logo
youtube logotwitter logofacebook logo

রিয়াল

অনলাইনে বিনা মূল্যে ভার্চুয়াল শিক্ষা - image

অনলাইনে বিনা মূল্যে ভার্চুয়াল শিক্ষা

23 মে 2016, বিকাল 6:00

বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের তরুণ সমাজ অবসরের বেশির ভাগ সময় পার করে দিচ্ছেন অনলাইনে। তথ্য প্রযুক্তির এই ছোয়া আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে পৌঁছে গেছে বাংলাদেশের প্রতিটি গ্রাম-গঞ্জেও। তাই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।অনলাইনে বিনা মূল্যে ভার্চুয়াল শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে অলাভজনক ওয়েব সাইট এলানটিচ ডটকম।তাই এলানটিচ ডটকম স্বল্প পরিসর বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্ব পরিমণ্ডলে দেশি বিদেশি তরুণ সমাজের অসংখ্য পাঠক ভিজিট করে যাচ্ছে প্রতিনিয়ত। এলানটিচ ডটকমে বিশ্বের যে কেউ তার মেধা, জ্ঞান অর্জন বা জ্ঞানের বিকাশ ঘটাতে পারেন। দেশে বিদেশে ইতোমধ্যে অনেক সদস্য হয়েছে। সাইটিতে আগ্রহীরা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়ে প্রযুক্তিজ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রমে সাহায্য করতে পারবেন। এতে বিখ্যাত মানুষের জীবনী, তথ্যপ্রযুক্তি, সাধারণ শিক্ষাসহ বিশ্ব সম্পর্কিত নানা তথ্য যোগ করার সুযোগ রয়েছে। এলানটিচ ডটকমের ভার্চুয়াল শিক্ষায় যা যা থাকছে । বর্নমালায় অনলাইন ভিডিও: পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে শিশুরা তাদের শেখার জন্য মজার এনিমেশন অনলাইন ভিডিও ভিক্তিক টিউটোরিয়াল, বাংলা বর্নমালা (স্বরবর্ন, ব্যঞ্জনবর্ণ), আরবী এবং ইংলিশ বর্নমালা শিখতে পারবে। শিশুরা এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সহজে বর্নমালা শিখতে পারে। বিখ্যাত ব্যক্তিদের জীবনী: সারা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের যেমন কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ব্যবসায়িক, দার্শনিক, অভিনেতা, অর্থনীতি বিদ, রাজনীতিবিদের জীবন কাহিনী ভিডিওসহ তুলে ধরা হয়েছে। আরো রয়েছে কবি নজরুল ইসলামের নিজের কণ্ঠের কবিতা এবং যোগ করা হচ্ছে তাদের জীবনের নানা তথ্য। অনলাইনে সরাসরি পরীক্ষা: এলানটিচ ডট কমে একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সাথে সাথে পরীক্ষার রেজাল্ট পেতে পারে এবং কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তা নিজে নিজে দেখতে পারে, যা অটোমেটিকভাবে পরীক্ষার রেজাল্ট দিয়ে থাকে। একজন শিক্ষার্থী সহজে বিনামূল্যে পরীক্ষায় অংশগ্রহণ করে জ্ঞান বাড়াতে পারে। আরো এতে রয়েছে আইকিউ টেস্টের সুযোগ। সাধারণ জ্ঞানের তথ্য: এই ওয়েবসাইটে বিসিএস ও ভর্তি পরীক্ষার জন্য বাংলাদেশ, পৃথিবীর বিস্ময়কর সব খবর , ধর্মীয়, মানুষের শরীর ও আন্তজার্তিক বিষয়ের উপর সাধারণ জ্ঞানের তথ্য পাওয়া যাবে। প্রযুক্তিতে অনলাইন ভিডিও টিউটোরিয়াল: জ্ঞানভিত্তিক ও অনলাইনে মুক্ত জ্ঞান বিকাশের লক্ষ্যে বিজ্ঞান, ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলোপমেন্টের ভিডিও টিউটোরিয়াল পাওয়া যাবে ও এ সকল বিষয়ের তথ্য প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে। জীবনের পরামর্শ: প্রতিটি মানুষের জীবনের নানা সমস্যার সমাধান তুলে ধরা হচ্ছে এই ওয়েব সাইটিতে। তাছাড়াও ক্যারিয়ারের বিষয়ে পরামর্শ এবং সফল ব্যক্তিদেরও তথ্য রয়েছে। স্বেচ্ছাসেবক ও ই-ট্রেইনার হিসেবে যোগ: বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি, জ্ঞানভিত্তিক ও অনলাইনে মুক্ত জ্ঞানের উপর ভিত্তি করে, স্বেচ্ছাসেবক ও ই-ট্রেইনার হিসেবে যোগ দিতে পারেন এলানটিচ ডট কমে। তাই আপনিও চাইলে যোগ দিতে পারেন এলানটিচ ডটকমের সকল সদস্যদের সঙ্গে। আপনি স্বেচ্ছাসেবক ও ই-ট্রেইনার হিসেবে যোগ দিয়ে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর এর সকল কার্যক্রমকে সফলতার সাথে এগিয়ে নিতে সহায়তা করতে পারবেন। এছাড়াও এতে সকল ইউনিভার্সিটি ও মেডিকেলের তথ্য পাওয়া যাবে। সাধারণ শিক্ষাসহ বিশ্ব সম্পর্কিত নানা তথ্য যোগ করার সুযোগ রয়েছে সাইটটিতে। বিস্তারিত জানার জন্য ভিজিট করুন (www.elanteach.com) এ।

মে ২৩, ২০১৬
আন্তর্জাতিক ইয়েমেনে পদদলিত হয়ে ৮৫ জনের মৃত্যু - image

আন্তর্জাতিক ইয়েমেনে পদদলিত হয়ে ৮৫ জনের মৃত্যু

19 এপ্রিল 2023, বিকাল 6:00

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের রাজধানী সানায় পদদলিত হয়ে অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া পদদলিত হয়ে কমপক্ষে আরও ৩২২ জন আহত হয়েছেন। যাকাতের অর্থ বিতরণের সময় পদদলনে হতাহতের এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানীতে দাতব্য সহায়তা হিসেবে যাকাতের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে ৮০ জনেরও বেশি লোক নিহত এবং আরও শত শত লোক আহত হয়েছেন বলে হুথি কর্মকর্তারা বৃহস্পতিবার এএফপিকে জানিয়েছেন। আরব উপদ্বীপের দরিদ্রতম এই দেশটি বহু বছর ধরে যুদ্ধপীড়িত এবং এই কারণে দেশটির বেশিরভাগ মানুষই দরিদ্র। একজন হুথি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সানার বাব আল-ইয়েমেন জেলায় পদদলিত হওয়ার পর কমপক্ষে ‘৮৫ জন নিহত এবং ৩২২ জনের বেশি আহত হয়েছেন’। নাম প্রকাশ না করার শর্তে তিনি এএফপিকে বলেন, ‘মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।’ ইয়েমেনের দ্বিতীয় একজন স্বাস্থ্য কর্মকর্তাও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় অবস্থানরত এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী একটি স্কুলের ভেতরে এই ঘটনা ঘটেছে। সেখানে যাকাতের অর্থ বিতরণ করা হচ্ছিল। নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং যাকাত বিতরণে অনিয়মের জন্য দায়ীদেরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এই ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। হুথির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য হতাহতের সঠিক সংখ্যা প্রদান করেনি। তবে তারা বলেছে, কয়েকজন ব্যবসায়ীর এলোমেলোভাবে অর্থ বিতরণের সময় পদদলিত হওয়ার কারণে কয়েক ডজন লোক মারা গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে একটি বড় কমপ্লেক্সের ভেতরে মাটিতে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। সেসময় চারপাশে অবস্থান করা লোকেদের চিৎকার করতেও দেখা যায়। তবে এএফপি স্বাধীনভাবে এই ভিডিও ফুটেজটি যাচাই করতে পারেনি।অন্যদিকে উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট দু’জন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শত শত মানুষ যাকাতের অর্থ গ্রহণের জন্য একটি স্কুলে ভিড় করেছিলেন। এসময় সেখানে জনপ্রতি ৫ হাজার ইয়েমেনি রিয়াল বা প্রায় ৯ মার্কিন ডলার করে সেখানে দেয়া হচ্ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে আরও বলেছে, যাকাতের অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজনের জন্য দায়ী দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে। ২০১৪ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখলে নিলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। এর পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করতে সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপ কামনা করা হয়। গত অক্টোবরে মেয়াদ শেষ হওয়ার পরও গতবছর জাতিসংঘের মধ্যস্থতায় ৬ মাসের যুদ্ধবিরতি নাটকীয়ভাবে হ্রাস পায়। এই যুদ্ধকে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক ট্র্যাজেডিগুলোর একটি হিসেবে বর্ণনা করেছে। জাতিসংঘের মতে, ইয়েমেনের দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে। যারমধ্যে হুথি নিয়ন্ত্রিত এলাকার সরকারি-কর্মচারীরাও রয়েছে, যারা বছরের পর বছর বেতন পাননি।

এপ্রিল ১৯, ২০২৩
কয়লা সঙ্কটে ধুঁকছে পায়রা-রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা - image

কয়লা সঙ্কটে ধুঁকছে পায়রা-রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা

01 মে 2023, বিকাল 6:00

বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা সঙ্কটের অভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডলার সঙ্কটের কারণে কয়লা আমদানির বিল পরিশোধ করছে পারছে না বাংলাদেশ।এছাড়া গত ২৩ এপ্রিল থেকে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে কয়লা সঙ্কটের কারণে।বিশেষজ্ঞরা বলছেন, কয়লা সরবরাহ নিশ্চিত করতে না পারলে সামনের দিনগুলোতে বিদ্যুতের চাহিদা মেটানো অসম্ভব হয় পড়বে। সাধারণ মানুষ যেমন লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়বে এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোতেও এর ব্যাপক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়লা সঙ্কট কেন? পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লা আমদানি করা হয় ইন্দোনেশিয়া থেকে। প্রতিদিন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১১ থেকে ১২ হাজার টনের বেশি কয়লা প্রয়োজন হয় এই কেন্দ্রে।তবে বর্তমানে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার মজুত রয়েছে ১৫ থেকে ১৬ দিনের মতো। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এএম খোরেশেদুল আলম বিবিসি বাংলাকে জানিয়েছেন, আমদানির বিল বকেয়ার কারণে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আমদানি করা যাচ্ছে না। তিনি বলেন, ‘সবসময় ছয় মাসের বাকিতে কেনার চুক্তি আমার হয়েছে। কিন্তু আমি ছয় মাস পরেও পেমেন্ট করতে পারছি না। যেমন জানুয়ারিতে যে কয়লার পেমেন্ট তারা করেছে সেটা জুলাইয়ে আমার পেমেন্ট করার কথা। কিন্তু সেটা করতে পারছি না। ফলে ছয়মাস পর আমার পেমেন্ট ওভারডিউ হয়ে গেল।’ খোরেশেদুল আলম বলেন, বকেয়া বিল পরিশোধ করা না গেলে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন বা সিএমসি আর টাকা দেবে না। আর সেটা না হলে কয়লা সরবরাহকারী প্রতিষ্ঠানও কয়লা সরবরাহ করবে না। পায়রা বিদ্যুৎকেন্দ্রে যৌথ মালিকানায় রয়েছে, বাংলাদেশের নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিএমসি।উল্লেখ্য, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ইন্দোনেশিয়ার যে কোম্পানি কয়লা সরবরাহ করে সেই কোম্পানির কয়লার দাম পরিশোধ করে সিএমসি।অর্থাৎ, সিএমসি কয়লা ক্রয়ের ছয় মাস পরে বাংলাদেশ অর্থ পরিশোধ করতে পারবে। এমন বিষয় চুক্তিতে উল্লেখ আছে। কিন্তু সমস্যা হচ্ছে, ডলার সঙ্কটের কারণে ছয়মাস পরেও বাংলাদেশ সিএমসিকে অর্থ পরিশোধ করতে পারছে না। খোরেশেদুল আলম, ‘ওয়ার্কিং ক্যাপিটাল সবসময় প্রোভাইড করে আসছে সিএমসি। ওয়ার্কিং ক্যাপিটাল হলো আমরা ইন্দোনেশিয়া থেকে যে কয়লা কিনছি সেই কয়লার ইনভয়েসের এগেইনস্টে তারা এলসি করে পেমেন্ট করছে।’ ‘ওদের পেমেন্টটা হলো ডেফার্ড পেমেন্ট, ছয় মাসের দেরিতে পরিশোধের পেমেন্ট। অর্থাৎ জানুয়ারিতে যে পেমেন্ট তারা করবে ওইটা আমরা জুলাইয়ে পরিশোধ করব। চুক্তিটা এরকম। সেক্ষেত্রে আমরা ছয়মাসেও তাদের পেমেন্টটা করতে পারছি না। ছয় মাসের ওপরে আরো পাঁচ মাস চলে গেছে, এখনো সেটা শোধ করতে পারছি না।’ তিনি বলেন, ‘ফরেন কারেন্সির যে ক্রাইসিস চলছে সেজন্য বকেয়া পরিশোধ অনেক দেরি হয়ে গেছে। ওভারডিউ পেমেন্ট না করলে তো তারা আর কয়লা দিবে না।’ কয়লা সঙ্কটের কারণে গত ২৩ এপ্রিল থেকে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্রটির দু’টি ইউনিটের মধ্যে একটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন চলছিল। তবে ডলার সঙ্কটের মধ্যে কয়লা আমদানি বন্ধ হয়ে গেলে উৎপাদন শুরুর ২৭ দিনের মাথায় পর্যাপ্ত কয়লা না থাকায় গত ১৪ জানুয়ারি উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর কয়লা সরবরাহ স্বাভাবিক হওয়ায় এক মাসের মাথায় আবার উৎপাদনে ফিরে কেন্দ্রটি তারপরও সংশয় ছিল কয়লা আমদানি অব্যাহত থাকবে কিনা। প্রতিদিন কেন্দ্রটির একটি ইউনিট চালু রাখতে প্রয়োজন পাঁচ হাজার টন কয়লা।এপ্রিল মাসে আবারো কয়লা সঙ্কটের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্রে। এই কেন্দ্রের জন্যও কয়লা আমদানি করা হয় ইন্দোনেশিয়া থেকে। সংশ্লিষ্টরা বলছেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ হওয়ার প্রভাব পড়েছে বিদ্যুৎ সরবরাহেও। ডলার সঙ্কটের কারণে ঋণপত্র খুলতে না পারার কারণেই যে কয়লার মজুদ একদম কমে গেছে সে কথাই বারবার বলছেন সংশ্লিষ্টরা। প্রয়োজন ডলারের কয়লার সঙ্কটে বারবার বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়া ‘সাঙ্ঘাতিক সিরিয়াস ইস্যু’ হিসেবে বর্ণনা করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন। তিনি বলেন, ‘আমাদের এখন কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন খুব গুরুত্বপূর্ণ। আমাদের পরিকল্পনাই ছিল এই বছরটায় কয়লার ওপর নির্ভরশীল হবো। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন বেশি করবো কয়লা দিয়ে।’কয়লা আমদানি যদি না করা যায় তাহলে গত বছরের মতো পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন ইজাজ হোসেন।এ বছর বিদ্যুতের চাহিদা গত বছরের তুলনায় বেশি উল্লেখ করে তিনি বলেন ‘কয়লা সঙ্কটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলে এ বছর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরো খারাপ হতে পারে’। ‘ঠিকমতো যেন কয়লার যোগান দেয়া যায় সেদিকে সরকারকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। ডলার সঙ্কটের কারণে হলেও এদিকে বিশেষ নজর দিতে হবে। যেটাই আমরা কিনি আমরা যদি এলএনজি কিনি, তেল কিনি বা কয়লা কিনি সবই তো ডলার লাগবে। তাহলে কেন এখানে ডলার সঙ্কট ইস্যু হবে?’সবচেয়ে সাশ্রয়ী জ্বালানি ক্রয়ের দিকে জোর দেয়া উচিত বলে মনে করছেন ইজাজ হোসেন। বিদ্যুৎ উৎপাদন যদি ব্যাহতও হয় তাহলে তার প্রভাব যেন রফতানিমুখী শিল্পে না পড়ে সেদিকে নজর রাখা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডলারের ঘাটতি বাংলাদেশের জন্য একটি 'উভয় সঙ্কট' তৈরি করেছে। ডলার সাশ্রয় করতে গিয়ে কয়লা আমদানি কম হচ্ছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যহত হবে। এর নেতিবাচক প্রভাব পড়বে শিল্প খাতে। রফতানিমুখি শিল্প ক্ষতিগ্রস্ত হলে ডলারের যোগানও ক্ষতিগ্রস্ত হবে। ‘আমাদের বেশিরভাগ ইন্ডাস্ট্রি এক্সপোর্টের জন্যই চলে। আমাদের এক্সপোর্টটা খুব গুরুত্বপূর্ণ। এদিকে ডলার বাঁচালাম ওদিকে ডলার কমে গেল তাহলে তো লাভ হলো না -এটা মনে রাখতে হবে,” বলছিলেন ইজাজ হোসেন। সরকার কী বলছে? বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, এই সমস্যার দ্রুত সমাধানে তারা তৎপর আছেন। বিদ্যুৎ উৎপাদন যেন ব্যাহত না হয় সেজন্য যে উদ্যোগ নেয়া দরকার তা নেয়া হচ্ছে। ‘কয়লার সরবরাহ নিশ্চিত হবে সেজন্য কাজ করছি। রামপালের কাজ শুরু হবে। একটা পাওয়ার প্ল্যান্টে শুরুর দিকে সমস্যা থাকে। কয়লার ব্যবস্থাও হয়েছে। দুই একদিনের মধ্যেই কাজ শুরু হবে, বলেন হাবিবুর রহমান।পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে যে কয়লার মজুত আছে তা থাকতে থাকতেই যেন কেন্দ্রে কয়লা আমদানি শুরু হয় তা নিয়েও কাজ চলছে বলে জানান তিনি। উল্লেখ্য, দেশে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এমন ১৫৪টি কেন্দ্র রয়েছে। যার মধ্যে বেশিরভাগই ভাড়ায় চালিত ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।তবে গত বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়ায় সরকার জ্বালানি সাশ্রয়ের জন্য ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছিল। ফলে গত বছর গরমের সময়েও ব্যাপক হারে লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যে পড়েছিল বাংলাদেশের মানুষ। এমনকি শীতকালেও লোডশেডিং হয়েছে বিভিন্ন এলাকায়। বিশেষেজ্ঞরা মতে, এ বছর গরম আসতে না আসতেই যে কয়লা সঙ্কটের মুখে পড়েছে দুটি বিদ্যুৎ কেন্দ্র তাতে সামনে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক ঘাটতি তৈরি হতে পারে। ডলারের যে সঙ্কট তৈরি হয়েছে সেটি সহসা সমাধানের আশাও দেখা যাচ্ছে। এই সঙ্কটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতের উপর। কারণ কয়লা হোক আর তেল হোক- বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল জোগাতে প্রয়োজন ডলার। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএম খোরশেদুল আলম বলছেন, কয়লা সমস্যার সমাধানের চেষ্টা নিশ্চয়ই করছে সরকার।

মে ০১, ২০২৩
এবার রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন যারা - image

এবার রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন যারা

19 মে 2023, বিকাল 6:00

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তালিকা অনুযায়ী এবার রাষ্ট্রীয় খরচে ২৩ জন হজে যাচ্ছেন। তবে এক্ষেত্রে তাদের বিমান ভাড়া পরিশোধ করতে হবে। শনিবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সরকারি খরচে হজ পালনকারীদের তালিকা প্রকাশ করেছে। ধর্ম মন্ত্রণালয় থেকে তালিকাসহ প্রধান হিসাব রক্ষণ ও অর্থ কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে পাওয়া তালিকায় ২৩ ধর্মপ্রাণ মুসলমানকে সরকার ঘোষিত প্যাকেজ মূল্যের মধ্যে বিমান ভাড়া ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাঠানোর সম্মতি দেওয়া হলো।চরাষ্ট্রীয় খরচে হজ পালনের জন্য মনোনীতদের বিমান টিকিট বাবদ এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা দিতে হবে। চিঠিতে আরও জানানো হয়, রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী ব্যক্তিরা বিমানের ফ্লাইট পাওয়া সাপেক্ষে সম্ভাব্য আগামী ১০ জুন (আগে বা পরে) সৌদি আরব যাবেন। একইভাবে বিমানের ফ্লাইট পাওয়া সাপেক্ষে আগামী ১৫ জুলাই বাংলাদেশে ফিরবেন তারা।রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী ব্যক্তিরা সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী হিসেবে সরকারের সর্বনিম্ন প্যাকেজ মূল্যে উল্লেখিত সেবা পাবেন। তারা দৈনিক ভাতা বা অন্যান্য আর্থিক সুবিধাদি পাবেন না, তবে খাওয়া খরচ বাবদ ৩৫ হাজার টাকা হজে যাওয়ার আগে হজ অফিস থেকে দেওয়া হবে। পাশাপাশি রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী প্রত্যেক হজযাত্রীকে কোরবানি খরচ বাবদ আনুমানিক এক হাজার সৌদি রিয়াল আলাদাভাবে সঙ্গে নিতে হবে বলেও জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রতি বছরই সরকার ২০০ থেকে ৩০০ ধর্মপ্রাণ অসচ্ছল ব্যক্তিকে রাষ্ট্রীয় টাকায় সম্পূর্ণ বিনা খরচে হজ করার সুযোগ দিয়ে থাকে। যদিও দেশের অর্থনৈতিক মন্দার কারণে গত বছর শুধু বিমান ভাড়া পরিশোধ সাপেক্ষে রাষ্ট্রীয় খরচে হজে পাঠানো হয়েছিল। তবে এবার হজের খরচ অত্যধিক বেড়ে যাওয়া ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় রাষ্ট্রীয় খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত ছিল সরকারের। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। তবে এবার হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি। এবার সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা।চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে সাড়ে ৩ হাজার হজযাত্রীর কোটা খালি থাকবে, তা সৌদি আরবে ফেরত যাবে বলে এরই মধ্যে জানিয়েছেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। রাষ্ট্রীয় খরচে হজে যাচ্ছেন যারা ঢাকার বড় মগবাজারের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মোল্লা ও তার স্ত্রী আফিয়া হোসেন, রংপুরের মো. বাদশা আলমগীর, জামালপুরের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল গফুর ও তার স্ত্রী জোবাইদা বেগম, ঢাকার শেরেবাংলা নগরের বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস খান, রংপুরের মো. আব্দুল কায়েম মিয়া, মাগুরা সদরের এস এম ফরিদ উজ-জামান ও তার স্ত্রী দিলশান আরা, চাঁপাইনবাবগঞ্জের অবসরপ্রাপ্ত জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মো. রাশেদুন নবী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসি মেকানিক মো. ইউসুফ আলী ও তার স্ত্রী জান্নাত আরা রাষ্ট্রীয় খরচে হজে যাবেন। এছাড়া রাষ্ট্রীয় খরচে আরও হজে যাবেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের আরবরিকালচারের মালী সাহেব আলী, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন স্টাফ কোয়ার্টার্সের সখিনা আক্তার, গোপালগঞ্জের মো. এনামুল হক শেখ, গুলশানের গাজী শাহাদাৎ হোসেন, কুমিল্লার মো. নুরুল ইসলাম, রাজধানীর উত্তর আদাবরের অধ্যক্ষ (অব.) পিএম মনসুর রহমান, গাইবান্ধার মো. নুরুল হোসেন খন্দকার, ঢাকার দক্ষিণ বনশ্রীর জামাল উদ্দিন মো. আকবর ভূঁইয়া, জয়পুরহাটের দেওয়ান মাহবুবার রহমান এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শাহাদাৎ শেখ।

মে ১৯, ২০২৩
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন হাসান মাহমুদ - image

জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন হাসান মাহমুদ

09 জুন 2023, বিকাল 6:00

জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরুর অল্পদিনেই নিজেকে অপরিহার্য করে তুলেছেন উদীয়মান পেসার হাসান মাহমুদ। মাঠের পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করে চলেছেন ক্রিকেট প্রেমীদের। এবার নিজের জীবনের দ্বিতীয় ইনিংসও শুরু করলেন হাসান। বিয়ের পিঁড়িতে বসেলেন এই টাইগার পেসার। গতকাল শুক্রবার (৯ জুন) পারিবারিকভাবে ছোট পরিসরে সম্পন্ন হয় হাসান মাহমুদের বিয়ে। হাসানের স্ত্রী চৈতি ফারিয়া ঐশীর মাদারীপুরের মেয়ে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে পড়াশোনা করছেন তিনি। আপাতত ছোট পরিসরে বিয়ে সারলেও আসন ওয়ানডে বিশ্বকাপের পর বড় অনুষ্ঠান করবেন বলেও জানা গেছে। এর আগে গত বুধবার (৭ জুন) বাগদান সারেন  হাসান মাহমুদ। কয়েকদিন আগে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছেলের অনুশীলন দেখতে এসেই বিয়ের কথা জানিয়েছিলেন হাসান মাহমুদের বাবা মো. ফারুক। বাগদান সম্পন্ন হওয়ার কথাও গণমাধ্যমের কাছেই তিনিই জনাইয়েছিলেন। বিশ্বকাপের পর বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করার কথা জানিয়ে সেসময় জাতীয় দলের সব ক্রিকেটারকে নিজের এলাকায় নিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানান হাসান মাহমুদের বাবা।

জুন ০৯, ২০২৩
ইউক্রেনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা বহালের ঘোষণা তিন দেশের - image

ইউক্রেনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা বহালের ঘোষণা তিন দেশের

15 সেপ্টেম্বর 2023, বিকাল 6:00

পাঁচটি সদস্য রাষ্ট্রে ইউক্রেনের শস্য আমদানি নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে তাৎক্ষণিক বিষয়টির বিরোধিতা করেছে পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। খবর এএফপির শুক্রবার (১৫ সেপ্টেম্বর) নিষেধাজ্ঞার মেয়াদ অবসানের বিষয়ে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে বলা হয়, ‘বিদ্যমান ব্যবস্থাগুলো আজ শেষ হয়ে যাবে।’ অর্থাৎ, নিষেধাজ্ঞা শুক্রবার দিনগত মধ্যরাত থেকে অকার্যকর। ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগ বলছে, ‘ইউক্রেনের সীমান্তবর্তী পাঁচ সদস্য রাষ্ট্রের বাজার পরিস্থিতির বিকৃতি আর নেই।’ ইইউ কমিশন বলেছে, ‘শস্যের সরবরাহ বৃদ্ধি এড়াতে’ ৩০ দিনের মধ্যে রপ্তানি লাইসেন্সিং ব্যবস্থা চালু করতে কিয়েভ সম্মত হওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে ইইউভুক্ত প্রতিবেশী দেশগুলোর বাজার বিপর্যস্ত না করতে ইউক্রেন গম, ভুট্টা ও সূর্যমুখী বীজের রপ্তানি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি কিয়েভ ও ইইউর মধ্যে ‘সত্যিকারের ঐক্য ও বিশ্বাসের উদাহরণ’। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি লেখেন, ‘যুদ্ধের সময় ইউক্রেনকে সমর্থনের জন্য আমাদের প্রতিবেশীদের প্রয়োজন। যদি তাদের সিদ্ধান্তগুলো ইইউ আইন লঙ্ঘন করে, তবে ইউক্রেন সভ্য পদ্ধতিতে প্রতিক্রিয়া জানাবে।’ ইইউ বাণিজ্য কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিস সদস্য দেশগুলোকে একতরফা পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সবাইকে চুক্তিমতো কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তবে আশ্বাস সত্ত্বেও পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়া ঘোষণা দেয়, তারা তাদের দেশে ইউক্রেনের শস্য আমদানির নিষেধাজ্ঞা বাড়িয়ে দেবে। পোলিশ সরকারের মুখপাত্র পিওটর মুলার দেশটির সংবাদ সংস্থা পিএপিকে বলেন, ‘আমরা ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের সঙ্গে একমত নই। দেশের কৃষক ও ভোক্তাদের স্বার্থে আমরা জাতীয় ব্যবস্থা প্রবর্তন করছি।’ আগামী মাসে পোলান্ডের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এতেই স্পর্শকাতর হয়ে উঠেছে ইস্যুটি। শস্য আমদানির ইস্যুতে পোল্যান্ড ও ইউক্রেনের কূটনৈতিক দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। কিয়েভ সম্ভাব্য আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। এদিকে হাঙ্গেরি জানিয়েছে, তারা চারটি বাড়িয়ে মোট ২৪ ইউক্রেনীয় পণ্যের জন্য সীমান্ত বন্ধ রাখতে চলেছে। হাঙ্গেরির নিষেধাজ্ঞার তালিকায় থাকা শস্যের মধ্যে রয়েছে সিরিয়াল, রেপসিড ও সূর্যমুখী বীজ, ময়দা, রান্নার তেল, মধু, নির্দিষ্ট মাংস ও ডিম। অন্যদিকে স্লোভাকিয়ার সরকার বলছে, বছরের শেষ পর্যায়ে গমসহ চারটি ইউক্রেনীয় পণ্য আমদানি নিষিদ্ধ করবে।

সেপ্টেম্বর ১৫, ২০২৩
ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে : প্রধানমন্ত্রী - image

ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে : প্রধানমন্ত্রী

17 নভেম্বর 2023, বিকাল 6:00

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। যে সমস্ত দল নির্বাচনে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর যাদের মানুষের ওপর আস্থা নেই, বিশ্বাস নেই, দল হিসেবে সুসংগঠিত না, তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাচ্ছে। আজ শনিবার (১৮ নভেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম বিতরণ কাজ উদ্বোধন করার পর সাংবাদিকদের এ কথা বলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আজ থেকে আমরা মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়া শুরু করেছি। যারা প্রার্থী তারা মনোনয়ন ফরম কিনবেন। আমাদের মনোনয়ন বোর্ডে যাচাই-বাছাই করে একজনকে মনোনয়ন দেবে। যোগ্য প্রার্থী অনেক, কিন্তু একজনকেই বেছে নিতে হবে। তৃণমূলসহ আমরা সবার মতামতের ভিত্তিতে মনোনয়ন দেব। সবাই ঐক্যবদ্ধ হয়ে মনোনীত প্রার্থীকে জয়ী করতে কাজ করব।’ আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, যে সংগঠনের জন্ম হয়েছিল দুঃখী মানুষের আর্থসামাজিক উন্নয়নের কথা চিন্তা করে। শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, ১৯৪৯ সালে এই সংগঠনের জন্ম। জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ তার গঠনতন্ত্র মেনে চলে, দেশের সংবিধান মেনে চলে, প্রতিটি কাজ অত্যন্ত সুচারুভাবে করে।’ শেখ হাসিনা বলেন, ‘আজ যারা পার্টি থেকে প্রার্থী হবেন তারা এখান থেকে ফরম সংগ্রহ করবেন। তাদের জন্য আমরা আট বিভাগের দশটি বুথ তৈরি করে দিয়েছি। জাতীয় সংসদ সদস্যদের যে নম্বর থাকে বা সিরিয়াল থাকে, সেই সিরিয়াল অনুযায়ী ফরমগুলো সাজানো হবে। এভাবে প্রসেস করে মনোনয়ন বোর্ডে সেগুলো উপস্থাপন করা হবে। সংসদীয় বোর্ডের মাধ্যমে প্রার্থীর যোগ্যতা দেখে, তাদের জনপ্রিয়তা দেখে, তাদের কার্যক্রম বিবেচনা করে আমরা মনোনয়ন দিয়ে থাকি। আওয়ামী লীগ সব সময় সুসংগঠিতভাবে কাজ করে থাকে।’ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আরও বলেন, ‘২০১৩-১৪ সালে আমরা দেখেছি নির্বাচন ঠেকানোর নামে বহু মানুষকে অগ্নিসন্ত্রাস করে পুড়িয়ে মারা হয়েছে। এটা কোন ধরনের রাজনীতি? আমরা চাই জনগণের ভোটের অধিকার অব্যাহত থাকবে। ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে।’ শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতাকে হত্যা করার পর আমরা দেখেছি রাতের অন্ধকারে বন্দুক নিয়ে ক্ষমতা দখলের পালা চলছিল। অবৈধভাবে ক্ষমতা দখল করে, বৈধতা দেওয়ার জন্য জনগণের ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এর বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমাদের বহু নেতা কর্মী জীবন দিয়েছে, নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। ২০০৯ থেকে এ পর্যন্ত গণতন্ত্রের ধারা অব্যাহত আছে বলে বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি হয়েছে।’ এদিকে দলের সভাপতি বের হয়ে যাওয়ার পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মনোনয়নপত্র বিক্রির কাজ। মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মনোনয়নপত্র বিক্রির জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা ও তিনতলায় মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। জমা দেওয়ার জন্য নিচতলায় একটি বুথ রয়েছে।

নভেম্বর ১৭, ২০২৩
চিকিৎসা গবেষণা বাড়াতে বায়োব্যাংক প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর - image

চিকিৎসা গবেষণা বাড়াতে বায়োব্যাংক প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

30 জানুয়ারি 2024, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্ভরযোগ্য ক্লিনিক্যাল ডাটা অবকাঠামোসহ বায়োম্যাটেরিয়ালের সংকটের কারণে বৃহত্তর চিকিৎসা গবেষণায় বাংলাদেশ পিছিয়ে থাকছে। এজন্য চিকিৎসা গবেষণা বাড়াতে বায়োব্যাংক প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে ‘বায়োব্যাংকিং উইথ বাংলাদেশ : এ জয়েন্ট অ্যাপ্রোচ টু ডিজিজ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিভেনশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশে ন্যাশনাল বায়োব্যাংক প্রতিষ্ঠার ভিত্তি স্থাপনের লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। শেখ হাসিনা বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বেশ কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে ক্লিনিক্যাল কেয়ার, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচি প্রদানে সরকারের সাংবিধানিক ও বৈশ্বিক অঙ্গীকারের অংশ হিসেবে গ্রামীণ পর্যায়ে প্রায় ১৮ হাজার ৫০০টি কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসা খাতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা চালু করতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। বাংলাদেশে প্রতিস্থাপন গবেষণা সক্ষমতা উন্নয়নের জন্য একটি বিশ্বমানের বায়োব্যাংক তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়োব্যাংক চিকিৎসা ও জীবন বিজ্ঞান শাখার অন্যান্য শাখায় উদ্ভাবন ও আবিষ্কারের প্রচার করবে। এটি রোগ নির্ণয়, প্রতিরোধ ও ব্যক্তিগত দক্ষতা সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি করতে পারে।’ শেখ হাসিনা বলেন, ‘দুই হাজার ৬৫০ শয্যার হাসপাতাল, আটটি অনুষদ, ৬৮টি বিভাগ এবং প্রায় ৫০০ অনুষদ সদস্য নিয়ে বাংলাদেশের শীর্ষ স্নাতকোত্তর চিকিৎসা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ধরনের সুবিধা রাখার সক্ষমতা রয়েছে।’ বাংলাদেশের সঙ্গে একটি সমন্বিত কৌশলগত সহযোগিতা গঠন এবং বাংলাদেশ ও এর বাইরে লাখ লাখ নাগরিকের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দেওয়ার জন্য বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে স্বাগত জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘এই বায়োব্যাংকে অবদান রাখা কেবল আর্থিক পছন্দের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি মানবিক কাজ। এটি এমন একটি বিশ্বের আশার প্রতীক, যেখানে প্রত্যেকের মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ রয়েছে। এটি জীবন সংরক্ষণ, পরিবারের সুরক্ষা এবং একটি জাতির ক্ষমতায়নের প্রতীক, যা আঞ্চলিকভাবে সামগ্রিক গবেষণা সক্ষমতায় অবদান রাখবে।’ বায়োব্যাংক প্রতিষ্ঠা করে একটি উন্নত ও স্বাস্থ্যকর বিশ্ব হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আসুন আমরা এই বায়োব্যাংককে বাস্তবে রূপ দিতে একসঙ্গে কাজ করি। এটি আমাদের আশার প্রতীক, যা আরও ভালো স্বাস্থ্যকর বিশ্বের দিকে পরিচালিত করবে।’

