logo
youtube logotwitter logofacebook logo
/বিনোদন
পূর্ণিমার জন্মদিন আজ - image

পূর্ণিমার জন্মদিন আজ

11 জুলাই 2026, বিকাল 6:37

বয়স বাড়লেও রূপ, লাবণ্য আর প্রাণবন্ত উপস্থিতিতে আজও কোটি দর্শকের হৃদয় জয় করে চলেছেন ঢালিউডের শীর্ষ চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আজ (১১ জুলাই) এই নন্দিত অভিনেত্রীর জন্মদিন। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। জীবনের ৪৪টি বসন্ত পেরিয়ে আজ ৪৫ বছরে পা রাখলেন এই রূপালি পর্দার জলপরী। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।মাত্র ১৬ বছর বয়সে পরিচালক জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটেছিল পূর্ণিমার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। দীর্ঘ অভিনয় জীবনে ‘মনের মাঝে তুই’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র মতো অসংখ্য রোমান্টিক ও ব্যবসাসফল সিনেমার মাধ্যমে দেশের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। অনন্য অভিনয়শৈলী ও মনকাড়া হাসিতে ঢালিউডে নিজের এক স্থায়ী আসন গড়ে নিয়েছেন এই তারকা।বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যনির্ভর ও ভিন্ন ধারার সিনেমাতেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন পূর্ণিমা। কথাসাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ‘সুভা’, হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’ ও ‘মেঘের পরে মেঘ’ চলচ্চিত্রে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়। বিশেষ করে, কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন।রূপালি পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও পূর্ণিমার বিচরণ সমান উজ্জ্বল। বর্তমান সময়ে টেলিভিশন অনুষ্ঠান ও বড় বড় অ্যাওয়ার্ড শো-তে একজন দক্ষ ও রসবোধসম্পন্ন উপস্থাপক হিসেবে দারুণ প্রশংসা কুড়াচ্ছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বারবার নতুনভাবে খোলস ছেড়ে বের করার এক অদ্ভুত জাদু জানা আছে তাঁর। আর এই সক্ষমতার কারণেই শুধু তাঁর সমসাময়িক দর্শকই নন, নতুন প্রজন্মের কাছেও তিনি ফ্যাশন আইকন ও সমানভাবে সমাদৃত।দীর্ঘ ক্যারিয়ারে বৈচিত্র্যময় কাজ আর অনিন্দ্য ব্যক্তিত্বের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে নিজের এক আলাদা সাম্রাজ্য তৈরি করেছেন পূর্ণিমা। অভিনয়ের বাইরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও নিয়মিত অংশ নেন তিনি। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনে আরও দারুণ সব কাজের প্রত্যাশা ও শুভকামনা জানিয়েছেন তাঁর কোটি ভক্ত ও রূপালি জগতের সহকর্মীরা।/টি

জুলাই ১১, ২০২৬

গোয়েন্দা ‘কানাইচরণ’ চরিত্রে পর্দায় যীশু সেনগুপ্ত

ফেলুদা, ব্যোমকেশ ও কাকাবাবুর পর এবার বাংলা সিনেমায় যুক্ত হচ্ছে নতুন এক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’। নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর প্রথম অফিসিয়াল পোস্টার শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। পোস্টার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।জানা গেছে, পিরিয়ড ড্রামার আবহে নির্মিত হতে যাওয়া এ সিনেমার গল্প নেওয়া হয়েছে লেখক রাজর্ষি দাস ভৌমিকের উপন্যাস ‘কালাপানির দিশা’ থেকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ক্যামেলিয়া প্রোডাকশনস। গল্পের ভিন্নতা ও ঐতিহাসিক পটভূমি সিনেমাটিকে আলাদা মাত্রা দেবে বলে আশা করছেন নির্মাতারা।পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানান, ‘কানাইচরণ’ চরিত্রের স্বভাব ও ব্যক্তিত্ব তাকে শুরু থেকেই আকৃষ্ট করেছে। গল্পটি পড়ার পরই তিনি লেখকের সঙ্গে যোগাযোগ করেন এবং সেটিকে বড় পর্দায় তুলে আনার সিদ্ধান্ত নেন। তার বিশ্বাস, নতুন এই গোয়েন্দা চরিত্র দর্শকদের কাছে ভিন্ন এক অভিজ্ঞতা এনে দেবে।সিনেমায় ‘কানাইচরণ’ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা যীশু সেনগুপ্ত, যিনি এর আগে ব্যোমকেশ বক্সী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টোটা রায়চৌধুরী, ইধিকা পাল, সুজয়প্রসাদ চ্যাটার্জী ও সুমন্ত মুখার্জিসহ আরও অনেকে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্ট মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।সূত্র: সংবাদ প্রতিদিন/টি

