
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে শুরু হবে। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা নেওয়া হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না। বুধবার (২৮ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের ওই তালিকা দেখে মেডিকেল পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা পালন ও সক্ষমতার ভিত্তিতে তালিকা থেকে কোনো মেডিকেল সেন্টার বাদ পড়তে পারে, আবার নতুন সেন্টারও যুক্ত হতে পারে। ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য তা প্রক্রিয়াকরণ করা হবে না।
মন্ত্রণালয়ের নজরে এসেছে, কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি সরকারি অনুমোদন ছাড়াই মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা জমা না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে। সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিকেল পরীক্ষা করাতে পারবে না।
এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলের মতো পদক্ষেপ থাকতে পারে।
অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা কিংবা এ-সংক্রান্ত অনিয়মের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ও প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য ইমেইল করা যাবে secretary@probashi.gov.bd ঠিকানায়। কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় অনিয়মের বিরুদ্ধে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সব কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
টি/