
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণ না করার সিদ্ধান্তে অটল রয়েছে মালয়েশিয়া সরকার। তাকে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে সরকারের কোনো প্রতিশ্রুতি নেই বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে ২০১০ সালে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ এবং মালয়েশিয়ার ১৯৯২ সালের প্রত্যর্পণ আইনের বিধান অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জাকির নায়েককে ভারতে পাঠানোর বিষয়ে নতুন কোনো প্রত্যর্পণ অনুরোধও পায়নি তার সরকার। সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক লিখিত জবাবে তিনি বলেন, জাকির নায়েককে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া।
পার্লামেন্ট সদস্য দাতুক ড. আহমাদ মারজুক শারির এক প্রশ্নের জবাবে এসব কথা জানান সাইফুদ্দিন। জাকির নায়েককে প্রত্যর্পণের বিষয়ে ভারতের সর্বশেষ আনুষ্ঠানিক অনুরোধ কবে পাওয়া গেছে এবং দেশটির দেওয়া নথি ও প্রমাণ মালয়েশিয়ার আইন ও দুই দেশের চুক্তির শর্ত পূরণ করে কি না, তা জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য। ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি প্রথম আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানায়। পরে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক নোটের মাধ্যমে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে নয়াদিল্লি।
এর আগে গত সেপ্টেম্বরে জাকির নায়েকের প্রত্যর্পণ ইস্যুতে মালয়েশিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছিল বলে সংবাদ প্রকাশের পর দেশটির বিরোধী দল পাসের মহাসচিব দাতুক সেরি তাকিউদ্দিন হাসান এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। দুই নেতার বৈঠকে কী আলোচনা ও সমঝোতা হয়েছে, তা প্রকাশের পাশাপাশি ভারতের দেওয়া প্রমাণ মালয়েশিয়ার আইনি শর্ত পূরণ করে কি না, সেটিও ব্যাখ্যা করার আহ্বান জানান তিনি।
ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে জাকির নায়েককে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছিল, দুই দেশের নেতাদের বৈঠকে বিষয়টি আলোচনায় এসেছিল বলে আনোয়ার ইব্রাহিম নিশ্চিত করেছিলেন। তবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়ার বিষয়ে দেশটির সরকারের কোনো প্রতিশ্রুতি নেই।
টি/