায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার বা অগ্নিবলয় অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই এমন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তাই এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবসময় সতর্ক থাকা জরুরি।