
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
খুব গরম চা বা কফি পান করলে খাদ্যনালীর স্কোয়ামাস সেল কার্সিনোমা (SCC) হওয়ার ঝুঁকি তিনগুণ পর্যন্ত বাড়তে পারে বলে বিশ্বের অন্যতম বৃহৎ এক গবেষণায় উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, পানীয়ের তাপমাত্রা যত বেশি এবং অতিরিক্ত গরম পানীয় গ্রহণের পরিমাণ যত বেশি, এই ধরনের ক্যান্সারের ঝুঁকিও তত বাড়ে। তবে খাদ্যনালীর ক্যান্সারের আরেক ধরন অ্যাডেনোকার্সিনোমা (AC)-এর সঙ্গে খুব গরম পানীয় পানের উল্লেখযোগ্য সম্পর্ক পাওয়া যায়নি।
ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যান্সারে প্রকাশিত গবেষণাটি নেতৃত্ব দিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পপুলেশন হেলথ বিভাগের সিনিয়র নিউট্রিশনাল এপিডেমিওলজিস্ট ড. কেরেন পেপিয়ারের নেতৃত্বাধীন গবেষকরা। গবেষণায় যুক্তরাজ্যের প্রায় ৯ লাখ ৮০ হাজার মানুষের গরম পানীয় পানের অভ্যাস বিশ্লেষণ করা হয় এবং ১৪
গবেষকদের তথ্য অনুযায়ী, পান করার পরিমাণ বিবেচনায় নেওয়ার পরও ‘উষ্ণ’ পানীয়ের তুলনায় ‘খুব গরম’ পানীয় গ্রহণকারীদের SCC হওয়ার ঝুঁকি প্রায় তিনগুণ বেশি ছিল। আবার পানীয়ের তাপমাত্রা বিবেচনায় নিয়ে দেখা যায়, প্রতিদিন ছয়টি বা তার বেশি গরম পানীয় পানকারীদের SCC হওয়ার ঝুঁকি ছয়টির কম পানীয় গ্রহণকারীদের তুলনায় ৭১ শতাংশ বেশি। গবেষকরা মনে করছেন, অতিরিক্ত গরম তরল খাদ্যনালীর ভেতরের আবরণে তাপজনিত ক্ষতি সৃষ্টি করে দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগের গবেষণাতেও একই ধরনের প্রবণতা দেখা গেছে। ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় চা কিংবা মাতে পান করলে খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার গবেষণা বিষয়ক সংস্থা ২০১৬ সালে খুব গরম পানীয়কে মানুষের জন্য ‘সম্ভবত ক্যান্সার সৃষ্টিকারী’ হিসেবে উল্লেখ করেছিল। ধূমপান ও অ্যালকোহল গ্রহণের পাশাপাশি খাদ্যনালীর ক্যান্সারের ঝুঁকির ক্ষেত্রে অতিরিক্ত গরম পানীয়কেও সম্ভাব্য একটি কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে গবেষণাটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, অংশগ্রহণকারীদের দেওয়া পানীয়ের তাপমাত্রার তথ্য ছিল সম্পূর্ণ ব্যক্তিনির্ভর; প্রকৃত তাপমাত্রা মাপা হয়নি। ফলে ফলাফলে কিছুটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। ক্যান্সার রিসার্চ ইউকের স্বাস্থ্য তথ্য বিভাগের প্রধান ফিওনা অসগান পরামর্শ দিয়েছেন, চা বা কফি খুব গরম অবস্থায় না খেয়ে পান করার মতো আরামদায়ক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। গবেষকদের মতে, গরম পানীয়ের তাপমাত্রা ও পান করার অভ্যাসে পরিবর্তন আনা গেলে খাদ্যনালীর SCC-এর কিছু ঘটনা প্রতিরোধ করা সম্ভব হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
/টি