জুলাই ১১, ২০২৬

টক্সিকের প্রথম গান ‘তাবাহি’ ঘিরে নতুন বিতর্ক

কন্নড় তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই একের পর এক বিতর্কের মুখে পড়ছে। টিজার প্রকাশের সময় ছবিটির বিরুদ্ধে ‘নারীবিদ্বেষী’ মানসিকতার অভিযোগ উঠেছিল। এবার প্রথম গান ‘তাবাহি’ প্রকাশের পর যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে সমালোচনার ঝড় শুরু হয়েছে।সম্প্রতি প্রকাশিত ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারা আদভানির অনস্ক্রিন রসায়ন এবং আবেগঘন অভিনয় দর্শকদের একটি বড় অংশের প্রশংসা কুড়িয়েছে। অনেক ভক্তের মতে, নতুন এই জুটির রসায়নই সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হতে পারে। তবে ইতিবাচক প্রতিক্রিয়ার পাশাপাশি গানটি নিয়ে নানা ধরনের সমালোচনাও সামনে এসেছে।সমালোচকদের একাংশের দাবি, একটি অ্যাকশনধর্মী সিনেমার প্রথম গান হিসেবে এত বেশি ঘনিষ্ঠ দৃশ্যের প্রয়োজন ছিল না। তাদের মতে, গানটি ছবির অ্যাকশনধর্মী পরিচিতিকে তুলে ধরার পরিবর্তে এক ধরনের ‘ইরোটিক’ আবহ তৈরি করেছে। আবার কেউ কেউ অভিযোগ করেছেন, ‘টক্সিক’ শিরোনামকে কেন্দ্র করে নির্মাতারা বিতর্কিত বিষয়গুলোকে স্বাভাবিকভাবে উপস্থাপনের চেষ্টা করছেন।‘তাবাহি’ গানটির সুর, সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন বিশাল মিশ্র। হিন্দি সংস্করণের গীতিকার রাজ শেখর। হিন্দির পাশাপাশি কন্নড়, তেলেগু, তামিল ও মালায়ালাম ভাষাতেও একই সঙ্গে গানটি প্রকাশ করা হয়েছে, ফলে বিভিন্ন ভাষার দর্শকদের কাছেও এটি পৌঁছে গেছে।গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ মূলত গ্যাংস্টার ঘরানার সিনেমা। সাধারণত এ ধরনের ছবিতে পুরুষ চরিত্রের প্রাধান্য বেশি থাকলেও এই সিনেমায় নারী চরিত্রগুলোর গুরুত্ব কতটা থাকবে, তা মুক্তির পরই জানা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল আলোচিত এই সিনেমাটি।/টি

জুলাই ০৯, ২০২৬

প্রেমের গুঞ্জনের মধ্যে যা বললেন কেয়া পায়েল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকেন। বেশ কিছুদিন ধরেই তার প্রেমের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার বিষয়। সম্প্রতি মালদ্বীপে অবকাশযাপনের একটি ভিডিও প্রকাশের পর গুঞ্জন ছড়ায়, রহস্যময় এক যুবকের সঙ্গে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।যদিও কেয়া পায়েল বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে সেই আলোচনা থামার আগেই নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছেন অভিনেত্রী নিজেই। সোমবার (৬ জুলাই) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে মালদ্বীপের সমুদ্রসৈকতে তোলা নিজের একটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’অভিনেত্রীর এই আবেগঘন ক্যাপশনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা। রহস্যময় এক যুবকের সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওর পর এমন পোস্টকে অনেকেই নতুন প্রেমের ইঙ্গিত হিসেবে দেখছেন। ছবিটির মন্তব্যের ঘরেও ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না, যত চেষ্টাই করা হোক না কেন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘প্রথম কোনো কিছুই আসলে ভোলা যায় না।’তবে কেয়া পায়েলের ‘প্রথম ভালোবাসা’ প্রসঙ্গটি নিছক একটি আবেগঘন ক্যাপশন, নাকি এর পেছনে রয়েছে ব্যক্তিগত জীবনের কোনো ইঙ্গিত— সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এ নিয়ে অভিনেত্রীও কোনো মন্তব্য করেননি। ফলে মালদ্বীপে তার এই পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।/টি

