
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দীর্ঘ ক্যারিয়ারে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়েছেন ভারতের এই তারকা। দুর্দান্ত ধারাবাহিকতা, রান করার ক্ষুধা এবং চাপের মুখে ম্যাচ জেতানোর ক্ষমতার কারণে ভক্তদের কাছে তিনি পরিচিত ‘রান মেশিন’ ও ‘চেজ মাস্টার’ নামে। ১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লিতে জন্ম নেওয়া কোহলি বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিয়েছেন। জন্মদিনে ফিরে দেখা যাক তার ক্যারিয়ারের ১০টি অবিশ্বাস্য রেকর্ড।
কোহলির অন্যতম বড় কীর্তি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির মালিক হওয়া। এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ৫৫টি শতরান, যেখানে দ্বিতীয় স্থানে থাকা সচিন টেন্ডুলকরের সেঞ্চুরি ৪৯টি। আইপিএলেও রয়েছে তার অনন্য রেকর্ড। ২০১৬ মৌসুমে ১৬ ম্যাচে ৯৭৩ রান করে এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহের নজির গড়েন তিনি। এ ছাড়া টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে বৈধ বল না করেই উইকেট পাওয়ার বিরল কৃতিত্ব রয়েছে তার। ২০১১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াইড বলের পর কেভিন পিটারসন স্টাম্পড হলে উইকেটের সঙ্গে যুক্ত হয় কোহলির নাম।
আইপিএলের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। দীর্ঘ ক্যারিয়ারে ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন না করে একই দলের প্রতি আনুগত্যের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রান পূর্ণ করার রেকর্ডও তার দখলে। মাত্র ২০৫ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি, যেখানে সচিন টেন্ডুলকরের লেগেছিল ২৫৯ ইনিংস। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাধিক সাতটি দ্বিশতরানের মালিকও কোহলি। এই তালিকায় পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাকে, যার সংগ্রহে ছিল পাঁচটি দ্বিশতরান।
একই প্রতিপক্ষের বিপক্ষে ধারাবাহিকতার ক্ষেত্রেও অনন্য কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেছেন ১০টি সেঞ্চুরি, যা কোনো একটি দলের বিপক্ষে সর্বাধিক শতরানের রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার জেতার তালিকাতেও শীর্ষে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ২২টি সিরিজসেরার সম্মান পেয়েছেন এই ভারতীয় ব্যাটার। এ ছাড়া একদিনের ক্রিকেটে ৩০০ বা তার বেশি রানের লক্ষ্য তাড়া করতে নেমে করেছেন সর্বাধিক নয়টি সেঞ্চুরি। চাপের মুখে রান তাড়া করে দলকে জেতানোর অসাধারণ দক্ষতাই তাকে ‘চেজ মাস্টার’ উপাধি এনে দিয়েছে।
কোহলির রেকর্ডের তালিকায় সর্বশেষ উল্লেখযোগ্য কীর্তি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রান পূর্ণ করা। মাত্র ৬২৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল সচিন টেন্ডুলকরের, যিনি ৬৪৪ ইনিংসে ২৮ হাজার রান করেছিলেন। অর্থাৎ ক্রিকেটের কিংবদন্তি সচিনের চেয়ে ২০ ইনিংস কম খেলেই এই কৃতিত্ব অর্জন করেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দুই দশকের পথচলায় একের পর এক রেকর্ড গড়ে বিরাট কোহলি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার এই কীর্তিগুলো ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
টি/