logo
youtube logotwitter logofacebook logo

যশোর

যশোরে স্কুলছাত্র রাকিব হত্যার ঘটনায় মামলা - image

যশোরে স্কুলছাত্র রাকিব হত্যার ঘটনায় মামলা

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

যশোরে স্কুলছাত্র রাকিব রায়হান হত্যার ঘটনায় অজ্ঞাত-পরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে নিহতের ভগ্নিপতি আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যশোর কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়, স্কুলছাত্র রাকিব যশোর শহরের মুড়লী মোড় এলাকার আমেনা মেডিসিন হাউজ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সে ফোনে জানায়, আকাশ নামে একজনের সঙ্গে সে পালবাড়ি এলাকায় রয়েছে। পরে, রাত ৮টার দিকে সংবাদ পাওয়া যায়, রাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত রাকিব উপজেলার হাজী আবু মোকাররম ফজলুল বারী কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
সিজার হত্যা : কাইয়ুমের ভাই মতিন ৮ দিনের রিমান্ডে - image

সিজার হত্যা : কাইয়ুমের ভাই মতিন ৮ দিনের রিমান্ডে

05 নভেম্বর 2015, বিকাল 6:00

ঢাকায় ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যায় জড়িত সন্দেহে আটক বিএনপি নেতা এম এ কাইয়ুমের ছোট ভাই এম এ মতিনকে ৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মতিনকে বৃহস্পতিবার দুপুরে সিএমএমকোর্টে হাজির করানো হয়; পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মতিনের পরিবারের অভিযোগ, বেশ কয়েক দিন আগেই তাকে ধরে নিয়ে গেছে পুলিশ। তবে, পুলিশ বলছে, ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের বেনাপোলের বড়-আঁচড়া এলাকায় থেকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মতিনকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর কূটনীতিক-পাড়া গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালীয় ত্রাণকর্মী চেজারে তাভেল্লা। প্রায় ১ মাস পর গত ২৬ অক্টোবর এ হত্যায় জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ। কথিত এক বড়ভাইয়ের নির্দেশে অর্থের বিনিময়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও পুলিশের দাবি।

নভেম্বর ০৫, ২০১৫
বাসের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু - image

বাসের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

08 মে 2016, বিকাল 6:00

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘরিয়ায় স্থানে বাসের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদুল হক শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সাতক্ষীরাগামী এ. কে. ট্রাভেলসের একটি বাস সোমবার সকাল ৮টার দিকে ছয়ঘরিয়ায় পৌঁছে। চলমান বাসটি যাত্রীবাহী একটি নছিমনকে ধাক্কা দিলে, মা সাহিদা খাতুন (৪০) ও তার মেয়ে সালমা (১৭) রাস্তায় ছিটকে পড়েন। এ সময় বাসটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। আহত হয় তিনজন। আহতরা হলেন রনি ইসলাম, আমেনা খাতুন ও ফাতেমা খাতুন। নিহত সাহিদা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের আব্দুর রউফের স্ত্রী, সালমা খাতুন তাদের মেয়ে। নিহতদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মে ০৮, ২০১৬
যশোর জোড়া খুনের দায় স্বীকার নজেলম্যানের - image

যশোর জোড়া খুনের দায় স্বীকার নজেলম্যানের

06 জুন 2016, বিকাল 6:00

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ফিলিং স্টেশনে জোড়া খুনের দায় পুলিশের কাছে স্বীকার করেছে নজেলম্যান সিরাজুল। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে সিরাজুলকে সাতক্ষীরার কলারোয়ার হিজলদী গ্রামের একটি বাড়ি থেকে এবং ইকবাল, নাসির ও নয়নকে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রক্তমাখা জামা-কাপড়সহ একটি কুড়াল উদ্ধার করা হয়। আটকের পর সিরাজুল জানায়, চুরি করে তেল বিক্রির উপরি আয়ের টাকা ভাগাভাগি ও গাঁজা খাওয়া নিষেধ করাকে কেন্দ্র করেই ম্যানেজারসহ ২ জনকে হত্যা করা হয়েছে।

জুন ০৬, ২০১৬
যশোরে গনপিটুনি ও ‘বন্দুকযুদ্ধে’ ৪ ডাকাত নিহত - image

যশোরে গনপিটুনি ও ‘বন্দুকযুদ্ধে’ ৪ ডাকাত নিহত

14 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: যশোর প্রতিনিধি : ডাকাত সন্দেহে গণপিটুনি ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে যশোরে ৪ জনের মৃত্যু হয়েছে। জেলার ঝিকরগাছায় গণপিটুনিতে মারা গেছেন ৩ জন।  গত রাত ৩ টার দিকে কৃষ্ণনগর-কাঁটাখাল এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় : গভীর রাতে কয়েক জনের একটি দল এলাকায় জড়ো হতে থাকলে  ডাকাত বলে সন্দেহ করে এলাকাবাসী। একপর্যায়ে দলটিকে ধাওয়া করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে পুলিশ জানায়। এদিকে যশোর সদর উপজেলাধীন যশোর-মনিরামপুর সড়কে সতীঘাটা কামালপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতের সাথে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে রশি, ৫টি রামদা ও গাছিদা উদ্ধার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, গভীর রাতে একদল টহল পুলিশ উক্ত এলাকায় টহল দেয়ার সময় ডাকাতদলকে দেখতে পায়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে এক ডাকাত আহত হয়। অন্যান্যরা পালিয়ে যায়। আহত ডাকাতকে যশোর সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ রশি, ৫টি রামদা ও গাছিদা উদ্ধার করে। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। লাশ যশোর সদর হাসপাতালে মর্গে আছে।

জুন ১৪, ২০১৬
করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। - image

করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

03 অক্টোবর 2020, বিকাল 6:00

করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে করোনা পজিটিভে কুমিল্লায় মারা গেছে একজন। এই নিয়ে সেখানে এ পর্যন্ত করোনায় মারা গেলেন ২০৬ জন। নতুন শানক্ত হয়েছেন আরো ৯ জন। ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনাভাইরাসে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী স্বাস্থ্যকর্মী ছিলেন। ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফিরোজ জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে জেলায় মোট ২১ জন এ ভাইরাসে মারা গেছেন। এদিকে, বরিশালে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়া যশোরের বাসিন্দা আশরাফুজ্জামান ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু ২২০। নতুন আক্রান্ত ১৯ জন।

অক্টোবর ০৩, ২০২০
১০ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক - image

১০ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

27 জুন 2022, বিকাল 6:00

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২ হাজার ২১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয় ধরে ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৭৫ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৩৪১ কোটি টাকা পাওয়া যাবে। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো- যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ; মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ; কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কের ৮১তম কি.মি. রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ; চরখালী-তুষখালী-মঠবাড়ীয়া-পাথরঘাটা মহাসড়কের (জেড-৮৭০১) পিরোজপুর অংশের জরাজীর্ণ, অপ্রশস্ত বেইলি সেতুর স্থলে পিসি গার্ডার সেতু ও আরসিসি বক্স কালভার্ট নির্মাণ; কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ (১.৬০ কি.মি. থেকে ৩২ কি.মি. পর্যন্ত) সড়ক প্রশস্তকরণ; জামালপুর শহরের গেটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ (১ম সংশোধিত); বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (১ম পর্যায়) (৩য় সংশোধিত); ঢাকা সেনানিবাসে এমইএস (মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস) এর ভৌত অবকাঠামো সুবিধা সম্প্রসারণ; কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় পানি সরবরাহ ও স্যানিটেশন।

জুন ২৭, ২০২২
পেট্রাপোল দিয়ে ভারতে যেতে বাধা নেই বাংলাদেশিদের - image

পেট্রাপোল দিয়ে ভারতে যেতে বাধা নেই বাংলাদেশিদের

02 জুলাই 2022, বিকাল 6:00

যশোরের বেনাপোল চেকপোস্ট হয়ে পেট্রাপোল দিয়ে ভারতে যেতে কোন বাধা নেই বাংলাদেশিদের। আজ রবিবার (৩ জুলাই) ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সোশ্যাল মিডিয়ার কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে, মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যদি তাদের পূর্ববর্তী ভারত সফর তাদের বর্তমান ভ্রমণের আগের তিন মাসের মধ্যে হয়। ভারতীয় হাই কমিশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশি বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় এ ধরনের মিথ্যা পোস্ট এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

জুলাই ০২, ২০২২
তাপপ্রবাহ সোমবার পর্যন্ত থাকবে - image

তাপপ্রবাহ সোমবার পর্যন্ত থাকবে

16 জুলাই 2022, বিকাল 6:00

দেশে আগামীকাল সোমবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই এ সময় পর্যন্ত ভাপসা গরম থাকবে। এর পর থেকে সারা দেশে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এবং গরমের তীব্রতা কমে আসবে। বর্তমানে ২৩টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল শনিবার সন্ধ্যায় এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর আগের দিন ১৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দেয় সংস্থাটি। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, বর্তমানে টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা ও রংপুর বিভাগের আট জেলা, রাজশাহী বিভাগের আট জেলা এবং সিলেট বিভাগের চার জেলাসহ মোট ২৩ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাছে, যা অব্যাহত থাকবে সোমবার পর্যন্ত। তিনি আরো বলেন, দেশে বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। তবে যে ভাপসা গরম পড়েছে, এই হালকা বৃষ্টিতে কাজ হচ্ছে না। আগামী দুই দিন (সোমবার পর্যন্ত) দেশের কোথাও ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং গরম কমবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য জায়গায় এর মাঝারি ধরনের সক্রিয়তা রয়েছে।

জুলাই ১৬, ২০২২
যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ২৪ নভেম্বর - image

যশোরে প্রধানমন্ত্রীর জনসভা ২৪ নভেম্বর

04 নভেম্বর 2022, বিকাল 6:00

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর পর যশোরে আসছেন ২৪ নভেম্বর। এদিন জনসভায় ভাষণ দেবেন তিনি। এর আগে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোর ঈদগাহ ময়দানে জনসভায় ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে মহাসমাবেশে রূপ দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে যশোর আওয়ামী লীগ। প্রস্তুতির অংশ হিসেবে ৭ নভেম্বর বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে সাবেক বৃহত্তর যশোর জেলা (যশোর, নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা) আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ২৪ নভেম্বর আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে জনসভা করবেন। এদিন যশোরে জনস্রোতে রূপ নেবে। এজন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিন যশোর শহরের প্রধান প্রধান স্থানে প্রজেক্টরের ব্যবস্থা থাকবে। যাতে সহজেই যশোরের মানুষ প্রধানমন্ত্রীর মূল্যবান ভাষণ শুনতে পারেন। জনসভায় খুলনা বিভাগের হাজারো নেতা যশোরে উপস্থিত হবেন। এছাড়া দলের লাখ লাখ কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষ অংশ নেবেন। আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরে জনসভায় ভাষণ দেন। সরকারের বিগত মেয়াদে সেটিই ছিল এ জেলার একমাত্র জনসভা। এরপর নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জেলায় আর কোনো জনসভা করতে পারেননি। ওই সময় প্রথমে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে জনসভার স্থান নির্ধারণ করা হলেও পরে তা স্থানান্তর করা হয় যশোর ঈদগাহ ময়দানে। এবার এখনো জনসভার স্থান নির্ধারণ হয়নি। সংসদ সদস্য শাহীন চাকলাদার আরও বলেন, প্রধানমন্ত্রীর সমাবেশ সফল করতে ৭ নভেম্বর বিকেল ৩টায় যশোরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি পাড়ায় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-ফেস্টুন আর দৃষ্টিকাড়া তোরণ নির্মাণের মাধ্যমে যশোর শহরকে উৎসবে পরিণত করা হবে। আওয়ামী লীগ ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখন থেকেই নিরলসভাবে কাজ শুরু করেছেন।

নভেম্বর ০৪, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo