
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিলে সরকার তা বিবেচনা করবে বলে জানান তিনি। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি হিসেবে তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনিও দেশে ফিরে সাজা ভোগ করবেন বলে সরকার মনে করে। এ ক্ষেত্রে ভারতের ইতিবাচক সাড়া বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য বিষয়টি সহজ করবে। পাশাপাশি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ইস্যুর চেয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় থেকে এই সম্পর্কের সূচনা হয়েছে এবং তা কোনো একটি ইস্যুতে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে, সেগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। এ ছাড়া দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ করেন।
বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ নিয়ে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। সংলাপটি সচিব পর্যায়ে হওয়া প্রয়োজন। দুই পক্ষই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, এটি কিছুদিন পর অনুষ্ঠিত হলে ভালো হবে।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হতে পারে। পাশাপাশি তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই গণহত্যার অভিযোগে বিচার নতুন করে শুরুর নিশ্চয়তা চাওয়া হতে পারে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করা হয়েছিল।
টি/