
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই বাজারে এসএ টিভির সাবেক সিনিয়র রিপোর্টার ও বর্তমানে ঢাকার একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাধারণ মানুষ। এরআগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে দেলিয়াই বাজারের মধ্যবর্তী এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫-২০ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায় এবং তাঁকে ও তাঁর ভাগিনা ওমানপ্রবাসী মেহেদী হাসান আবেদকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেন সাংবাদিক এস কে সৌরভ।
ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় তাঁর ভাগিনা মেহেদী হাসানের সঙ্গে এক মোটরসাইকেল চালকের কথা-কাটাকাটিকে কেন্দ্র করে। বাজারের রাস্তা দিয়ে হাঁটার সময় চলন্ত মোটরসাইকেল মেহেদী হাসানের গায়ে লাগলে এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে সৌরভ ও স্থানীয় কয়েকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে মোটরসাইকেল চালক মেহেদী হাসানের মাকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন এবং তাঁকে মারতে উদ্যত হন। এতে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের আলাদা করে দেন এবং মেহেদী হাসানকে বাড়িতে চলে যেতে বলেন।
সৌরভের অভিযোগ, তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে মোটরসাইকেল চালককে শান্ত করার চেষ্টা করলে ওই ব্যক্তি তাঁর ওপরও চড়াও হন, ধাক্কা দেন এবং তাঁর ভাগিনাকে হত্যার হুমকি দেন। পরে ফোন করে সহযোগীদের বাজারে ডেকে আনেন তিনি।
সৌরভের ভাষ্য অনুযায়ী, কিছুক্ষণের মধ্যেই কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বাজারে এসে তাঁর ভাগিনাকে খুঁজতে থাকেন। মেহেদী হাসানকে না পেয়ে বাড়ি ফেরার পথে ১৫-২০ জন তাঁর পথরোধ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় তাঁকে ও তাঁর ভাগিনাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও হামলাকারীদের থামাতে পারেননি। তাঁকে মারধর করতে করতে বাজারের দিকে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর স্বজন ও স্থানীয় কয়েকজনের সহায়তায় তিনি হামলাকারীদের হাত থেকে উদ্ধার পান।
ঘটনার পরদিন বুধবার (২১ অক্টোবর) নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন এস কে সৌরভ।
এদিকে সাংবাদিক এস কে সৌরভের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাধারণ মানুষ। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।