
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুটি বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ক। প্রথমে তিনি ঘোষণা দেন, ‘আমেরিকা আর ইসরাইলকে সহায়তা করবে না।’ এর দুদিন পর এক লাইভ অনুষ্ঠানে বলেন, ইরান যুদ্ধে যত খরচ হয়েছে, তার পুরোটা ইসরাইলকে দিতে হবে। ট্রাম্পের এমন বক্তব্যে দুই দেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কয়েকটি ঘটনা দুই দেশের সম্পর্কে দূরত্ব তৈরির ইঙ্গিত দিচ্ছে। এর জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দায়ী করছেন দেশটির বিরোধীরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ভাবি প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট বিদায়ী সরকারের কাছে গোয়েন্দা তথ্য চেয়েছেন। একই সঙ্গে অন্তর্বর্তী সময়ে যেন কোনো বাড়াবাড়ি না করা হয়, সে বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছেন।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধের প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্র্যাটরা। পরাজয়ের কারণ হিসেবে ইরান যুদ্ধের প্রভাবের কথা স্বীকার করেছেন ট্রাম্প। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও যুদ্ধের কারণে নির্বাচনে পরাজয়ের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। এদিকে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপ অনুযায়ী, বর্তমানে ৪৮ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করেন, যুক্তরাষ্ট্র ইসরাইলকে প্রয়োজনের চেয়ে বেশি সমর্থন দিচ্ছে। ২০১৭ সালে এ হার ছিল ১৬ শতাংশ।
তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষণার অর্থ ইসরাইলের জন্য মার্কিন সামরিক সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া নয়। যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরাইলকে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের হিসাব অনুযায়ী, ১৯৪৮ সাল থেকে ইসরাইলকে দেওয়া মার্কিন সহায়তার পরিমাণ মূল্যস্ফীতি সমন্বয় করে ৩০০ বিলিয়ন ডলারের বেশি। প্রচলিত সহায়তা বন্ধ হলেও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সামরিক গবেষণা ও প্রযুক্তি সহযোগিতার মতো বিভিন্ন খাত দিয়ে অর্থায়ন অব্যাহত রাখার সুযোগ রয়েছে।
কংগ্রেসের উভয় কক্ষ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে যাওয়ায় ইসরাইলকে সামরিক সহায়তার কিছু উদ্যোগ বাধার মুখে পড়তে পারে। তবে ডেমোক্র্যাটদের অনেক নেতা এখনো ইসরাইলের সমর্থক। পাশাপাশি ইসরাইলপন্থি লবিং সংগঠন এআইপ্যাকের রাজনৈতিক প্রভাবও রয়েছে। ফলে ট্রাম্পের বক্তব্য দুই দেশের সম্পর্কে রাজনৈতিক চাপ তৈরি করলেও সামরিক সহযোগিতা পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখন দেখার বিষয়, নেতানিয়াহু সরকারের ওপর চাপ এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন ওয়াশিংটন-তেল আবিব সম্পর্ককে কতটা প্রভাবিত করে।
টি/