
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিক্ষোভকারীরা। রোববার (১ নভেম্বর) সকাল আটটার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এমনকি বন্ধ করে দেওয়া হয় মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশনের প্রবেশপথও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে চলে যেতে বললে বেলা সোয়া ১১টার দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
এরপর শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান থেকে পানি ছোড়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। পরে সেখান থেকে আবারও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এদিকে মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
বেলা সোয়া ১২টার দিকে আন্দোলনকারীরা মূল সড়ক ছেড়ে চলে গেলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে বিভিন্ন অলিগলিতে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতি চলছিল। এর আগের দিন শনিবারও একই দাবিতে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সেদিন যান চলাচল বন্ধের পাশাপাশি মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে আজ মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবির মধ্যে সরকারের এ ঘোষণা এসেছে। তবে নতুন মজুরি কাঠামো নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
টি/