logo
youtube logotwitter logofacebook logo

এসএসসি

উত্তরপত্রে বেশি নম্বর দিতে নির্দেশ নেই: শিক্ষামন্ত্রী - image

উত্তরপত্রে বেশি নম্বর দিতে নির্দেশ নেই: শিক্ষামন্ত্রী

30 জানুয়ারি 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: পাসের হার বাড়াতে উত্তরপত্রে বেশি নম্বর দিতে শিক্ষা মন্ত্রণালয় কোনো নির্দেশনা দেয় না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রশ্নপত্র ফাঁসের কোনো আশংকা নেই উল্লেখ করে তিনি বলেন, এর প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। গত বছরের চেয়ে ছাত্রছাত্রী বেড়েছে ১ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে ছাত্র ৭৯ হাজার ৫৯৪। ছাত্রীর সংখ্যা বেড়েছে ৯২ হাজার ৬৬৩ জন। প্রতিবন্ধীদের জন্য ২০ মিনিট এবং অটিস্টিক পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়ার কথাও শিক্ষামন্ত্রী জানান।

জানুয়ারি ৩০, ২০১৬
মাধ্যমিকে পাশের হার ৮৮.২৯ শতাংশ - image

মাধ্যমিকে পাশের হার ৮৮.২৯ শতাংশ

10 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ বুধবার। সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বেলা দুইটায় একযোগে ফল প্রকাশ করা হবে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল এবং আজকের প্রজন্মই পারবে তার ধারাবাহিকতা ধরে রাখতে। বুধবার সকালে গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বোর্ড চেয়ারম্যানদের কাছ থেকে এসএসসি পরীক্ষার ফলাফল বুঝে নেয়াার পর তিনি এ মন্তব্য করেন। এবার মোট পাশের হার ৮৮.২৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৯ হাজার সাতশ একষট্টি। এবার মেয়েদের পাশের হার ছেলেদের থেকে দশমিক ১৯ শতাংশ বেশি। সারাদেশে শতভাগ পাশ করেছে ৪৭৩৪ টি স্কুল। কাউকে আর ফলাফলের জন্য ছোঁটাছুটি করতে হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমগ্র দেশই এখন ডিজিটাল। তার মতে ছেলে মেয়েদের সুযোগ দিলেই তারা ভালো করবে। একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনের পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে ফলাফল জানতে পারবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। উল্রেখ্য, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১০ মার্চ। এবার মোট ১৬ লাখ ৪৫ হাজার ২০১ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যা গতবারের চেয়ে ১ লক্ষ ৭১ হাজার ৬০৭ জন বেশি। গত বছর এ পরীক্ষায় ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১১ হাজার ৯০১ জন।

মে ১০, ২০১৬
নতুন এমপিওভুক্ত হলো ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান - image

নতুন এমপিওভুক্ত হলো ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

05 জুলাই 2022, বিকাল 6:00

দীর্ঘ তিন বছর পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। বুধবার (৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান। তিনি বলেন, এ বছর নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৭১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। জানা গেছে, ২ হাজার ৭১৬ বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় রয়েছে ২ হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ৬৬৫ শিক্ষাপ্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় এক হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি, ডিগ্রি কলেজ ১৮টি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল ৯৭টি, এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলোজি ২০০টি, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার ২টি, দাখিল মাদ্রাসা ২৬৪টি, আলিম মাদ্রাসা ৮৫টি, ফাজিল মাদ্রাসা ৬টি, কামিল মাদ্রাসা ১১টি। এদিকে মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার দুপুর ১ টায় শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করবেন শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি। এসময় কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে বিস্তারিত তুলে ধরবেন তিনি। জানা যায়, চলতি বছরের মে মাসে বেসরকারি নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার তালিকা চূড়ান্ত করা হয় এবং তা প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। এর আগে গত ৭ নভেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন যাচাই-বাছাইয়ের জন্য ৯ সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে এই কমিটিকে সহায়তা করতে আরও চার সদস্যের একটি উপকমিটিও গঠন করা হয়।

জুলাই ০৫, ২০২২
এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর: শিক্ষামন্ত্রী - image

