
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভাবুন তো, আপনি রাতের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছেন, ঠিক তখনই প্রচণ্ড শব্দে দুলে উঠল আপনার পায়ের নিচের মাটি! দেয়াল আর আসবাবপত্র এমনভাবে কাঁপতে শুরু করল যেন সবকিছু এখনই ভেঙে পড়বে! ঠিক এমনই এক ভয়াবহ ও আতঙ্কজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে লাতিন আমেরিকার দেশ পেরু। রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো দেশ। কম্পন এতটাই তীব্র ছিল যে, রাজধানী লিমায় হাজার হাজার মানুষ প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। এমনকি দেশটির সংসদ ভবন বা কংগ্রেসের অধিবেশন ছেড়েও আইনপ্রণেতাদের দৌড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা গেছে!
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, পেরুর স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় শনিবার সকাল ৬টা ৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল লিমা থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে জুনিন প্রদেশের ওন্দোরেস শহরের কাছে। সংস্থাভেদে এর মাত্রায় সামান্য পার্থক্য রয়েছে। ইউএসজিএস শুরুতে ৬ দশমিক ৯ বললেও, জার্মান রিসার্চ সেন্টার বলছে ৬ দশমিক ৮ এবং পেরুর স্থানীয় সংস্থা বলছে ৬ দশমিক ৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।
তীব্র কম্পনে আন্দিজ পার্বত্য অঞ্চলের কিছু জায়গায় ছোটখাটো ভূমিধস ও পাথর ধসে পড়ার খবর জানিয়েছে এএফপি ও আনাদোলু। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায়নি। বিজ্ঞানীরা বলছেন, ভূমিকম্পটি মাটির প্রায় ১০৮ থেকে ১৪২ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় ভূপৃষ্ঠে এর ধ্বংসাত্মক শক্তি অনেকটা কমে যায়। পাশাপাশি, উৎপত্তিস্থল সমুদ্র থেকে দূরে স্থলভাগে হওয়ায় কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় 'রিং অব ফায়ার'-এর ওপর অবস্থিত হওয়ায় পেরুতে প্রায়ই এমন ভূমিকম্প হয়। বড় কোনো বিপর্যয় না ঘটায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশটির মানুষ।