
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বের তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি এখন যেন এক মৃত্যুফাঁদ। চরম আতঙ্ক আর ব্যাপক ঝুঁকি নিয়ে সেখানে চলছে বাণিজ্যিক জাহাজ। গত মাত্র ২৪ ঘণ্টায় ৫টি জাহাজে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, পানিতে পাতা নৌ-মাইনের আঘাতে একটি সুপার ট্যাংকারসহ বেশ কয়েকটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। শুধু সমুদ্রেই নয়, আকাশ থেকে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে তেহরান।
বিশ্বের জ্বালানি তেল চলাচলের প্রধান সদর দরজা পারস্য উপসাগরের সরু জলপথ হরমুজ প্রণালি। কিন্তু সেই গুরুত্বপূর্ণ রাস্তাটিই এখন নাবিকদের জন্য আতঙ্কের নাম। ব্যাপক ঝুঁকি নিয়ে সেখানে চলছে বাণিজ্যিক জাহাজ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবর বলছে, গত মাত্র ২৪ ঘণ্টায় এই জলপথে ৫টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আইআরজিসির দাবি, পানিতে পাতা নৌ-মাইনের আঘাতে একটি সুপার ট্যাংকারসহ বেশ কয়েকটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরান বলছে, নিরাপদ পথের বাইরে চলাচল এবং জাহাজের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখার কারণেই এই ঝুঁকি বাড়ছে।
উত্তেজনা ছড়িয়েছে আকাশেও। ইরানের কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-ওয়ান প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। যদিও এ ঘটনায় এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। এই জলপথের পরিস্থিতি কতটা ভয়াবহ হয়ে উঠেছে, তা বোঝা যায় আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার হিসাবে, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালিতে ১৩৪টি জাহাজে হামলা হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন নাবিক, যাদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
অন্যদিকে, ওয়াশিংটন ইনস্টিটিউট অব নিয়ার ইস্ট পলিসির তথ্য বলছে, সংঘাত শুরুর পর গত অক্টোবর মাসেই সর্বোচ্চ ৩৭টি বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজে হামলা হয়েছে। সব মিলিয়ে, একের পর এক হামলায় বিশ্বের অন্যতম ব্যস্ত এই সমুদ্রপথটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।