এসএসসি ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর: শিক্ষামন্ত্রী

16 জুলাই 2022, বিকাল 6:00

বন্যার কারণে স্থগিত হওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। আজ রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, সিলেটে বন্যার কারণে দক্ষিণাঞ্চলেও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। সেকারণে আগস্ট মাসকে বাদ দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমরা পরীক্ষা শুরু করতে যাচ্ছি। সে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে। শিক্ষা বোর্ডগুলো পরীক্ষার রুটিন প্রকাশ করবে। শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি পরীক্ষা শুরু হবে নভেম্বর মাসে। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয়। ফলে এসএসসি ও সমমানের প্রায় ২০ লাখ ২২ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে।

জুলাই ১৬, ২০২২
এসএসসি ও সমমানের ফল প্রকাশ - image

এসএসসি ও সমমানের ফল প্রকাশ

27 নভেম্বর 2022, বিকাল 6:00

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম। সোমবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ বছর মাধ্যমিকের এই পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী। ওয়েবসাইট থেকে ফল জানবেন যেভাবে: নির্ধারিত রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বোর্ড ও বছর সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে। আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের (www.dhakaeducationboard.gov.bd) ‘রেজাল্ট কর্নারে’ ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে। এছাড়া প্রতিষ্ঠান প্রধানরা রেজাল্টের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের মাধ্যমে ফল ডাউনলোড করতে পারবেন। এসএমএসে ফল জানার উপায়: মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2022 লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণস্বরূপ: Dakhil MAD 123456 2022 পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।

নভেম্বর ২৭, ২০২২
ঢাবির ভর্তি পরীক্ষা শুরু আজ - image

ঢাবির ভর্তি পরীক্ষা শুরু আজ

28 এপ্রিল 2023, বিকাল 6:00

চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ শনিবার (২৯ এপ্রিল) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা। এবার চারটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় প্রায় তিন লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।  ঘোষিত সময়সীমা অনুযায়ী, আজ (২৯ এপ্রিল) চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) মধ্য দিয়ে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। আগামী ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্যমতে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য এবছর ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন প্রার্থী আবেদন করেছেন। সে অনুযায়ী ৪টি ইউনিটে ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য লড়বেন প্রায় ৫০ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা হবে যেসব বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবণ্টন চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার ৬০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে।চারুকলা ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় থাকবে। আর অন্যান্য ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় ঠিক করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।

এপ্রিল ২৮, ২০২৩
কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, আসন বিন্যাস সম্পন্ন - image

কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, আসন বিন্যাস সম্পন্ন

28 এপ্রিল 2023, বিকাল 6:00

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার (৩০ এপ্রিল)। এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। দেশের সব কেন্দ্রে এর মধ্যেই পৌঁছে গেছে পরীক্ষার সরঞ্জাম। আর শিক্ষা বোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের দুই মাস পর শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পুনর্বিন্যাসকৃত সিলেবাস হলেও এবার পরীক্ষা হবে সব বিষয়েই। ১০০ নম্বরের পরীক্ষায় সময় থাকছে ৩ ঘণ্টা। এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও কেন্দ্রের সংখ্যা বেড়েছে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্রসহ পরীক্ষার আনুষঙ্গিক সরঞ্জামাদি। বসানো হয়েছে আসন বিন্যাস। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। কারিগরি ও মাদ্রাসাসহ ১১টি শিক্ষা বোর্ডের সব প্রস্তুতির কথা জানিয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, এর মধ্যে সব কেন্দ্রে উত্তরপত্রসহ পরীক্ষার আনুষঙ্গিক সরঞ্জামাদি পৌঁছে গেছে। এবার প্রশ্নপত্র থানা থেকে বের করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা বোর্ডের দাবি, প্রশ্ন প্রণয়ন থেকে বণ্টন প্রক্রিয়ায় প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি করবে। কেউ গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তপন কুমার সরকার। এদিকে পরীক্ষা উপলক্ষে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। আর পরীক্ষা চলাকালে কেদ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এপ্রিল ২৮, ২০২৩
প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী - image

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

28 এপ্রিল 2023, বিকাল 6:00

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। কেউ গুজব ছড়ালে ধরা পড়লেই কঠোর শাস্তি দেওয়া হবে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. দীপু মনি বলেন, আগামী সংসদ নির্বাচনে আর অগ্নিসন্ত্রাসী বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জ্যাকব। অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী প্রমূখ।

এপ্রিল ২৮, ২০২৩
এসএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ - image

এসএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

29 এপ্রিল 2023, বিকাল 6:00

আজ রবিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের ভেতরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার জানান, ২০২৩ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হল। এই আদেশ ৩০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন বলবৎ থাকবে।

এপ্রিল ২৯, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo