logo
youtube logotwitter logofacebook logo

২০২৬

দেশের মসৃণ উত্তরণে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী - image

দেশের মসৃণ উত্তরণে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

01 মে 2023, 6:00 PM

উন্নয়নশীল দেশ হয়ে ওঠার পথে বাংলাদেশের মসৃণ উত্তরণ, পরবর্তী সময়ে উচ্চ-মধ্যম আয়ের দেশ হিসেবে উত্তরণ লাভ এবং এর ডেলটা প্ল্যান-২১০০ বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ ২০২৬ সালে জাতিসংঘের এলডিসি মর্যাদা থেকে মসৃণ ও টেকসই উত্তরণ লাভের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি বিশ্বব্যাংককে আমাদের মানব পুঁজি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন কর্মসূচিগুলোকে একটি মসৃণ উত্তরণের জন্য সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করছি। সে লক্ষ্যে গুরুত্বপূর্ণ আইডিএ উইন্ডোটি সংরক্ষণ ও অব্যাহত রাখা প্রয়োজন। ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দফতরের প্রিস্টন অডিটরিয়ামে সোমবার অনুষ্ঠিত ‘বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারত্বের ৫০ বছরের প্রতিফলন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বিশ্বব্যাংকের সামনে পাঁচটি সুনির্দিষ্ট পরামর্শ রেখেছেন, যা বিশ্বব্যাংক ঋণদাতাদের বিবেচনায় নেওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য বাস্তবায়নের জন্য বাংলাদেশ অবকাঠামো ও লজিস্টিকসে বিনিয়োগ অব্যাহত রাখবে। তিনি বলেন, আমি আশা করব বিশ্বব্যাংক আগামী বছরগুলোতে আমাদের ভৌত ও সামাজিক উভয় খাতে মেগা প্রকল্পগুলোতে সম্পৃক্ত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার জাতীয় আকাঙ্ক্ষার সঙ্গে জাতিসংঘের এসডিজির সমন্বয় করেছে। শেখ হাসিনা বলেন, এসডিজি বাস্তবায়নের জন্য বিশ্বব্যাংক ও অন্য উন্নয়ন সহযোগীদের বর্ধিত, ছাড় দেওয়া এবং উদ্ভাবনী অর্থায়নের জরুরি প্রত্যাশা রয়েছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, মহামারি, সশস্ত্র সংঘাত এবং জলবায়ু জরুরি অবস্থার কারণে চলমান বৈশ্বিক একাধিক সংকট বেশির ভাগ উন্নয়নশীল অর্থনীতিকে গুরুতর চাপের মধ্যে ফেলেছে। তিনি বলেন, মহামারি ও সশস্ত্র সংঘাত থেকে উদ্ভূত একাধিক সংকট সত্ত্বেও কিছু উন্নয়ন অংশীদার তাদের ঋণের খরচ এবং সুদের হার বাড়িয়েছে। সরকার প্রধান বলেন, আমি বিশ্বব্যাংক ও অন্য উন্নয়ন অংশীদারদের কার্যকর বিকল্প খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের অর্থনীতিগুলোর উদ্ভূত চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে পারে। তিনি বলেন, বাংলাদেশ আশা করে যে জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ডে বিশ্বব্যাংকের বর্ধিত সম্পৃক্ততা প্যারিস চুক্তির অধীনে অর্থায়নের ঘাটতি পূরণে সহায়তা করবে। রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে তারা জাতিসংঘ ও অন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত একজন রোহিঙ্গাও ফিরে যায়নি। তিনি বলেন, বিস্তৃত অঞ্চলের জন্য ক্রমবর্ধমান নিরাপত্তার প্রভাবের পাশাপাশি পরিস্থিতি আমাদের জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। আমি বিশ্বব্যাংককে আমাদের মানবিক প্রচেষ্টায় যোগদানের জন্য এবং রোহিঙ্গা ও তাদের সম্প্রদায়ের জন্য ৫৯ কোটি ডলার অনুদানের জন্য ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং এর সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু অনুষ্ঠানে বক্তৃতা করেন। শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাংক একটি নেতৃস্থানীয় উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশকে ধারাবাহিকভাবে সহায়তা করে আসছে। তিনি বলেন, এখানে (বিশ্বব্যাংক) আমার উপস্থিতি ইঙ্গিত দেয় যে আমরা বিশ্বব্যাংকের প্রতি আমাদের আস্থা বজায় রেখেছি। আগামী দুই দশকে আমাদের সাফল্য নির্ভর করবে আমাদের সম্মিলিত সক্ষমতা এবং ন্যায়সংগত ও টেকসই উপায়ে উদীয়মান চ্যালেঞ্জগুলো অতিক্রম করার প্রচেষ্টার ওপর। প্রধানমন্ত্রী বলেন, টানা তিন মেয়াদে জনগণ ও দেশের সেবা করার সুযোগ লাভের জন্য আমি আমাদের জনগণের কাছে কৃতজ্ঞ। গত দেড় দশকে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুষ্ঠু সামষ্টিক অর্থনৈতিক মৌলিক বিষয়গুলোর জন্য বাংলাদেশে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, আমাদের নিজস্ব সম্পদে পদ্মা বহুমুখী সেতুর সমাপ্তি এবং গত বছর এর উদ্বোধন সম্ভবত আমাদের সহনশীলতা ও সাফল্য অর্জনের সেরা উদাহরণ। সরকার প্রধান বলেন, আমাদের অর্থনীতি গত এক দশকে গড়ে ৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। মহামারির ঠিক আগে এটি ৮.১৫ শতাংশে পৌঁছেছে। এর ফলে ২০২২ সালে মাথাপিছু আয় ২,৮২৪ মার্কিন ডলারে পৌঁছেছে। শেখ হাসিনা বলেন, ২০২২ সালে সার্বিক দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশে নেমে এসেছে, যা ২০০৬ সালে ছিল ৪১.৫ শতাংশ। তিনি বলেন, তাঁর সরকার সামাজিক সুরক্ষার জন্য জাতীয় বাজেট বরাদ্দ ৪০ গুণ বাড়িয়েছে, যা জিডিপির ২.৫ শতাংশ। প্রধানমন্ত্রী বলেন, সরকার বিনা খরচে সব গৃহহীন ও ভূমিহীন মানুষকে আবাসন প্রকল্পের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে। প্রতিটি বাড়ির দোরগোড়ায় স্বাস্থ্যসেবা এবং বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশকে একটি আঞ্চলিক সংযোগ, বিমান ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দেয়। তিনি বলেন, আমরা ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করেছি, যা ২০৩০ সালের মধ্যে আনুমানিক এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে। বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বিশ্বের শতাধিক সেরা সবুজ কারখানার অর্ধেকের বেশি এখন বাংলাদেশে রয়েছে।

মে ০১, ২০২৩
এশিয়ার দুই দেশের বিপক্ষে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা! - image

এশিয়ার দুই দেশের বিপক্ষে খেলতে আসছে মেসির আর্জেন্টিনা!

05 মে 2023, 6:00 PM

লিওনেল মেসির আর্জেন্টিনা বাংলাদেশে খেলতে আসবে, এমন আলোচনা কিছুদিন আগেও ছিল। তবে সম্প্রতি বাফুফে জানিয়ে দিয়েছে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের আনা আপাতত সম্ভব নয়। বাংলাদেশে না আসলেও এশিয়াতেই খেলতে আসছে আর্জেন্টিনা দল, এমনটিই জানিয়েছেন আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গাস্তন ইদুল। আর্জেন্টিনার দৈনিক টিওয়াইসি স্পোর্টস’সে কাজ করা গাস্তন এদুলের এক টুইটার পোস্টে লিখেছেন যে, জুনে এশিয়াতে দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। চীন ও ইন্দোনেশিয়ায় সফর করবে তারা। দুই দেশের বিপক্ষেই একটি করে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের পর ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা। এর মধ্যে পানামাকে ২-০ গোলে এবং কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে মেসিরা। এবার বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে প্রথমবার বাইরের দেশে খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার জন্যই চীন ও ইন্দোনেশিয়ায় খেলতে যাচ্ছে দলটি। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। যেখানে ঘরের মাটিতে প্রথমে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর মেসিরা খেলতে যাবেন বলিভিয়ায়।

মে ০৫, ২০২৩
২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন - image

২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন

17 মে 2023, 6:00 PM

২০২৬ ফিফা বিশ্বকাপের আসর যৌথভাবে আয়োজন করছে উত্তর আমেরিকার তিন দেশ -কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। গ্রেটেস্ট শো অন আর্থের সে আসরের লোগো উন্মোচন করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার (১৭ মে) সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে ২০২৬ বিশ্বকাপের লোগো। লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি 'এল ফেনোমেনন' রোনাল্ডো নাজারিও। ২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের চেহারা। কাতারেই শেষবারের মতো বসেছিল ৩২ দলের আসর। যাতে বিশ্বকাপে খেলা হতো ৬৪ ম্যাচ। 'কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকো বিশ্বকাপ, ২০২৬' থেকে আসর হবে ৪৮ দেশ নিয়ে। অর্থাৎ দেশের সংখ্যা বাড়ছে ১৬টি। ফলে বাড়বে ম্যাচসংখ্যাও। খেলা হবে ৮০ ম্যাচ। যে কারণে শেষ চারটি বিশ্বকাপের তুলনায় ২০২৬ আসরে ভেন্যুর সংখ্যাও বাড়াতে হয়েছে ফিফাকে। খেলা হবে ১৬টি ভেন্যুতে। আয়োজনে কানাডা ও মেক্সিকো থাকলেও মূল আয়োজক হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র। আয়োজক যুক্তরাষ্ট্রের ১১টি ভেন্যুতে হবে বিশ্বকাপের খেলা। দুই সহআয়োজক মেক্সিকোর ৩টি, আর কানাডার ২ স্টেডিয়ামে চলবে বিশ্বকাপের লড়াই।লোগো উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'এটি এমন একটি মুহূর্ত যখন তিনটি দেশ এবং একটি সমগ্র মহাদেশ সম্মিলিতভাবে বলে যে, আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি দল নিয়ে ফিফা ওয়ার্ল্ডকাপ উপহার দিতে চলেছি।' আরও বলেন, 'এই টুর্নামেন্ট আয়োজক দেশ এবং অংশগ্রহণকারীদের ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ করে দিচ্ছে।' ট্রফিটির নিচে ২০২৬ বিশ্বকাপের বোল্ড ছাপ দেওয়া হয়েছে। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের লোগোতে সোনালি ট্রফি ব্যবহার করা হয়েছে। যদিও অন্য আসরগুলোতে মূল ছবির পরিবর্তে অঙ্কিত কোনো ছবি ব্যবহার করা হতো। লোগোটিকে লাল, সাদা এবং নীল ঢালের বিপরীতে বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ২০২৬ বিশ্বকাপের লোগো নির্বাচনে গুরুত্ব দেয়া হয়েছে জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে। পৃথিবীর ক্রমবর্ধবান ভোগবাদিতার বিপরীতে 'মিনিমালিস্ট' ধারণার প্রচারে খুবই সাদামাটা লোগো বেছে নিয়েছে ফিফা। যা খুব একটা পছন্দ হয়নি ফুটবলপ্রেমীদের। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই এরই মধ্যে সমালোচনা শুরু হয়েছে লোগোটি নিয়ে। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বিরক্তিকর লোগো হিসেবে আখ্যা দিয়েছে তারা। ২০২৬ ফুটবল বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ৪৮ দলের বর্ধিত কলেবর হলেও ৪ দলের গ্রুপ নিয়েই মাঠে গড়াবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ। ১২টি গ্রুপে ৪৮টি দলকে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে ৪টি করে দল থাকবে। আর প্রথমবারের মতো থাকবে রাউন্ড অব থার্টি-টু। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল শেষ ৩২-এ জায়গা করে নেবে। এর সঙ্গে প্রতিটি গ্রুপে তৃতীয় দলগুলোর মধ্যে ৮টি দল রাউন্ড অব থার্টি-টুতে জায়গা পাবে। এরপর ৩২ দল নিয়ে হবে নক-আউট পর্ব, এরপর যথাক্রমে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল হবে।আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে দলের সঙ্গে বাড়ছে ম্যাচ সংখ্যাও। ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ মাঠে গড়াবে। যেখানে ম্যাচসংখ্যা হবে ৮০টি। বড় পরিসরে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বকাপে ভেন্যু হবে ১৬টি। আয়োজক দেশের মূল দায়িত্ব থাকছে যুক্তরাষ্ট্রের কাঁধে। তাদের সঙ্গে আয়োজনের দায়িত্বে মেক্সিকো আর কানাডা থাকলেও আমেরিকার ১১টি ভেন্যু পেয়েছে বিশ্বকাপের দায়িত্ব। যেখানে মেক্সিকোর ৩টি, আর কানাডার ২টি। ২০২৬ সালের ১১ জুন থেকে ১৯ জুলাই আসরটি মাঠে গড়াবে।

মে ১৭, ২০২৩
এবার বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব - image

এবার বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব

23 মে 2023, 6:00 PM

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খালিফা জানিয়েছেন ২০৩০ অথবা ২০৩৪ সালে এই অঞ্চলে আরও একটি বিশ্বকাপ আয়োজনে আগ্রহী তারা। এবার তারা সৌদি আরবে বিশ্বকাপ আয়োজন করতে চায়।  এশিয়ায় এখন পর্যন্ত দুইবার  বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে যৌথভাবে। আর সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত হয় কাতারে। সিরিয়া ও লেবানন সফরে গিয়ে সোমবার বৈরুতে সাংবাদিকদের কাছে বাহরাইনের শেখ সালমান বলেন, ‘আমি মনে করি এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের সব ধরনের যোগ্যতা সৌদি আরবের রয়েছে। কিন্তু আমাদের সঠিক সময় বেছে নিতে হবে, সেটা হতে পারে ২০৩০ কিংবা ২০৩৪। তবে ২০৩৪ সালে হলে সেটা বেশি ভাল হবে। আমরা সেটার দিকেই তাকিয়ে আছি। তবে ২০৩০’এ যদি পরিস্থিতি অনুকূলে থাকে তবে তার জন্যও  আমরা প্রস্তুত আছি।’ ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মত ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই ২০৩০ বিশ্বকাপের জন্য দুটি যৌথ বিডের প্রস্তাব রয়েছে- স্পেন, পর্তুগাল ও মরক্কো মিলে একটি এবং আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও প্যারাগুয়ে আরও একটি বিডে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছে। গত সেপ্টেম্বরে মিশরীয় যুব ও ক্রীড়া মন্ত্রী মুহাম্মদ ফাওজির পক্ষে এক মুখপাত্র জানিয়েছিলেন বিশ্বকাপে আয়োজনে সৌদি আরব ও গ্রীস যৌথ বিডে অংশ নিতে চায়। এদিকে সৌদি ক্রীড়া মন্ত্রী প্রিন্স আব্দুলাজিজ বিন তুরকি আল ফয়সাল ফেব্রুয়ারিতে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তার দেশ এখনো পর্যন্ত প্রার্থিতার সম্পর্কিত কোন ফাইল জমা দেয়নি। কিন্তু একইসঙ্গে তিনি বলেছেন সবকিছুই সম্ভব। শেখ সালমান জানিয়েছেন, তিনি আগে নিশ্চিত হতে চান যেকোনো বিডে এএফসি সমন্বিত আছে এবং তাদের পূর্ণ সমর্থন আছে। এএফসি সভাপতি বলেন, ‘আমরা কন্টিনেন্টাল ফেডারেশন ও ফিফার সঙ্গে সমন্বয় করছি। যেকোনো দেশের সঙ্গে যৌথ বিডে যাওয়ার জন্য সব ধরনের সমঝোতার বিষয়টিও আমরা বিবেচনা করছি যাতে দ্রুত একটি ফাইল উপস্থাপন করা যায়। অন্তত ৯০ ভাগ সফলতা নিশ্চিত করেই আমরা সবকিছু করতে চাই। আমাদের হাতে ৪৭টি ভোট আছে, যেখানে বিশ্বকাপের স্বাগতিক হতে হলে ১১০ ভোটের প্রয়োজন হয়। অন্যান্য মহাদেশীয় সমর্থন আমাদের প্রয়োজন। এজন্য আমাদের আরও কাজ করতে হবে।’

মে ২৩, ২০২৩
মার্কিন নতুন ভিসা নীতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি - image

মার্কিন নতুন ভিসা নীতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

24 মে 2023, 6:00 PM

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারী ও তাদের পরিবারের সদস্যদের ভিসা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করার ব্যবস্থা সম্বলিত নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৫ মে) মার্কিন ভিসা নীতি নিয়ে একটি বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে তথাকথিত থ্রি সি বিধান অনুসারে ভিসা সীমাবদ্ধতা নীতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার বিষয়টি বাংলাদেশ সরকার আমলে নিয়েছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য সর্বস্তরে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তার সরকারের দ্ব্যর্থহীন অঙ্গীকারের বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ এই ঘোষণা দেখতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল জাতি, যেখানে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ধারাবাহিক নির্বাচন অনুষ্ঠানের অভিজ্ঞতা রয়েছে। ২০০৮ সালের সাধারণ নির্বাচনের পর থেকে এটা স্পষ্ট যে আওয়ামী লীগ সরকারের অধীনে অব্যাহত রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশের জনগণ অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন ও ক্ষমতায়নের অভিজ্ঞতা অর্জন করেছে। ফলে ২০০৬ সালের ৪১ দশমিক ৫ শতাংশ দারিদ্র্য ২০২২ সালে ১৮ দশমিক ৭ শতাংশ এবং একই সময়ের মধ্যে চরম দারিদ্র্য ২৫ দশমিক১ শতাংশ থেকে ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশ এখন উন্নয়নের একটি আন্তর্জাতিক রোল মডেল উল্লেখ করে বিবিৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের মধ্যে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে স্নাতক হওয়ার যোগ্য হয়ে উঠেছে দেশটি। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার টানা তিন মেয়াদে নির্বাচিত হওয়ার কারণে এটি অর্জন হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক ও ভোটাধিকারের বিষয়ে অনেক বেশি সচেতন। ভোট কারচুপির মাধ্যমে জনগণের ম্যান্ডেট কেড়ে নিয়ে কোনো সরকারের ক্ষমতায় থাকার নজির নেই। জনগণের ভোটের অধিকারকে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় পবিত্রতা বলে মনে করে। আর এই অধিকারের জন্য নিরলস সংগ্রাম ও আত্মত্যাগের রাজনৈতিক ইতিহাস তার রয়েছে। সরকার সব শান্তিপূর্ণ ও বৈধ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সভা-সমাবেশের স্বাধীনতাকে গুরুত্ব দেয়। বাংলাদেশে নির্বাচনী সংস্কার প্রক্রিয়া সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শমূলক পদ্ধতিতে চলে থাকে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার কর্তৃক তালিকাভুক্ত ১০ দশমিক ২৩ মিলিয়ন ভোটার তালিকা জালিয়াতির প্রতিক্রিয়া হিসেবে ফটোভিত্তিক ভোটার আইডি কার্ড ইস্যু করা হয়েছিল। ভোটারদের পাশাপাশি ভোটগ্রহণ কর্মকর্তা ও এজেন্টদের মধ্যে আস্থা প্রতিষ্ঠার জন্য স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবহারকেও আদর্শ করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন পূর্ণ স্বাধীনতা, বিশ্বাসযোগ্যতা ও দক্ষতার সঙ্গে তার কাজ সম্পাদনের জন্য সজ্জিত রয়েছে। বর্তমান সরকার প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ জাতীয় সংসদ কর্তৃক প্রণয়নের উদ্যোগ নেয়। সেই আইন অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বাংলাদেশের সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর মাধ্যমে বাধ্যতামূলকভাবে, সব নির্বাহী যন্ত্র নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে, যাতে এটি নির্দেশিতভাবে তার দায়িত্ব পালনে সহায়তা করতে পারে। সেই বিবেচনায় নির্বাচনের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক আয়োজনের জন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সত্তার যেকোনো বেআইনি অনুশীলন বা হস্তক্ষেপ প্রতিরোধ ও মোকাবিলার জন্য সরকারি সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের স্বীকৃত আন্তর্জাতিক পর্যবেক্ষকের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া কঠোর নজরদারির মধ্যে থাকবে। সরকার আশা করে যে, যারা স্থানীয় অগণতান্ত্রিক শক্তি, যারা সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালায়, তারা সতর্ক থাকবে এবং সংবিধানের নির্দেশিত নির্বাচনী প্রক্রিয়াকে বিপন্ন করার তাদের বিভ্রান্তিকর প্রচেষ্টা থেকে বিরত থাকবে। কঠোর পরিশ্রমে অর্জিত গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দেশে উন্নয়নের অর্জনকে টিকিয়ে রাখা সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর টেকসই অঙ্গীকারের পাশে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ়ভাবে দাঁড়িয়েছে বলে সরকার প্রশংসা করে। উল্লেখ্য, বুধবার বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই ভিসা নীতির আওতায় বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িতদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করার কথা জানিয়েছে দেশটি।

মে ২৪, ২০২৩
সৌদির মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিলেন নেইমার - image

সৌদির মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিলেন নেইমার

31 মে 2023, 6:00 PM

২০৩০ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। সেজন্য মধ্যপ্রাচ্যের দেশটি ফুটবলের পাওয়ার হাউসকে টেক্কা দেয়ার লক্ষ্যে মাঠে নেমেছে। সেই সাথে ঘরোয়া লিগে বিশ্বের তারকা ফুটবলারদের সমাবেশ ঘটানোর পরিকল্পনা করেছে সৌদি অ্যারাবিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ইতোমধ্যে সৌদির ক্লাব আল-নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশটির আরেক ঐতিহ্যবাহী ক্লাব আল-হিলাল সাতবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব দিয়ে রেখেছে। এমনকি কিছুদিন ধরে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমাকেও পেতে চাইছে সৌদি ক্লাব। আসন্ন নতুন মৌসুমে সৌদির ক্লাবগুলোতে আরও কিছু নাম হয়ত দেখা যেতে পারে। সেখানে দেখা যেতে পারে সার্জিও বুসকেটস, জর্দি আলবা, অ্যানহেল ডি মারিয়ার মত ইউরোপিয়ান তারকা। সেখানে যুক্ত হতে পারত আরেকটি নাম, সেটি পিএসজির ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র। ফরাসি সংবাদমাধ্যম 'ফুট মেরকাতো' জানিয়েছে, সৌদি আরবের ক্লাব থেকে নেইমার জুনিয়রকে ৪০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু তিনি সে প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। কারণ আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ইউরোপিয়ান ফুটবলেই থাকতে চান এই ফরোয়ার্ড। চলতি মৌসুম শেষে নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে। তার সম্ভাব্য গন্তব্য হিসেবে এই তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, নিউক্যাসল ইউনাইটেড, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির নাম শোনা যাচ্ছে। তবে তিনি কোথায় যাবেন সেটা এখনও নিশ্চিত নয়। এদিকে চোটের কারণে গত ফেব্রুয়ারি থেকেই মাঠের বাইরে রয়েছেন নেইমার। পিএসজির পূণর্বাসন কেন্দ্রে ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ফরাসি লিগ ওয়ান শিরোপা জয়ের উৎসবে বন্ধু মেসির মতো ছিলেন দলের সাথে ছিলেন না নেইমার। তবে পিএসজির ২০২৩-২৪ মৌসুমের অফিসিয়াল কিটের ভিডিওতে মেসি ও নেইমার দু’জনকেই দেখা গেছে।

মে ৩১, ২০২৩
ব্রাজিল শিবিরে সুখবর, কোপা আমেরিকা জিততে নতুন কৌশল - image

ব্রাজিল শিবিরে সুখবর, কোপা আমেরিকা জিততে নতুন কৌশল

05 জুলাই 2023, 6:00 PM

সময়টা মোটেই ভালো চাচ্ছে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। মরুর বুকে প্রথম বিশ্বকাপে হার; এরপর প্রীতি ম্যাচে বারবার হোঁচট। অন্যদিকে দলের সেরা তারকার নেইমার জুনিয়রের ইনজুরি; সব মিলিয়ে বেশ কঠিন সময়ই পার করছে সেলেসাওরা। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর তিতের পদত্যাগের পর থেকেই নতুন কোচের খোঁজ করছিল ব্রাজিল। যে কিনা কঠিন সময়ে দলের হাল ধরে দলকে কাঙ্ক্ষিত শিরোপার উল্লাসে মাতাবেন। জয়ের মতো কোচ খরাও দেখেছে দলটি। তিতের পর র‍্যামন মেনেজেসকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়। তার (মেনেজেস) অধীনে তিনটি ম্যাচ খেলেছে ব্রাজিল। তবে এবারও বরাবরই হতাশ সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এক জয়ের বিপরীতে সঙ্গী হয়েছে দুই হার। এদিকে অনেক দিন ধরেই রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে কোচ হিসেবে পেতে চেষ্টা চালায় সেলেসাওরা। এবার সুখবর পেল দলটি। শেষ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে রাজী হয়েছেন আনচেলত্তি। ২০২৪ কোপা আমেরিকায় সেলেসাওদের ডাগ-আউটে তাকে দেখা যাবে। ব্রাজিলের জোরালো আগ্রহ সত্ত্বে আনচেলত্তি বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুন পর্যন্ত রিয়ালেই থাকার ইচ্ছা পোষণ করেছেন। বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্র। তবে এর আগে, ফ্লুমিনেন্সের কোচ ফার্নান্দো দিনিজ ওই সময় পর্যন্ত নেইমারদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন। ৪৯ বছর বয়সী দিনিজের অধীনে চলতি বছরে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ছয়টি ম্যাচ খেলবে ব্রাজিল। এর মধ্যে প্রতিপক্ষ হিসেবে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও উরুগুয়ে। ঘরের মাঠে আগামী সেপ্টেম্বরে বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাছাইপর্ব মিশন শুরু করবে সেলেসাওরা। পরের ম্যাচে ঘরের বাইরে তাদের প্রতিপক্ষ পেরু। প্রায় ৬০ বছর পর কোনো বিদেশি কোচ ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। ১৯৬৫ সালে সর্বশেষ আর্জেন্টাইন ফিলপো নুনেজ মাত্র এক ম্যাচের জন্য বিদেশি কোচ হিসেবে সেলেসাওদের দায়িত্ব পেয়েছিলেন। বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে ৬৪ বছর আনচেলত্তি এসি মিলান ও রিয়াল মাদ্রিদের হয়ে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। এ ছাড়া চেলসির হয়ে ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখের হয়ে জার্মানি, পিএসজির হয়ে ফরাসি লিগের শিরোপা জয় করেছেন।

জুলাই ০৫, ২০২৩
মালয়েশিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি আমদানির উদ্যোগ - image

মালয়েশিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি আমদানির উদ্যোগ

11 জুলাই 2023, 6:00 PM

এবার মালয়েশিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি (তরলিকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির উদ্যোগ নিচ্ছে সরকার। বাণিজ্যিক শর্ত বা বিষয়গুলো আলোচনা বা চূড়ান্ত না করেই এই এলএনজি আমদানির করা হবে। মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘পেরিনটিস আকাল এসডিএন বিএইচডি’ থেকে এই এলএনজি আমদানি করবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আজ বুধবার অনুষ্ঠেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রস্তাব নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে। এবারই প্রথমবারের মতো মালয়েশিয়া থেকে এলএনজি আমদানি করা হবে। ‘জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ’ সূত্রে জানায়, চলতি ২০২৩ এবং আগামী ২০২৪ ও ২০২৫ সালে গ্যাসের বিদ্যমান চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় এলএনজি আমদানির পাশাপাশি স্পট মার্কেট থেকেও এই জ্বালানি আমদানির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ ক্ষেত্রে মালয়েশিয়ার প্রতিষ্ঠান ‘পেরিনটিস আকাল এসডিএন বিএইচডি’ থেকে দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় চলতি ২০২৩ বছর থেকে এলএনজি আমদানির প্রস্তাবটি বিবেচনায় নেয়া হয়েছে। সূত্র জানায়, ২০২২ সালের ৫ ডিসেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠান পেরিনটিস আকাল এসডিএন বিএইচডি থেকে দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহের একটি প্রস্তাব পেট্রোবাংলায় পাঠানো হয়। এ পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদে এলএনজি আমদানির লক্ষ্যে অনুমোদিত স্ট্যান্ডার্ড সেলস অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট অনুযায়ী এলএনজি সরবরাহের পূর্ণাঙ্গ প্রস্তাব দাখিল করার জন্য গত ৩ জানুয়ারি মালয়েশিয়ার প্রতিষ্ঠানকে ই-মেইলে আমন্ত্রণ জানানো হয়। এ ধারাবাহিকতায় এলএনজি আমদানির স্ট্যান্ডার্ড সেল্স অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্টের শর্তে সম্মত হয়ে গত ১৬ ফেব্রুয়ারি পেট্রোবাংলা বরাবর প্রস্তাব দাখিল করে মালয়েশিয়ার এই কোম্পানি। সূত্র জানায়, পরে এলএনজি আমদানির স্ট্যান্ডার্ড সেলস অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্টের আলোকে মালয়েশিয়ার প্রতিষ্ঠানের সাথে আলোচনার জন্য প্রস্তাব প্রক্রিয়াকরণ কমিটিকে (পিপিসি) সহায়তা করার জন্য একটি কারিগরি কমিটি গঠন করা হয়। এই কমিটি পেরিনটিস আকাল এসডিএন বিএইচডি থেকে দীর্ঘ মেয়াদে এলএনজি আমদানির লক্ষ্যে গত ৫ জুন কোম্পানিটির সাথে আলোচনা করে। জানা গেছে, ওই বৈঠকে স্ট্যান্ডার্ড সেলস অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্টের সব ধারা ও শর্ত নিয়ে আলোচনা হলেও বাণিজ্যিক কোনো বিষয় বা শর্ত ( যেমন- চুক্তিমূল্য, পরিমাণ ও মেয়াদ ইত্যাদি) নিয়ে কোনো আলোচনা হয়নি। এ বৈঠকের পরিপ্রেক্ষিতে গত ২০ জুন কারিগরি কমিটি পিপিসির নিকট একটি প্রতিবেদন দাখিল করে। গত ৫ জুলাই অনুষ্ঠিত পিপিসির সভায় দীর্ঘমেয়াদে এলএনজি আমদানির লক্ষ্যে মালয়েশিয়ার কোম্পানির প্রস্তাব প্রক্রিয়াকরণে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে কক্সবাজারের মহেশখালীতে দৈনিক ৫০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন করা হয়েছে। বঙ্গোপসাগরে আবহাওয়াজনিত চ্যালেঞ্জগুলো বিবেচনায় দু’টি এফএসআরইউতে ৬.৫ এমটিপিএ (৮৫০ এমএমসিএফডির সমতুল্য) এলএনজি নেয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া কক্সবাজারের মহেশখালীতে ২০২৬ সাল নাগাদ দৈনিক ৬০০ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে সামিট ওয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের সাথে এবং পটুয়াখালীর পায়রাতে ৫০০ এমএমসিএফডি ক্ষমতাসম্পন্ন চতুর্থ ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের লক্ষ্যে এক্সেলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের সাথে নেগোশিয়েশন চলমান রয়েছে। ভাসমান টার্মিনাল দু’টির মাধ্যমে এলএনজি সরবরাহের জন্য পেট্রোবাংলা ও কাতারের রাস লাফ্যান লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের (কাতার গ্যাস) মধ্যে ১৫ বছর মেয়াদে ১.৮ থেকে ২.৫ এমটিপিএ এলএনজি এবং ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের (বর্তমান নাম ওকিউ টেড্রিং লিমিটেড-ওকিউটি) সাথে ১০ বছর মেয়াদে ১ থেকে ১.৫ এমটিপিএ এলএনজি আমদানির লক্ষ্যে এলএনজি সেলস অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এসপিএ) সই করা হয়েছে। বর্তমানে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় ‘কাতার গ্যাস’ থেকে ২.৫ এমটিপিএ এবং ‘ওকিউটি’ থেকে ১.০ এমটিপিএ অর্থাৎ সর্বমোট ৩.৫ এমটিপিএ এলএনজি আমদানি করা হচ্ছে। এ ছাড়া চাহিদার আলোকে মাস্টার সেলস অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দর প্রস্তাব আহ্বানের মাধ্যমে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হচ্ছে। সূত্র জানায়, চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম থাকায় বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, ক্যাপটিভ বিদ্যুৎ ও শিল্প খাতে স্বাভাবিক গ্যাস সরবরাহে বিঘœ ঘটছে। গ্যাসের ঘাটতির ফলে শিল্পখাতে উৎপাদন ব্যাহত হওয়ায় গ্যাস সরবরাহ নির্বিঘœ করতে এবং গ্যাসের ঊর্ধ্বমূল্য বিবেচনায় প্রয়োজনে বর্ধিত মূল্যে হলেও গ্যাস সরবরাহের জন্য বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ইতোমধ্যে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। সে পরিপ্রেক্ষিতে দেশের বিদ্যমান ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের লক্ষ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আরো এলএনজি আমদানি করা প্রয়োজন বলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মত প্রকাশ করেছে।

জুলাই ১১, ২০২৩
অনিশ্চিত ২০২৬ কমনওয়েলথ গেমস - image

অনিশ্চিত ২০২৬ কমনওয়েলথ গেমস

17 জুলাই 2023, 6:00 PM

২০২৬ কনওয়েলথ গেমস নিয়ে তৈরি হলো ঘোর অনিশ্চয়তায়। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে আয়োজিত হওয়ার কথা এ আসর। কিন্তু বাজেট স্বল্পতার কথা উল্লেখ করে গেমস আয়োজনে অস্বীকৃতি জানিয়েছে প্রদেশটির প্রশাসন। ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেছেন, ‘কমনওয়েলথ গেমস আয়োজন করতে খরচ হবে অস্ট্রেলিয়া মুদ্রায় প্রায় ৬০০ কোটি। কিন্তু ভিক্টোরিয়ার পক্ষে এখনই এত টাকা খরচ করা সম্ভব নয়।’ ২০২৬ কমনওয়েলথ গেমসের আয়োজক খুঁজে পেতে বেশ সংগ্রাম করতে হয়েছিল কমনওয়েলথ গেমস ফেডারেশনকে। গত বছর এপ্রিলে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশকে আয়োজক হিসেবে ঘোষণা করে সংস্থাটি। অথচ আয়োজক শহরের নাম ঘোষণা হওয়ার কথা ছিল ২০১৯ সালে। ভিক্টোরিয়া প্রশাসনের সিদ্ধান্তকে ‘খুবই হতাশার’ উল্লেখ করে কমনওয়েলথ গেমস ফেডারেশন জানিয়েছে, দ্রুতই খোঁজা হবে সমাধান। ১৯৩০ সাল থেকে কমনওয়েলথ গেমস আয়োজিত হয়ে আসছে। ১৯৪২ ও ১৯৪৬ সালে বিশ্বযুদ্ধের কারণে এই গেমস আয়োজিত হয়নি। এরপর এবারই প্রথম এই গেমস নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো। যদিও হাতে এখনও কিছুটা সময় আছে। তাই বিকল্প বের হবে বলেই আশা অনেকের।

জুলাই ১৭, ২০২৩
‘নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে দেশ’ - image

‘নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে দেশ’

18 জুলাই 2023, 6:00 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে। এর ফল এখন জনগণ দেখছে। দেশের মানুষ এখন বিশ্বের যেখানেই যায় মাথা উঁচু করে চলতে পারছে।’ আজ বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নতি কত দ্রুত করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে। আমি মনে করি বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত যোগ্যতা অর্জন করেছে। আমরা সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন শুরু হবে ২০২৬ সালে। সে জন্য আমাদের আরও কঠোরভাবে পরিশ্রম করতে হবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও স্যাংশনের কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। প্রতিটি কাজে বাধা পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় জিনিস সময়মত পাওয়া যাচ্ছে না। অর্থনীতির উপর বড় চাপ পড়ছে। তারপরেও অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অর্থনীতি অনেক গতিশীল। উন্নয়নের কর্মধারাও অব্যাহত আছে।’ সরকারপ্রধান বলেন, ‘সচিবদের কর্মদক্ষতায় অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশ পরিচালনায় গতিশীলতা ধরে রাখা সম্ভব হয়েছে। সব ধরনের দুর্যোগ মোকাবিলা করেই দেশ এগিয়ে যাবে। আর যেন এ দেশটি পিছিয়ে না পড়ে, সেদিকে খেয়াল রেখে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি। আমার সঙ্গে যেন মন্ত্রণালয়গুলোর যোগাযোগ থাকে, সে চিন্তা থেকে এ পদ্ধতি নেওয়া। আপনারা (সচিব) অনেক পরিশ্রম করছেন, তার ফল পাচ্ছেন।’ তিনি বলেন, ‘আমাদের ভৌগোলিক সীমাবদ্ধতা আছে। দেশের জনসংখ্যাও অনেক বেশি। আত্মসম্মান ও আত্মমর্যাদা নিয়ে এগিয়ে গেলে অসাধ্য সাধন করা যায়। আমাদের লক্ষ্য ২০৪১-এর মধ্যে উন্নত বাংলাদেশ গড়া। সে লক্ষ্যেই এখন এগিয়ে যেতে হবে।’

জুলাই ১৮, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo