
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পর্দায় হাস্যরসাত্মক অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সোহেল খান। অভিনয়ের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন ও সাবলীল উপস্থিতিতে দর্শকদের হাসিয়েছেন বহুবার। পর্দার বাইরেও হাসিখুশি ও প্রাণবন্ত মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তবে সেই হাসিখুশি অভিনেতাই এবার ফিরছেন নিথর দেহে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান এই অভিনেতা।
সিনেমাটির পরিচালক মো. ইকবাল সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন অভিনেতা। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে সনদে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। তার মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ধামরাইয়ের রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়ি। সেখানেই তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ও দাফন সম্পন্ন হবে। এদিকে অভিনেতার আকস্মিক মৃত্যুর পর ‘নসীব’ সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক মো. ইকবাল।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। হাস্যরসাত্মক অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা।
নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কী!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
টি/