
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার অনলাইনে ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে ২৩ নভেম্বর পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জিপিএ উন্নয়ন, বহিষ্কৃত পরীক্ষার্থীদের অংশগ্রহণ, অনিয়মিত পরীক্ষার্থীদের নিয়মাবলি, পাঠ্যসূচি ও নির্বাচনী পরীক্ষা নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশ নিয়ে উত্তীর্ণ হলেও জিপিএ-৫-এর কম পাওয়া শিক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকলে ২০২৭ সালের পরীক্ষায় জিপিএ উন্নয়নের সুযোগ পাবেন। এ জন্য তাঁদের সব বিষয়ে ২০২৬ সালের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে। নতুন পরীক্ষার ফলাফলে জিপিএ উন্নয়ন হলে সেটি গ্রহণ করা হবে, অন্যথায় আগের জিপিএ বহাল থাকবে। এ ক্ষেত্রে আগের পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি ফরম পূরণের প্রিন্ট কপির সঙ্গে জমা দিতে হবে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ শেষ হলে এবং নিবন্ধনের মেয়াদ থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।
বোর্ডের নির্দেশনায় অনিয়মিত পরীক্ষার্থীদের অংশগ্রহণের নিয়মও স্পষ্ট করা হয়েছে। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব শিক্ষার্থী ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেননি, তাঁরা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৭ সালের পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ছাড়া ২০২৬ সালের পরীক্ষায় চতুর্থ বিষয় বাদে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকলে অকৃতকার্য বিষয়গুলোতে পরীক্ষা দিতে পারবেন। চাইলে তাঁরা সব বিষয়েও অংশ নিতে পারবেন। ২০২৫ সালের পরীক্ষায় এক থেকে তিন বিষয়ে অকৃতকার্য হয়ে পরবর্তী পরীক্ষায় অংশ না নেওয়া বা পুনরায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে পরীক্ষায় অংশ নিতে পারবেন। বিশেষ ক্ষেত্রে ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিবন্ধিত, নিবন্ধনের মেয়াদ শেষ হওয়া এবং চতুর্থ বিষয় বাদে একটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের নিবন্ধনের মেয়াদ এক বছরের জন্য নবায়নের সুযোগ রাখা হয়েছে।
চতুর্থ বিষয়ের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত দিয়েছে শিক্ষা বোর্ড। ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব পরীক্ষার্থী ২০২৫ ও ২০২৬ সালের পরীক্ষায় অংশ নেননি, তাঁরা অনিয়মিত হিসেবে চতুর্থ বিষয়সহ সব বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। একই শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী সব বিষয়ে অংশ নিয়ে চতুর্থ বিষয়ে উত্তীর্ণ হয়েছেন, কিন্তু অন্য এক থেকে চার বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁরা ২০২৭ সালের পরীক্ষায় আগের অকৃতকার্য বিষয়গুলোতে উত্তীর্ণ হলে চতুর্থ বিষয়ের সুবিধা পাবেন। অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা হবে ২০২৭ সালের সিলেবাস অনুযায়ী। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের নম্বর পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
নির্বাচনী পরীক্ষার বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং আগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ছাড়া অন্য সব শিক্ষার্থীর নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আগে উত্তীর্ণ বিষয়গুলোর গ্রেড পয়েন্ট সংরক্ষণ করা হবে এবং ২০২৭ সালের পরীক্ষায় অংশ নেওয়া বিষয়গুলোর গ্রেড পয়েন্টের সঙ্গে যোগ করে চূড়ান্ত জিপিএ নির্ধারণ করা হবে। নিবন্ধনের মেয়াদ শেষ হওয়া বিশেষ বিবেচনাপ্রাপ্ত পরীক্ষার্থীদের ফরম পূরণের আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে মূল নিবন্ধন কার্ড বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দিয়ে নবায়ন করা নিবন্ধন কার্ড সংগ্রহ করতে হবে।
টি/