
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সদর দপ্তরে বাংলাদেশ–জাপান অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সমঝোতা স্মারক বিনিময়ের পাশাপাশি মোট ১৭টি বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্পের ঘোষণা দেওয়া হয়।
জেট্রো এবং জাপান–বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন যৌথভাবে ফোরামের আয়োজন করে। সহযোগিতায় ছিল টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস।
প্রধানমন্ত্রীর বিনিয়োগ আহ্বানের অগ্রাধিকার খাতগুলো হলো গাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, দ্রুতগতির রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ। এসব খাতে জাপানি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাড়াতে সরকারি সহযোগিতা ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সংস্কারের আশ্বাস দেন তিনি।
জ্বালানি খাতে এলএনজি অবকাঠামো, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনকে কেন্দ্র করে বাংলাদেশ–জাপান প্রযুক্তি পার্ক প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালসহ প্রধান শহরগুলোকে যুক্ত করে দ্রুতগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনাও তাঁর বক্তব্যে উঠে আসে। জাপানি বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করতে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, উন্নত অবকাঠামো এবং কর ও শুল্কব্যবস্থায় পূর্বানুমানযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।