জানুয়ারি ৩০, ২০২৪
শাহিদের সিনেমা আসতেই ধরাশায়ী হৃতিকের ফাইটার, প্রথমদিন যত আয় করল - image

শাহিদের সিনেমা আসতেই ধরাশায়ী হৃতিকের ফাইটার, প্রথমদিন যত আয় করল

09 ফেব্রুয়ারি 2024, বিকাল 6:00

শাহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত তেরি বাতো ম্যায় অ্যায়সা উঝা জিয়া সিনেমা মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। এটি একটি অবাস্তব প্রেম কাহিনী যেখানে মানুষ আর রোবটের প্রেম দেখানো হয়েছে। আর ভালোবাসা দিবসের আগে এ সিনেমা আসতেই কোণঠাসা হয়ে পড়ল হৃতিকের ফাইটার। প্রথমদিনে বক্স অফিসে কত আয় করল এ দুই সিনেমা? প্রথমদিন বক্স অফিসে তেরি বাতো ম্যায় অ্যায়সা উঝা জিয়া সিনেমা ৬ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। খুব বেশি না হলেও মন্দ শুরু হলো না শাহিদ কাপুরের সিনেমার জার্নি। আজ (শনিবার) ও আগামীকাল রোববার মনে করা হচ্ছে আরও বাড়বে আয়ের পরিমাণ। অন্যদিকে ফাইটার সিনেমা মুক্তির পর তৃতীয় শুক্রবার বক্স অফিসে দুই কোটির কম আয় করেছে। এদিন এটি মাত্র ১.৭৫ কোটি টাকাই ঘরে তুলতে পেরেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় এখন গিয়ে দাঁড়িয়েছে ১৮৯.২৫ কোটি টাকায়। মুক্তির পর প্রথম সপ্তাহে ফাইটার ছবিটি বক্স অফিসে ১৪৬.৫ কোটি টাকা আয় করেছিল। এরপর দ্বিতীয় শুক্রবার এটি ৫.৭৫ কোটি টাকা ঘরে তোলেন তারপর শনিবার, রোববার আসতেই বেশ অনেকটা বেড়েছিল আয়ের পরিমাণ। এই দুদিন যথাক্রমে ছবিটি ১০.৫ কোটি এবং ১২.৫ কোটি টাকা আয় করেছিল। এরপর সোমবার আসতেই ফের এক ধাক্কায় অনেকটাই কমে যায় আয়। দ্বিতীয় সোমবার ফাইটার মাত্র ৩.২৫ কোটি টাকারই ব্যবসা করে। মঙ্গলবারও আয়ের পরিমাণ এক থাকে, অর্থাৎ ৩.২৫ কোটি আয় করে সেদিন। বুধবার সেটা কমে হয় ৩ কোটি। বৃহস্পতিবার এবং শুক্রবার আরও কমে যায় সেই পরিমাণ। তেরি বাতো ম্যায় অ্যায়সা উঝা জিয়া সিনেমাতে মুখ্য ভূমিকায় আছেন শাহিদ কাপুর, কৃতি শ্যানন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্র, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ। ছবিটির প্রযোজনা করেছেন লক্ষ্মণ উটেকর, জ্যোতি দেশপাণ্ডে, দীনেশ বিজন। এদিকে ২৫ জানুয়ারি মুক্তি পায় ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছেন এই ছবির। এটি একটি এরিয়াল অ্যাকশন মুভি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ।

ফেব্রুয়ারি ০৯, ২০২৪
মুস্তাফিজের মাথায় বলের আঘাত, নেওয়া হচ্ছে হাসপাতালে - image

মুস্তাফিজের মাথায় বলের আঘাত, নেওয়া হচ্ছে হাসপাতালে

17 ফেব্রুয়ারি 2024, বিকাল 6:00

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের ম্যাচ চলছে। যদিও আজ কোনো দলের খেলা নেই। তবে ম্যাচহীন দিনে অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মুস্তাফিজুর রহমান। ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের বল ফিজের মাথায় আঘাত করে। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন। তিনি বলেন, ‘দেখছেন তো মাথায় লেগেছে। এরপর বসে ছিল মাঠে, যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা। তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে। তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সকলেই গেছে।’ আজ (রোববার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় ওই ঘটনা ঘটে। মুস্তাফিজের চোট কতটা গুরুতর সেটা নিশ্চিত হওয়া যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে। মূলত মাথার পেছনের সাইডে বল লেগেছে মুস্তাফিজের। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন তিনি বোলিং সাইডে ছিলেন। হঠাৎই বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। যা নিঃসন্দেহে তার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লার জন্য বড় ধাক্কা। এখন পর্যন্ত দলটির জার্সিতে ৯ ম্যাচে ১১ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

ফেব্রুয়ারি ১৭, ২০২৪
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo