
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জাতীয় অর্থনীতির ভঙ্গুরতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও বিভিন্ন সংকটের প্রতিবাদে জেন-জি (জেনারেশন জেড) বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে সাড়ে ৯ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করেছেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাম্প্রতিক দাবানল, শেয়ারবাজারের পতন এবং দেশটির মুদ্রা রুপিয়ার অবমূল্যায়নসহ অর্থনীতির নাজুক পরিস্থিতির বিরুদ্ধে এ আন্দোলনের ডাক দিয়েছে।
এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসও বিক্ষোভে অংশ নিয়ে জলবায়ু সংকট মোকাবিলা এবং জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে। এ লক্ষ্যে রাজধানীর একটি স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়েছেন সংগঠনটির কর্মীরা। অর্থনৈতিক অনিশ্চয়তা ও পরিবেশগত সংকট নিয়ে তরুণদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এসব কর্মসূচিকে।
দেশটির সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো ২০২৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে তার জনতুষ্টিবাদী বিভিন্ন কর্মসূচি অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে বলে সমালোচনা রয়েছে। এতে জনগণ ও বিনিয়োগকারীদের আস্থা হারানোর পাশাপাশি তার জনপ্রিয়তাও কমেছে। সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের (এসএমআরসি) জরিপ অনুযায়ী, গত বছরের নভেম্বরে প্রাবোওর জনপ্রিয়তা ৮১ দশমিক ২ শতাংশ থাকলেও চলতি অক্টোবরে তা কমে ৪৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে, যা জরিপে তার সর্বনিম্ন হার।
এর আগে ২০২৫ সালে পুলিশের হামলায় এক মোটরবাইকচালক নিহত হওয়ার পর ইন্দোনেশিয়াজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। পরে গত আগস্টেও ব্যাপক বিক্ষোভের সময় শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়। নতুন করে জাকার্তায় জেন-জি বিক্ষোভ শুরু হওয়ায় দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ এবং জনঅসন্তোষ মোকাবিলায় প্রেসিডেন্ট প্রাবোওর ভূমিকা এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে।