
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশীয় ফার্নিচার শিল্পের সম্ভাবনা, বৈচিত্র্য ও আধুনিক নকশা তুলে ধরতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৬। মঙ্গলবার সকালে আইসিসিবির হল-৪ (নবরাত্রি)-এ বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফএসএমএস) আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এবারের মেলায় দেশের ৪৪টি শীর্ষস্থানীয় ফার্নিচার প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে তাদের পণ্য, আধুনিক নকশা ও উদ্ভাবনী আসবাব প্রদর্শন করছে। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে আখতার, হাতিল, ব্রাদার্স, নাদিয়া, আয়ত, ওমেগা, জেএমজি, নাভানা, অ্যাথেনা, পারটেক্স, রিগাল ও লেগাসিসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। মেলায় বিশেষভাবে তুলে ধরা হচ্ছে দেশে উৎপাদিত ফার্নিচার। ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। এ ছাড়া উদ্বোধনী দিনে শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. কে এম আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাসান আরিফ বলেন, আমাদের ফার্নিচার শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে। পণ্যের মান ও নকশায় আরও গুরুত্ব দিয়ে নতুন রপ্তানি বাজারে পৌঁছাতে পারলে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে।
সভাপতির বক্তব্যে বিএফএসএমএসের চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, দেশীয় ফার্নিচার শিল্পকে এগিয়ে নিতে মান, নকশা ও প্রযুক্তিতে বিনিয়োগের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন এবং দক্ষ জনবল নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কাঁচামালের সহজলভ্যতা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মান ও পরিবেশগত শর্ত পূরণে শিল্প উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
মেলা কমিটির আহ্বায়ক ও বিএফএসএমএসের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ শেখ আব্দুল আউয়াল বলেন, জাতীয় ফার্নিচার মেলা দেশীয় নির্মাতাদের জন্য তাঁদের সর্বশেষ নকশা, পণ্যের বৈচিত্র্য ও উদ্ভাবন সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। একই ছাদের নিচে দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ডগুলোকে একত্র করার মাধ্যমে ক্রেতারা নতুন নকশা সম্পর্কে জানতে, বিভিন্ন পণ্যের তুলনা করতে এবং নিজেদের চাহিদা অনুযায়ী ফার্নিচার বেছে নিতে পারবেন।
আয়োজকরা জানান, দেশীয় ফার্নিচার শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা এবং ক্রেতা ও নির্মাতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পণ্যের গুণগত মান, নকশা ও উদ্ভাবনের মাধ্যমে দেশীয় ব্র্যান্ডগুলোর সক্ষমতা তুলে ধরাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা আইসিসিবির হল-২ (পুষ্পগুচ্ছ), হল-৩ (রাজদর্শন) ও হল-৪ (নবরাত্রি) পরিদর্শন করতে পারবেন। মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি)।
টি/