রামিসা হত্যাকাণ্ডের বিচার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
21 মে 2026, বিকাল 5:35
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ । বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রামিসা হত্যাকাণ্ড ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রো-অ্যাকটিভ কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকার গঠনের পর এ জাতীয় ক্রাইম (ধর্ষণ-হত্যাকাণ্ড) যা হয়েছে, সবগুলোতেই পুলিশ কাজ করেছে। দ্রুত সময়ের আসামিদের মধ্যে গ্রেফতার করেছে। তিনি আরও বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা হয়েছে। সেইসঙ্গে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে। সংক্ষিপ্ত সময়ে বিচারিক প্রক্রিয়াও শেষ হবে।গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার (৭) মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেফতার করে পুলিশ। পরে শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা।