
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বগির দুটি আসন পুড়ে গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে ট্রেনের কর্মচারী ও স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি রাত সোয়া ১০টার দিকে চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছায়। পরে বড় স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে ট্রেনের সর্বশেষ বগি থেকে ধোঁয়া বের হতে দেখেন স্টেশনে থাকা লোকজন। এ সময় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে ট্রেনের কর্মচারী ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বগির দুটি আসন পুড়ে গেলেও আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি।
ট্রেনের কর্মচারীরা ঘটনাস্থলের কাছাকাছি একটি বোতল দেখতে পেয়েছেন বলে জানা গেছে। তাঁদের ধারণা, দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত বগি পরিদর্শন করে।
রেলওয়ে জিআরপি পুলিশ জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।