জুলাই ০৮, ২০২৬

বিরতি শেষে শুটিংয়ে ফিরছেন বুবলী

দীর্ঘদিন মাতৃত্বকালীন বিরতিতে থাকার পর আবারও অভিনয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর থেকে তিনি জনসমক্ষে এবং চলচ্চিত্রের প্রচারণামূলক কার্যক্রম থেকে দূরে ছিলেন। এমনকি ঈদে তার একাধিক সিনেমা মুক্তি পেলেও কোনো প্রচারণা বা গণমাধ্যমে অংশ নেননি এই অভিনেত্রী।সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বর মাসে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করবেন বুবলী। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ হোসেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা আদর আজাদ।নির্মাতা জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, সম্প্রতি বুবলীর সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, মাতৃত্বকালীন বিরতির পর নিজের শারীরিক ফিটনেস ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে আগামী সেপ্টেম্বরেই শুটিংয়ে ফিরবেন বলে বুবলী সম্মতি দিয়েছেন।পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনধারাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। সিনেমায় আদর আজাদকে একজন শিয়া মুসলিম যুবকের চরিত্রে এবং বুবলীকে একজন সুন্নি মুসলিম তরুণীর ভূমিকায় দেখা যাবে। চরিত্রের প্রয়োজনে দুই শিল্পীকেই উর্দু ভাষায় সংলাপ বলতে হবে বলে জানিয়েছেন নির্মাতা।জাহিদ হোসেন আরও জানান, বুবলীর শারীরিক সুস্থতা ও সন্তান পরিচর্যার বিষয়টি বিবেচনায় রেখে আপাতত ছবির অন্যান্য অংশের শুটিং এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, ‘ঢাকাইয়া দেবদাস’কে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উপযোগী করে নির্মাণের পরিকল্পনা রয়েছে। উৎসব পর্ব শেষে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহেও বাণিজ্যিকভাবে মুক্তি দেওয়া হবে।/টি

জুলাই ০৭, ২০২৬

ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত মেহজাবীন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলটির এই পরাজয়ে বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের মধ্যে হতাশা নেমে এলেও উচ্ছ্বাসে মেতেছেন আর্জেন্টিনার সমর্থকরা। সেই আনন্দে শামিল হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীন চৌধুরী, যিনি যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই ম্যাচটি উপভোগ করেন।ম্যাচ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার ছলে মেহজাবীন লিখেছিলেন, “ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।” ম্যাচ শেষে সেই খোঁচাই যেন বাস্তবে রূপ নেয়। গ্যালারিতে বসে ব্রাজিলের বিদায় এবং নরওয়ের কোয়ার্টার ফাইনালে ওঠার উচ্ছ্বাস প্রত্যক্ষ করেন তিনি। তবে সময়ের সীমাবদ্ধতার কারণে এবার বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ মাঠে বসে দেখা সম্ভব হবে না বলেও জানান অভিনেত্রী।খেলা শেষে যুক্তরাষ্ট্র থেকে এক গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মেহজাবীন বলেন, স্টেডিয়ামে বসে ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখা ছিল তার বহুদিনের স্বপ্ন। মাঠের পরিবেশ, হাজারো দর্শকের একসঙ্গে উচ্ছ্বাস এবং পুরো আবহ তার কাছে ভাষায় প্রকাশের মতো নয় বলেও উল্লেখ করেন তিনি। টেলিভিশনের তুলনায় স্টেডিয়ামে বসে ম্যাচ দেখার অনুভূতি কয়েকগুণ বেশি বলে মন্তব্য করেন এই অভিনেত্রী।মেহজাবীন আরও বলেন, ম্যাচটি শুরুর আগে তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করেছিলেন। নেইমারের প্রতি তার গভীর শ্রদ্ধা থাকলেও সাম্প্রতিক সময়ে নরওয়ের তারকা আর্লিং হলান্ডেরও ভক্ত হয়ে উঠেছেন তিনি। পাশাপাশি আর্জেন্টিনার সমর্থক হওয়ায় ব্যক্তিগতভাবে নরওয়ের জয়ই চেয়েছিলেন বলে জানান মেহজাবীন। এর আগে কোপা আমেরিকাতেও একই স্টেডিয়ামে বসে আর্জেন্টিনার একটি ম্যাচ উপভোগ করেছিলেন তিনি।/টিএ

জুলাই ০৬, ২০২৬

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা আমির খান আজ রোববার (৫ জুলাই) গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সমুদ্রমুখী নিজ বাসভবনে বসছে এই বিয়ের আসর। প্রায় ৭০ কোটি রুপি মূল্যের ওই বাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমির ও গৌরী দুজনেই ব্যক্তিগত জীবনকে সাধারণভাবে রাখতে পছন্দ করেন। তাই বিয়ের আয়োজনও রাখা হয়েছে একেবারে ঘরোয়া পরিবেশে। তবে অনুষ্ঠানে প্রায় ১৫০ অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।মুম্বাইয়ে টানা বর্ষণের মধ্যেও বিয়ের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা হয়নি। আলোকসজ্জায় সাজানো হয়েছে আমির খানের বাড়ি, নিচে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমিরের দুই পক্ষের সন্তানরা। পাশাপাশি গৌরী স্প্র্যাটের আগের পক্ষের ছেলেও এই আয়োজনে অংশ নেবেন। অতিথিদের জন্য তাদের পছন্দের বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়েছে, আর পুরো আয়োজনের তদারকি করছেন আমির ও গৌরী নিজেরাই।আমির খানের ব্যক্তিগত জীবনে এটি তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। বিচ্ছেদের পরও সন্তানদের স্বার্থে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং পারিবারিক নানা আয়োজনে এখনো তাদের একসঙ্গে দেখা যায়।এরপর ২০০৫ সালের ডিসেম্বরে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারেও নিয়মিত দেখা যেত এই দম্পতিকে। বলিউডের অন্যতম সৃজনশীল জুটি হিসেবে পরিচিত হলেও শেষ পর্যন্ত সেই সম্পর্কও টেকেনি। বিচ্ছেদের পর দুজনেই পেশাগত ও ব্যক্তিগত জীবনে আলাদা পথে এগিয়ে যান।আজ গৌরী স্প্র্যাটকে বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন আমির খান। অনুষ্ঠানে তার দীর্ঘদিনের বন্ধু আশুতোষ গোয়ারিকর, প্রযোজক রাজকুমার সন্তোষীসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও ইন্ডাস্ট্রির কয়েকজন ঘনিষ্ঠ প্রযোজক-পরিচালক উপস্থিত থাকবেন। তবে আমিরের দুই সাবেক স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও এই অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।

জুলাই ০৫, ২০২৬

১৭ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন সামান্থা

দক্ষিণী তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ দিয়ে তেলেগু সিনেমায় নতুন ইতিহাস গড়েছেন। ‘ও অন্তাভা’ গানের গ্ল্যামারাস ইমেজের বাইরে সম্পূর্ণ ভিন্ন এক নির্ভীক চরিত্রে বড় পর্দায় হাজির হয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। নন্দিনী রেড্ডি পরিচালিত এই নারীপ্রধান ফ্যামিলি অ্যাকশন ড্রামা মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, গত ১৯ জুন মুক্তির পর থেকে বিশ্বজুড়ে সিনেমাটি ৮৩ কোটি রুপির বেশি আয় করেছে। শুধু ভারতেই এর নেট সংগ্রহ ৫০ কোটি রুপি ছাড়িয়েছে। এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছে সামান্থার প্রযোজনা প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচার্স। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি সিনেমার বাণিজ্যিক সাফল্য উদযাপন করে। এদিকে ভক্তরাও সামান্থাকে ‘কুইন’ ও ‘লেডি সুপারস্টার’ আখ্যায় ভূষিত করছেন।এই সাফল্যের মধ্য দিয়ে তেলেগু নারীপ্রধান সিনেমার ১৭ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙেছেন সামান্থা। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত আনুশকা শেট্টি অভিনীত ‘অরুন্ধতী’ বিশ্বব্যাপী প্রায় ৭০ কোটি রুপি আয় করে দীর্ঘদিন ধরে নারীপ্রধান তেলেগু সিনেমার সর্বোচ্চ আয়ের রেকর্ড ধরে রেখেছিল। পরবর্তীতে ‘মহানতি’ ও ‘রুদ্রমাদেবী’ উল্লেখযোগ্য ব্যবসা করলেও সেসব সিনেমায় একাধিক জনপ্রিয় অভিনেতার উপস্থিতি ছিল। তবে ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্য মূলত সামান্থার একক তারকাখ্যাতির ওপরই দাঁড়িয়ে।তবে দক্ষিণ ভারতীয় সিনেমার সামগ্রিক বাজারে নারীপ্রধান চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনো মালয়ালম সিনেমা ‘লোকা: চ্যাপ্টার ১–চন্দ্র’-এর দখলে রয়েছে। দুলকার সালমান প্রযোজিত এবং কল্যাণী প্রিয়দর্শন অভিনীত সিনেমাটি বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। তবুও তেলেগু ইন্ডাস্ট্রিতে ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর সাফল্যকে সামান্থা রুথ প্রভুর ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন এবং নারীপ্রধান চলচ্চিত্রের জন্য নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

জুলাই ০৪, ২০২৬

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

বাংলা সংগীতের প্রবাদপুরুষ ও জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে দেশের সাংস্কৃতিক অঙ্গন, ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীদের শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই বরেণ্য শিল্পী, যিনি কয়েক দশক ধরে বাংলা গানকে সমৃদ্ধ করে চলেছেন।সৈয়দ আব্দুল হাদীর সংগীতের প্রতি ভালোবাসার সূচনা পারিবারিক পরিবেশ থেকেই। তার বাবা সৈয়দ আব্দুল হাই ছিলেন তৎকালীন একজন সরকারি কর্মকর্তা এবং সংগীতপ্রেমী মানুষ। বাবার গ্রামোফোনে গান শুনতে শুনতেই সংগীতের প্রতি আকৃষ্ট হন হাদী। পরে নিজে গুনগুন করে গান গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার সংগীতচর্চা। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। কর্মজীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক এবং পরে লন্ডনের ওয়েলস ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরিয়ান হিসেবেও দায়িত্ব পালন করেন।ছাত্রজীবনেই ১৯৬০ সালে চলচ্চিত্রে গান গাওয়া শুরু করেন সৈয়দ আব্দুল হাদী। ১৯৬৪ সালে ‘ডাকবাবু’ চলচ্চিত্রে একক কণ্ঠে গান গেয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। মো. মনিরুজ্জামানের কথায় এবং আলী হোসেনের সুরে সেই গানই তার চলচ্চিত্র সংগীতে যাত্রার সূচনা করে। পাশাপাশি বাংলাদেশ বেতারেও তিনি অসংখ্য জনপ্রিয় গান পরিবেশন করেছেন। তার গাওয়া ‘কিছু বলো, এই নির্জন প্রহরের কণাগুলো হৃদয়মাধুরী দিয়ে ভরে তোলো’ এবং ‘ঘুড্ডি’ চলচ্চিত্রের ‘সখি চলনা, সখি চলনা জলসা ঘরে এবার যাই’ শ্রোতাদের কাছে আজও সমান জনপ্রিয়।দীর্ঘ সংগীতজীবনে সৈয়দ আব্দুল হাদী অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘এই পৃথিবীর পান্থশালায়’, ‘এমনও তো প্রেম হয়’, ‘কেউ কোনো দিন আমারে তো’, ‘যেও না সাথী’, ‘শূন্য হাতে আজ এসেছি’, ‘আমি তোমারই প্রেম ভিক্ষারী’, ‘আউল বাউল লালনের দেশে’ এবং ‘মনে প্রেমের বাত্তি জ্বলে’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান। প্লেব্যাক, আধুনিক ও দেশাত্মবোধক গান—সব ক্ষেত্রেই তিনি নিজস্ব কণ্ঠশৈলীতে অনন্য উচ্চতা অর্জন করেছেন।সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ আব্দুল হাদী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া ২০০০ সালে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন। আট দশকেরও বেশি সময়ের জীবনে বাংলা সংগীতকে সমৃদ্ধ করা এই কিংবদন্তি শিল্পীর জন্মদিনে দেশের সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।

জুলাই ০১, ২০২৬

পর্তুগালের সমর্থক জয়া আহসান, মেসিকেও ভালো লাগে

বাংলাদেশে ফুটবল উন্মাদনা সাধারণত ব্রাজিল ও আর্জেন্টিনাকে কেন্দ্র করে হলেও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের পছন্দের দল পর্তুগাল। ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ফুটবলের প্রতি তার আগ্রহ দীর্ঘদিনের। প্রিয় দল হিসেবে পর্তুগালের নাম উল্লেখ করলেও তিনি স্বীকার করেন, ক্রিস্টিয়ানো রোনালদোর পাশাপাশি লিওনেল মেসির খেলাও তার সমান ভালো লাগে।সাক্ষাৎকারে জয়া বলেন, ২০১৮ সালে রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ হয়েছিল তার। চারপাশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস বেশি থাকলেও তার হৃদয় পড়ে আছে পর্তুগালের দিকেই। রোনালদো তার সবচেয়ে প্রিয় ফুটবলার হলেও মেসির প্রতিও রয়েছে বিশেষ মুগ্ধতা। জয়ার ভাষায়, “পর্তুগালকে খুব ভালোবাসি। রোনালদো আমার খুব পছন্দের। তবে মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে।”ফুটবলের পাশাপাশি সাক্ষাৎকারে উঠে আসে তার ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গও। আগামী ১ জুলাই তার জন্মদিন। তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে পরিবারের সদস্য, কাছের মানুষ এবং ভক্তদের শুভেচ্ছাই দিনটিকে তার কাছে সবচেয়ে বেশি আনন্দময় করে তোলে বলে জানান এই অভিনেত্রী।অভিনয়জীবন নিয়েও কথা বলেন জয়া আহসান। তিনি জানান, আগামী জুলাই মাসে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’, যা পরিচালক কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ ছবির সিক্যুয়েল। নতুন ছবিটি আগের চেয়ে আরও বেশি দর্শকপ্রিয় হবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি টলিউডে কাজের অভিজ্ঞতা তুলে ধরে জয়া বলেন, ভিন্ন দেশের নাগরিক হলেও সেখানে কখনো নিজেকে বহিরাগত মনে হয়নি; তার কাছে ভাষা ও শিল্পই সবচেয়ে বড় পরিচয়।/টি

জুন ৩০, ২০২৬

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি চিত্রশিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং পরে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। কয়েক দিন আগে ভেন্টিলেটর খুলে নেওয়া হলেও অবস্থার আরও অবনতি হলে পুনরায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়।১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। চিত্রশিল্পী, শিক্ষক, উপস্থাপক ও পাপেট শিল্পী হিসেবে তিনি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিশেষ করে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পুতুলনাচকে আধুনিক মাধ্যমে জনপ্রিয় করে তোলায় তার ভূমিকা ছিল অনন্য। শিশু-কিশোরদের জন্য নির্মিত তার বিভিন্ন অনুষ্ঠান আজও দর্শকের স্মৃতিতে অমলিন।শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদক লাভ করেন। এছাড়া ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে ‘সুলতান স্বর্ণপদক’ প্রদান করে। তার সৃজনশীল কর্মজীবন দেশের শিল্প, সংস্কৃতি ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শোকবার্তায় তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান, সাংস্কৃতিক বিকাশ এবং নতুন প্রজন্মের সৃজনশীল চর্চায় তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।/টি

জুন ২৯, ২০২৬

বাগদান সেরেছেন নাজনীন নীহা!

অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবন নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। তবে এবার কোনো গুঞ্জন নয়, বরং নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পরিবর্তনের মাধ্যমেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন এই অভিনেত্রী। এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা—তবে কি সত্যিই বাগদান সারলেন নীহা?বিষয়টি জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নাজনীন নীহার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, কয়েক মাস আগে বিদেশ ভ্রমণের সময় এক পাকিস্তানি তরুণের সঙ্গে পরিচয় হয় নীহার। সেই পরিচয় থেকে সম্পর্কের পরিণতি ঘটে এবং পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।এদিকে নীহার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। অনেকেই তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, আবার কেউ কেউ মিষ্টি খাওয়ার দাবিও তুলেছেন। তবে এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী, ফলে বিষয়টি নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে।এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই পোস্ট ঘিরেও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরে অবশ্য তিনি সেটিকে একটি নাটকের প্রচারণার অংশ বলে ব্যাখ্যা করেন। তাই এবারও অভিনেত্রীর আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত তার বাগদানের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।/টি

জুন ২৯, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo