logo
youtube logotwitter logofacebook logo

হাফেজ

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি - image

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি

17 এপ্রিল 2023, বিকাল 6:00

ঈদুল ফিতরে এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বাংলাদেশে উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে জাতীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারি মো. ইসহাক। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান। ৯টার তৃতীয় জামাতের ইমাম হবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম। পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ। অন্যদিকে, রাজধানীর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া বৈরী হলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে বলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

এপ্রিল ১৭, ২০২৩
উগ্রবাদ ও সন্ত্রাস নির্মূলে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী - image

উগ্রবাদ ও সন্ত্রাস নির্মূলে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

12 আগস্ট 2023, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে উগ্রবাদ ও সন্ত্রাস নির্মূলে সরকারকে সাহায্য করার জন্য সকলকে বিশেষ করে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কুসংস্কার, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে আপনাদের (আলেম-ওলামাদের) সহযোগিতা চাই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১৩ আগস্ট) সকালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩-এর জাতীয় পর্যায়ের বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার বিতরণকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘আমি আপনাদের সকলকে বিশেষ মনোযোগ দেয়ার জন্য অনুরোধ করছি যাতে আমাদের সন্তানরা বিপথে যেতে না পারে।’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী আলেম-ওলামাদেরকে সকলের মাঝে ইসলামের প্রকৃত মর্মবাণী ছড়িয়ে দিতে বলেন, যাতে কেউ কাউকে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের পথে বিচ্যুত করতে না পারে এবং ইসলামের বদনাম করতে না পারে। কেননা ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং সর্বদা শান্তির কথা বলে। প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জঙ্গিবাদী সন্ত্রাসী, তারা সন্ত্রাসী। তারা কোনো ধর্ম, দেশ বা জাতি গোষ্ঠীর নয়। তাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের ধর্মের মান-ইজ্জতটা রক্ষা করবেন। কেউ যেন এই বিপথে না যায়। সন্তানের নিয়মিত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে উপস্থিতির বিষয়টা এবং কার সাথে মিশছে সে বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে।’ তিনি বলেন, ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, সেই ধর্মের সাথে মুষ্টিমেয় কয়েকজনের জন্য কেন সন্ত্রাসী নামটা যুক্ত হবে? সত্যিকারের যারা ধর্মে বিশ্বাসী তাদের জন্য এটা খুব কষ্টদায়ক। কাজেই আপনাদের কাছে আমার অনুরোধ, এই সমস্ত কুসংস্কার, জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনাদের দোয়া চাই এবং আমাদের ছেলে-মেয়েরা যেন বিপথে না যায় সেজন্য আপনাদের সহযোগিতা চাই।’ প্রধানমন্ত্রী বলেন, ‘নানা ধর্মের লোক এই বাংলাদেশে আছে এবং যার যার ধর্ম সে সে পালন করবে এটা আমাদের নবী করীম সা:-এর শিক্ষা, আমরা সেভাবেই চলবো। চূড়ান্ত বিচার বা শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামীন। কাজেই কে কোন ধর্মের, কে হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান না কাদিয়ানী তা দেখার দায়িত্ব আমাদের না। যার যার কর্মফল সে সে ভোগ করবে।’ বিচারের ভার নিজেদের হাতে তুলে না নিয়ে বরং আরো বেশি সংখ্যক মানুষ যেন ইসলামের ছায়াতলে আসে সেজন্য সকলের প্রচেষ্টা থাকা উচিত বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ‘আলেম ও ওলামায়ে কেরাম যারা আছেন আপনাদের কাছে আমার এই অনুরোধ ইসলাম ধর্মের মর্মবাণী প্রচার করে আরো অধিক সংখ্যক মানুষ যেন ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে সেদিকে সকলের দৃষ্টি দিতে হবে। সন্ত্রাস করে ইসলাম সম্পর্কে বদনাম যেন কেউ না করতে পারে।’ তিনি বলেন, ‘এই যে কোমলতি ছেলেদের মাথাগুলো খারাপ করে দিয়ে তাদের বিপথে চালানো, তাদের জীবনটাকে ধ্বংস করা, সুইসাইড অ্যাটাক করে মানুষ মারা- এটা তো ইসলাম ধর্মে মহাপাপ, গোনাহের কাজ। সুইসাইড করলে তো কেউ বেহেশতে যাবে না এটাই তো বলা আছে।’ কোমলমতি শিশু-কিশোরদের সন্ত্রাস-উগ্রবাদ থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সুইসাইড (আত্মহত্যা) করে মানুষ হত্যা করে কোন বেহেশতে যাচ্ছে তারা? এই বিপথ থেকে তাদের সরাতে হবে। এটা একটা ভুল ব্যাখ্যা দিয়ে ইসলাম ধর্মের নামে বদনাম দেয়া হয়। এই বদনামের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে।’ ‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজ এদেশের মানুষ দু’বেলা পেটভরে ভাত খেতে পারছে’ উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘আজকে সকলকে আমরা ঘর তৈরি করে দিচ্ছি, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সায় ৩০ প্রকার ওষুধ দিচ্ছি, মানুষকে শিক্ষা এবং কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করে দেয়ায় তারা দেশে-বিদেশে কাজ করার সুযোগ পাচ্ছে, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যাতে ধর্মীয় শিক্ষার সাথে পার্থিব শিক্ষা নিয়ে সকলে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে এবং আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারে, সে ব্যবস্থাটাই আমরা করে দিচ্ছি।’ অনুষ্ঠানে বিজয়ী পাঁচজন হাফেজের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, নগদ অর্থের চেক এবং সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। তারা হলেন- প্রথম হাফেজ আফফান বিন সিরাজ, দ্বিতীয় হাফেজ মো: ওসমান গণি, তৃতীয় হাফেজ মো: আবু জাফর শাকিল (দৃষ্টি প্রতিবন্ধী), চতুর্থ হাফেজ মো: খালিদ সাইফুল্লাহ এবং পঞ্চম হাফেজ মো: মোতাসিম বিল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাপরিচালক মাওলানা মুফতি উবায়দুর রহমান খান নদভীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তৃতা করেন। যার মধ্যে রয়েছেন সুফী মো: মিজানুর রহমান এবং হযরত মাওলানা সালাউদ্দিন নানোপুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও বাংলাদেশের দ্বীনি সেবা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আবুল কালাম আজাদ।

আগস্ট ১২, ২০২৩
সংসদ সদস্যদের জনকল্যাণে জীবন উৎসর্গ করার আহ্বান প্রধানমন্ত্রীর - image

সংসদ সদস্যদের জনকল্যাণে জীবন উৎসর্গ করার আহ্বান প্রধানমন্ত্রীর

03 সেপ্টেম্বর 2023, বিকাল 6:00

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদ সদস্যদের নিজ এলাকার উন্নয়ন ও কল্যাণে জীবন উৎসর্গ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘মানুষের সেবা করা সবচেয়ে বড় গুণ এবং এর চেয়ে বড় কিছু নেই। রাজনৈতিক নেতাদের উচিত জনগণের সেবায় নিয়োজিত করা। সংসদে নাটোর-৪ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুল কুদ্দুস ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে শোক প্রস্তাবে রোববার (৩ সেপ্টেম্বর) সংসদে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রেবেকা মমিন ও মো. আবদুল কুদ্দুস সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। আমি নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা অনুসরণ করে জনগণের দোরগোড়ায় দেশের স্বাধীনতা অর্জনের সুফল পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এটাই আমাদের একমাত্র লক্ষ্য।’ শোক প্রস্তাব দিয়ে সংসদের অধিবেশন শুরু হওয়া খুবই মর্মান্তিক- উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘আমি ভেবেছিলাম এবার ব্যতিক্রম হতে পারে। কিন্তু তা হয়নি। এই সংসদের ২৮ জন সদস্য মারা গেছেন যাদের মধ্যে ২৬ জনই আওয়ামী লীগের। আবদুল কুদ্দুস সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন। খুবই সাহসী ছিলেন। নাটোর ছিল সন্ত্রাসের জায়গা। সেখানে তিনি কয়েকবার নির্বাচিত হয়েছেন। তিনি মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন।’ রেবেকা মমিনকে ছাত্রজীবন থেকেই চিনতেন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ জনগণের কল্যাণের জন্য রাজনীতি করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণের কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের উন্নয়নের ধারা তৃণমূল পর্যায়ে পৌঁছেছে। সংসদ সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করায় এটি সম্ভব হয়েছে।’ বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার জন্য তাঁর সরকারের প্রচেষ্টার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে সরকার প্রধান বলেন, ‘আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি। বাংলাদেশকে আরও উন্নত করতে হবে।’ বীর মুক্তিযোদ্ধা, সাবেক ধর্মমন্ত্রী ও সাবেক এমপি অধ্যক্ষ মতিউর রহমান, সাবেক এমপি অধ্যাপক পান্না কায়সার, সাবেক এমপি মোহাম্মদ উল্লার মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করে। সংসদ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান, একুশে পদক বিজয়ী কবি মোহাম্মদ রফিক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর স্ত্রী কামরুন্নেসা আশরাফ দিনা, কাজী নাবিল আহমেদ এমপির বাবা প্রকাশক ও অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের সম্পাদক কাজী শাহেদ আহমেদ, কানিজ ফাতেমা আহমেদ এমপির বাবা কামাল উদ্দিন আহমেদ খান এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কৃষিবিদ ও কাজী পেয়ারার উদ্ভাবক ড. কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওয়াশিকা আয়েশা খান, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাজ্জাদুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, আবদুল আজিজ, মশিউর রহমান রাঙ্গা প্রমুখ শোক প্রস্তাবের ওপর বক্তব্য দেন। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন, যা সর্বসম্মতিক্রমে পাস হয়। এক মিনিট নীরবতা পালন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানী। পরে বর্তমান সংসদের সংসদ সদস্যদের মৃত্যুর কারণে প্রথা অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।

সেপ্টেম্বর ০৩, ২০২৩
পবিত্র শবে বরাত আজ - image

পবিত্র শবে বরাত আজ

24 ফেব্রুয়ারি 2024, বিকাল 6:00

সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে আজ রোববার (২৫ ফেব্রুযারি) রাতে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখের দিনগত রাতটি মুসলমানরা শবে বরাত হিসেবে পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে। এ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির প্রেক্ষিতে আসন্ন পবিত্র রমজানে সমাজের অসহায়, দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আর কিছু দিন পরই আসছে পবিত্র রমজান মাস। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের জন্য দেখা দিয়েছে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি। এ প্রেক্ষিতে সমাজের অসহায়, দরিদ্র ও দুর্দশাগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে আমি বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি। পরম করুণাময় সব সংঘাত-সংকট থেকে বিশ্ববাসীকে রক্ষা করুন।’ ‘পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় এক রজনী’ উল্লেখ করে রাষ্ট্রপতি এ উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। অপর এক পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র শবে বরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘মহান আল্লাহতায়ালা পবিত্র শবে বরাত রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত।’ পবিত্র এই রজনীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন শেখ হাসিনা। এ রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। পবিত্র শবে বরাত ১৪৪৫ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। রোববার এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ‘পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ করবেন জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ রুহুল আমীন। রাত ৮টা ৫০ মিনিটে ‘পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয়’ শীর্ষক ওয়াজ করবেন মাদারীপুর জামেআতুছ সুন্নাহ শিবচরের মুহতামিম হযরত মাওলানা নেয়ামত উল্লাহ ফরিদী। রোববার দিনগত রাত সাড়ে ১২টায় ‘আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনে করণীয়’ শীর্ষক ওয়াজ করবেন ঢাকার বাদামতলীর শাহাজাদ লেন জামে মসজিদের খতীব শায়খুল হাদিস মুফতী নজরুল ইসলাম কাসেমী। আর রাত ৩টা ১৫ মিনিটে ‘নফল নামাজের গুরুত্ব ও ফজিলত’ শীর্ষক ওয়াজ করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. মিজানুর রহমান। আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ভোর সাড়ে ৫টায়। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী মো. মিজানুর রহমান। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ-মাহফিলসহ এবাদত বন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করবেন মুসলমানরা।

ফেব্রুয়ারি ২৪, ২০২৪
জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা, সর্বোচ্চ ২৯৭০ - image

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা, সর্বোচ্চ ২৯৭০

20 মার্চ 2024, বিকাল 6:00

১৪৪৫ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ১১টায় জতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়, ইসলামী শরীয়াহ মতে, আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ১১৫ টাকা প্রদান করতে হবে। যব দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৪০০ টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ৪৭৫ টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ১৪৫ টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য দুই হাজার ৯৭০ টাকা ফিতরা প্রদান করতে হবে। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজারমূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপর্যুক্ত পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজারমূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। উল্লেখ্য, উপর্যুক্ত পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। সভায় কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি মুহাম্মদ মাহমুদুল হাসান, জামিয়া শরইয়্যাহর মুহাদ্দিস মুফতি আবদুস সালাম, সার্কিট হাউস জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আরিফ উদ্দীন মারুফ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান, মো. আনিছুর রহমান সরকার, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমানসহ বিশিষ্ট ওলামায়ে-কেরামরা উপস্থিত ছিলেন।

মার্চ ২০, ২০২৪
দুই সহোদরকে পিটিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: র‌্যাব মুখপাত্র - image

দুই সহোদরকে পিটিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হবে: র‌্যাব মুখপাত্র

27 এপ্রিল 2024, বিকাল 6:00

ফরিদপুরে দুই সহোদর হাফেজকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশের এলিট ফোর্স র‌্যাবের গোয়েন্দা শাখা। এ ঘটনায় যারা জড়িত, যাদের জড়িত বলে স্থানীয় প্রশাসন শনাক্ত করেছে তাদের অচিরেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। রোববার (২৮ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয়পর্ব ও মতবিনিময় সভায় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কমান্ডার আরাফাত ইসলাম বুধবার (২৪ এপ্রিল) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হয়েছেন। ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। তাদের গ্রেপ্তারে এলিট ফোর্স র‌্যাব কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছে– জানতে চাইলে তিনি বলেন, র‌্যাবের ইনটেলিজেন্স উইং বিষয়টি নিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে র‌্যাব এ ঘটনায় কাজ করছে। অচিরেই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে সাইবার জগতে। যারা অপচেষ্টা করছে তাদের শনাক্ত করা হয়েছে কি না– জানতে চাইলে কমান্ডার আরাফাত বলেন, একটা অপরাধ সংঘটনের পর অপচেষ্টা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে। অপরাধী গ্রেপ্তার হলেই সব বেরিয়ে আসবে। সাগর-রুনি হত্যাকাণ্ডের চার্জশিট বারবার পেছানো হচ্ছে। বিষয়টি বিচারিক প্রক্রিয়াতেই যায়নি। এ ব্যাপারে তিনি বলেন, বিষয়টি চাঞ্চল্যকর ও তদন্ত প্রক্রিয়াধীন। উপজেলা নির্বাচন নিয়ে র‌্যাব কী ধরনের তৎপরতা চালাচ্ছে– জানতে চাইলে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, সারা দেশে চার পর্বে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিবেশ তৈরির জন্য র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও র‌্যাব সদস্যরা কাজ করছেন। কোন বিষয়টিকে কাজ করার ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন– জানতে চাইলে কমান্ডার আরাফাত ইসলাম বলেন, প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে, সেগুলো নিয়ে আমরা কাজ করি। আমার আগে যে কর্মকর্তারা কাজ করে গেছেন। ঊর্ধ্বতনরা যে লিগ্যাসি রেখে গেছেন সেটাই আমি বহন করব। র‌্যাবের কার্যক্রমকে আরও বেগবান করব। গত দুই বছর ক্রসফায়ার নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি কি খুব ভাল হয়ে গেল যে র‌্যাবের সঙ্গে কোনো ক্রসফায়ার নেই। নাকি অন্য কোনো চাপে ক্রসফায়ার হচ্ছে না– জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে এ পর্যায়ে কথা বলার কিছু নেই। র‌্যাব কেন, আত্মরক্ষার অধিকার সবার আছে। ক্রসফায়ার শব্দটি আমি ব্যবহার করতে চাই না। আমরা সবসময় চাই বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড না ঘটুক। যদিও বিভিন্ন সময় এটা নিয়ে ভিন্নখাতে আলোচনা হয়। কিশোর গ্যাং ও অস্ত্র মাদক সম্পর্কে এক প্রশ্নের জবাবে র‌্যাবের মিডিয়া উইংয়ের এ কর্মকর্তা বলেন, মাদক নিয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায়ে নির্দেশনা পেয়েছি। আমরা কাজ করছি। প্রচুর কিশোর গ্যাং সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। এদের আশ্রয়-প্রশ্রয় ও মদদদাতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তদন্ত করে এটা খুঁজে বের করা হবে। কিশোর গ্যাং চক্রকে আমরা সমূলে উৎখাত করব। এজন্য গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি। কুকি-চিনের তৎপরতা নির্মূলে র‌্যাব ও যৌথ বাহিনীর অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যৌথ বাহিনী কাজ করছে। র‌্যাব যৌথবাহিনীর অংশ। এটা নিয়ে কিছু গোপনীয়তা রয়েছে অভিযানের স্বার্থে। এতটুকু বলতে পারি, র‌্যাব এক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে।

এপ্রিল ২৭, ২০২৪
আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলেকে ফেরত আনল বিজিবি - image

আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ জেলেকে ফেরত আনল বিজিবি

14 অক্টোবর 2024, বিকাল 6:00

মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্ত দিয়ে আরাকান আর্মি জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করে। ফিরিয়ে আনা জেলেরা হলেন- রামু উপজেলার তুরিঙ্গাকাটা গ্রামের মো. ইসমাইল (২৭), সদর উপজেলার আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২) ও মো. জয়নাল (৫৫)। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ সেপ্টেম্বর সকালে নুনিয়ারছড়া ফিশারিঘাট থেকে ১৬ জেলে একটি ট্রলারে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত ৫ অক্টোবর সন্ধ্যায় তিনটি ট্রলারে করে অজ্ঞাত সন্ত্রাসীরা জেলেদের মারধর করে ট্রলারের ডেকে বন্দী করে রাখে। পরে ৭ অক্টোবর ভোরে সন্ত্রাসীরা জেলেদের বঙ্গোপসাগরের মায়ানমার অংশে একটি চরে ছেড়ে দেয়। পরে জেলেরা মায়ানমারের বেসামরিক জনগণের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করে। এই জেলেরা প্রায় ছয় দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত ১৩ অক্টোবর তাদের আটকের বিষয়টি বিজিবিকে জানায়। পরে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে ১৬ জন জেলেকে ফেরত এনে তাদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করে।

অক্টোবর ১৪, ২০২৪
বৈশাখী মেলায় ঘুরতে এনে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন স্বামী। - image

বৈশাখী মেলায় ঘুরতে এনে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন স্বামী।

14 এপ্রিল 2025, বিকাল 6:00

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পয়লা বৈশাখ উপলক্ষে মেলায় ঘুরতে নিয়ে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রী লাকি বেগমকে (১৮) গলা কেটে হত্যা করেছেন সাকিব নামের এক ব্যক্তি। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সোমবার রাত ৯টার দিকে একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিউদ্দিনের মাজার এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহত লাকি বেগম স্বামী সাকিবের সঙ্গে নোয়াখালী মেডিকেল কলেজ এলাকার বেদেপল্লিতে বসবাস করতেন। পুলিশ জানায়, এক বছর আগে সাকিব ও লাকির বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল। পয়লা বৈশাখের বিকেলে সাকিব লাকিকে মেলায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। সন্ধ্যায় তারা একসঙ্গে একলাশপুরের মেলায় যান। কিছুক্ষণ ঘোরাঘুরির পর নাগরদোলায় ওঠেন তারা। সেখানেই সাকিব লাকির গলা কেটে দেন। ঘটনার পর উপস্থিত লোকজন বিষয়টি বুঝতে পেরে সাকিবকে আটক করে মেলায় দায়িত্বে থাকা পুলিশের কাছে হস্তান্তর করে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, সাকিবকে আটক করা হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। লাকির মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এপ্রিল ১৪, ২০২৫
গাজায় চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশি সেবা সংস্থা - image

গাজায় চিকিৎসা সহায়তা দিচ্ছে বাংলাদেশি সেবা সংস্থা

05 আগস্ট 2025, বিকাল 6:00

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে চিকিৎসা ও খাদ্য সংকটে যখন প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে শত শত মানুষ, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশভিত্তিক সরকার-নিবন্ধিত সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। গত ১ আগস্ট থেকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের চারটি সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা, খাদ্য ও পানির সহায়তা দিয়ে যাচ্ছে সংস্থাটি। এর আগে, ৩১ জুলাই ফিলিস্তিন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সিল ও স্বাক্ষরযুক্ত একটি অনুমতিপত্র দিয়ে সংস্থাটিকে সেখানে কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। সহায়তা প্রদানকারী হাসপাতালগুলো হলো— পশ্চিম গাজার মুজাম্মাউশ শিফা আত-তিব্বি (শারে আল-ওয়াহদাহ) উত্তর গাজার রানতিসি বিশেষায়িত শিশু হাসপাতাল (আন-নসর) মধ্য গাজার আল-আকসা হাসপাতাল (ডেয়ার আল-বালাহ) দক্ষিণ গাজার ইউরোপিয়ান গাজা হাসপাতাল (খান ইউনুস) এই কার্যক্রমের আওতায় হাফেজ্জী চ্যারিটেবলের স্বেচ্ছাসেবকরা যুদ্ধবিধ্বস্ত হাসপাতালের বারান্দা থেকে শুরু করে আশ্রয় শিবির পর্যন্ত পৌঁছে দিচ্ছেন ওষুধ, খাদ্য, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা। এছাড়া রাফাহ সীমান্ত হয়ে গাজায় প্রবেশ করা তিন শতাধিক শিশুর জন্য একটি স্কুল পরিচালনার উদ্যোগও গ্রহণ করেছে সংস্থাটি। এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুরা ‘বাংলাদেশ’ নামটি উচ্চারণ করছে কৃতজ্ঞতা ও আশার প্রতীক হিসেবে। সংস্থার সহ-সভাপতি মাওলানা মুহসিন বিন মুঈন জানান, হাফেজ্জী চ্যারিটেবলের প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ব্যবস্থার আওতায় মিশরে গিয়ে ফিলিস্তিনি দায়িত্বপ্রাপ্তদের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন। পরবর্তীতে এই অর্থ ব্যাংক অব ফিলিস্তিন-এর মাধ্যমে গাজায় পৌঁছে দেওয়া হয়। কোনো সময় প্রতিনিধি উপস্থিত না থাকলে, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিশ্বস্ত ছাত্রদের মাধ্যমেও এই সহায়তা পৌঁছানো হয়। সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম মিয়া বলেন, “মানবতার পক্ষে দাঁড়ানো কোনো অপরাধ নয়। যুদ্ধ থামাতে পারেনি আমাদের মনুষ্যত্ববোধ। আমরা পাশে দাঁড়িয়েছি সেই নিষ্পাপ শিশুদের, যাদের শৈশব কেঁদে মুছে গেছে ধ্বংসস্তূপে। ইতিহাসই প্রমাণ রাখবে—মানবিকতার পক্ষে সাহসিকতাই শ্রেষ্ঠ।” ফিলিস্তিনে এই মানবিক সহায়তা কার্যক্রম বাংলাদেশের আন্তর্জাতিক সহানুভূতি এবং একান্ত মানবিক দায়িত্ব পালনের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এম আর/ এটিএন বাংলা

আগস্ট ০৫, ২০২৫
সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন অনন্ত জলিল - image

সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন অনন্ত জলিল

26 আগস্ট 2025, বিকাল 6:00

অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ, একসময় বিজ্ঞাপনের এই সংলাপে তুমুল জনপ্রিয়তা পান ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল। তিনি অভিনয় করেছেন সিনেমায় এবং মন কেড়েছেন লাখো দর্শকের। নিজের প্রযোজিত পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ছাড়াও গার্মেন্টস ব্যবসায় বেশ নাম কুড়িয়েছেন তিনি। এছাড়া চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে আলোচিত তারকা দম্পতি তিনি ও তার স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। তাদের জুটি যেন কেবল সিনেমায়ই নয় বরং বাস্তবেও তারা পাওয়ার কাপল। কিন্তু এবার তারা আলোচনায় এলেন এক ভিন্ন কারণে। কিছুদিন আগে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা বর্ষা। এবার সেই একই পথে হাঁটার ঘোষণা দিলেন অনন্ত জলিলও। ইসলামের আলোয় আলোকিত করতে চান নিজের সন্তানদের জীবন—তাই রূপালি জগত থেকে সরে আসছেন তিনিও। আর এমন ঘোষণায় যেন হতবাক তার ভক্তরা। শনিবার রাতে একটি টকশোতে উপস্থিত হয়ে অনন্ত জলিল বলেন,আমার দুই ছেলে মাদ্রাসায় পড়াশোনা করছে। একজন কোরআনের হাফেজ, আরেকজনও মুখস্ত করছে। আমাদের নিয়ত, ওদের ইসলামের খেদমতে বড় আলেম বানাবো। তখন যদি দেখে, বাবা-মা সিনেমায় অভিনয় করছেন, সেটা মানানসই হবে না। যদিও বর্ষা আগেই জানিয়েছিলেন, সন্তানরা বড় হলে তারা মায়ের ‘নায়িকা পরিচয়’ কীভাবে নেবে— সেটিই তার প্রধান দুশ্চিন্তা। আর এবার স্বামী-স্ত্রী দুজনই এক কণ্ঠে বললেন, ইসলামী শিক্ষা ও সন্তানের ভবিষ্যতের জন্য তারা চলচ্চিত্র ছাড়তে প্রস্তুত। তবে এখনই তারা বিদায় জানাচ্ছেন না ভক্তদের। এই দম্পতির হাতে এখনো দ্য স্পাই , নেত্রী: দ্য লিডারের মত কয়েকটি বড় বাজেটের সিনেমা বাকি আছে। “সহ আন্তর্জাতিক মানের প্রজেক্ট, যেখানে আছেন ভারতীয় তারকারাও। অনন্ত জলিল স্পষ্ট করেছেন, এগুলো শেষ করেই ধীরে ধীরে বিদায় নেবেন রূপালি পর্দা থেকে।   এমি/এটিএন বাংলা

আগস্ট ২৬, ২০২৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo