
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয়করণ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি পারসোনেল ডাটা শিট (পিডিএস) ব্যবস্থায় নিবন্ধনের জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় আগে এমপিওভুক্ত ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন—এমন শিক্ষক-কর্মচারীদের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
মাউশি অধিদপ্তর গত ১৯ অক্টোবর এক চিঠিতে এ নির্দেশনার কথা জানায়। ইতোমধ্যে অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালকদের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরও বিষয়টি অবহিত করা হয়েছে। যেসব এমপিওভুক্ত স্কুল, কলেজ ও স্কুল-কলেজ ইতোমধ্যে জাতীয়করণ হয়েছে এবং সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন সম্পন্ন হয়েছে, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষক-কর্মচারী আগে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন এবং পরবর্তী সময়ে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন, তাদের ইনডেক্স যথাযথ প্রক্রিয়ায় কর্তন করতে হবে। এরপর রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি পাওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এমপিও ইনডেক্স কর্তনের আবেদন এমপিও অনলাইন সফটওয়্যারের মাধ্যমে করা যাবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) হার্ডকপিতে আবেদন জমা দিয়েও এ প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রয়েছে।
নির্দেশনা অনুযায়ী, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পর সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তন করা হবে। এরপর তারা রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নিবন্ধিত হয়ে সরকারি পিডিএস ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে পারবেন। এ প্রক্রিয়ার মাধ্যমে জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের রাজস্ব খাতভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি জনবল ব্যবস্থাপনায় নিবন্ধনের পথ সুগম হবে।
টি/