
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আমাদের শরীর সুস্থ রাখতে সূর্যের আলো গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, রোদ পুরোপুরি এড়িয়ে চলার প্রয়োজন নেই; বরং পরিমিত সময় রোদে থাকা শরীরের জন্য উপকারী। সূর্যের আলো ত্বকে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে, যা হাড় ও পেশি শক্ত রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সূর্যের আলো শরীরের স্বাভাবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। বিশেষ করে সকালের প্রাকৃতিক আলো মস্তিষ্ককে সজাগ করে এবং দিন-রাতের পার্থক্য বুঝতে সাহায্য করে। পর্যাপ্ত আলো না পেলে ঘুমের সমস্যা, মন খারাপ বা অবসাদের মতো সমস্যাও দেখা দিতে পারে। তবে ত্বকের রঙ, বয়স, বসবাসের স্থান ও ঋতুভেদে শরীরে ভিটামিন ডি তৈরির পরিমাণ ভিন্ন
সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেবেকা মেসনের মতে, ভিটামিন ডি পাওয়ার জন্য দীর্ঘ সময় রোদে থাকার প্রয়োজন নেই। অল্প সময়ের রোদেই প্রয়োজনীয় উপকার পাওয়া সম্ভব। তবে শ্যামলা বা কালো ত্বকে প্রাকৃতিক সুরক্ষাকবচ বেশি থাকায় ভিটামিন ডি তৈরিতে তুলনামূলক বেশি সময় লাগতে পারে। প্রতিদিন কত মিনিট রোদে থাকতে হবে, তার নির্দিষ্ট হিসাবও নেই; কারণ অঞ্চল ও আবহাওয়াভেদে সূর্যের অতিবেগুনি রশ্মির মাত্রা বা ইউভি ইনডেক্স পরিবর্তিত হয়।
অতিরিক্ত রোদে শরীর সীমাহীনভাবে ভিটামিন ডি তৈরি করে না। বরং দীর্ঘ সময় সূর্যের তীব্র রশ্মিতে থাকলে ত্বক পুড়ে যাওয়া, বয়সের ছাপ এবং ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। চোখেরও ক্ষতি হতে পারে। তাই সূর্যের তেজ বেশি থাকলে ত্বক ঢেকে রাখা, প্রয়োজন অনুযায়ী সানস্ক্রিন ব্যবহার এবং বাইরে গেলে সানগ্লাস পরার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, যারা দীর্ঘ সময় ঘরের ভেতরে থাকেন বা পর্যাপ্ত রোদ পান না, তাদের ভিটামিন ডির ঘাটতি হতে পারে। শিশুদের ক্ষেত্রে এ ঘাটতিতে হাড় দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। তবে রোদ ছাড়াও খাবার ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্টের মাধ্যমে ঘাটতি পূরণ করা সম্ভব। হার্ভার্ড মেডিকেল স্কুলের অধ্যাপক জোয়ান ম্যানসনও দীর্ঘ সময় রোদে থাকার বিষয়ে সতর্ক করেছেন। বিশেষজ্ঞদের পরামর্শ, রোদকে ভয় না পেয়ে পরিমিতভাবে গ্রহণ করতে হবে এবং অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে।
সূত্র: সামা টিভি
/টি