
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭-এর পর ভর্তি কার্যক্রমের আবেদন গ্রহণ শুরু হবে। আর ১ ফেব্রুয়ারির পর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, শিক্ষার্থীদের স্বার্থ, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে সমন্বয়ের বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য রয়েছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাস বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদেরও শিক্ষার্থীদের সুবিধা ও জাতীয় স্বার্থ বিবেচনায় সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার তারিখে যেন কোনো ধরনের সংঘাত তৈরি না হয় এবং শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি শিক্ষাবর্ষে গত বছরের মতোই এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টি যথাযথভাবে বিবেচনার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ভর্তি কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও আলোচনায় এসেছে।
ইউজিসি চেয়ারম্যান জানান, দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির আসন প্রায় ৬৩ হাজার। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে আসন রয়েছে ১০ লাখের বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে চার লাখের বেশি। বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও আইনগত ক্ষমতা অক্ষুণ্ন রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয় করবে ইউজিসি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না বলেও জানান তিনি।
টি/