
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো, যাত্রীসেবার মানোন্নয়ন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় এসব বাস পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে বেসরকারি বাস মালিকদেরও এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্বব্যাংকের সহায়তায় ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ আওতায় রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সংস্কার ও ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনাসভায় এ পরিকল্পনার কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, নিরাপদ, সাশ্রয়ী ও যাত্রীবান্ধব করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে।
পরিকল্পনার অন্যতম অংশ ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়ন। এ ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে। যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়া কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্ধারিত সূচি ও মান বজায় রেখে বাস পরিচালনার বিপরীতে অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে। এতে যাত্রী ওঠানো নিয়ে বাসের মধ্যে প্রতিযোগিতা কমানো এবং নির্ধারিত সময়সূচি অনুসরণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
নতুন পরিকল্পনায় বৈদ্যুতিক বাস চালুর পাশাপাশি চার্জিং অবকাঠামো, রক্ষণাবেক্ষণ ও দক্ষ জনবল গড়ে তোলার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বর্তমানে রাজধানীতে বাসের মধ্যে প্রতিযোগিতা, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো, নির্ধারিত সময়সূচি না মানা ও অতিরিক্ত ভাড়াসহ নানা অভিযোগ রয়েছে। এসব সমস্যা কমিয়ে একটি সমন্বিত ও জবাবদিহিমূলক পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই সংস্কারের লক্ষ্য। তবে পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন, বাস সংগ্রহ, রুট পুনর্বিন্যাস এবং বেসরকারি মালিকদের নতুন ব্যবস্থায় যুক্ত করার মতো চ্যালেঞ্জ রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমেসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা।
টি/