
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকায় ব্যক্তিগত গাড়ির ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৫ থেকে ৭ শতাংশ হলেও এসব গাড়ি সড়কের প্রায় ৭০ শতাংশ জায়গা দখল করে থাকে। অন্যদিকে, যানজটের কারণে রাজধানীতে বছরে প্রায় ৩ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়। অতিরিক্ত মোটরযানের কারণে বায়ুদূষণ ও শব্দদূষণ বাড়ার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে গণপরিবহন, হাঁটা ও সাইকেলে যাতায়াতের সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ‘কম গাড়ি, বাসযোগ্য নগরী’ শীর্ষক সাইকেল র্যালি ও মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগ, ইনস্টিটিউট অব ওয়েলবিয়িং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সাইকেল র্যালির মাধ্যমে ক্যাম্পাস পরিভ্রমণ করেন এবং পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থা গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ বি এম আলাউদ্দিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুবুল হক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশনের উপদেষ্টা অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহসান এবং ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের গবেষণা সহকারী সাজ্জাদুর রহমান সাগর।
বক্তারা বলেন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি হাঁটা, সাইকেল ও গণপরিবহনকে অগ্রাধিকার দিয়ে সমন্বিত যাতায়াতব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ ধরনের উদ্যোগ বায়ুদূষণ ও শব্দদূষণ কমানোর পাশাপাশি মানুষের শারীরিক সক্রিয়তা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, সম্প্রতি চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সাইকেল চালানো ও হাঁটার পথ তৈরির সরকারি উদ্যোগ জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক। দেশের অন্যান্য শহরেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
বক্তারা উল্লেখ করেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে কাজ করছে। স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি কমাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের ভেতরে চলাচলের জন্য গণপরিবহন ও সাইকেল ব্যবহারের ব্যবস্থা রেখেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারে।
কর্মসূচি থেকে জনবান্ধব গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা, নিরাপদ সাইকেল লেন নির্মাণ, সমন্বিত সাইকেল নেটওয়ার্ক তৈরি এবং সাইকেলের যন্ত্রাংশের ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, পরিকল্পিত ও পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থা নিশ্চিত করা গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি সবার জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব হবে।