logo
youtube logotwitter logofacebook logo

ফরিদপুর

সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকর - image

সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকর

21 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাত ১২টা ৫৫ মিনিটে যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। রায় কার্যকরের আগে নিয়ম অনুযায়ী সাকা ও মুজাহিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। মৌলভী এসে ইসলামী রীতি অনুযায়ী আসামিদের তওবা পড়ান। এরপর ফাঁসির মঞ্চে নেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জামায়াতের এই সেক্রেটারি জেনারেলকে। এরআগে, শনিবার রাত সোয়া ১২টার দিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের স্বজনরা দেখা করে কারাগার থেকে বেরিয়ে আসেন। তার আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করে আসেন তার স্বজনরা। মুজাহিদের স্বজনরা বেরিয়ে আসার পর চারটি অ্যাম্বুলেন্স ঢুকে কারাগারের ভেতরে। দিনভর নানা আলোচনা চললেও রাত সাড়ে ৮টায় দেখা করতে স্বজনদের কারা কর্তৃপক্ষের আহ্বান এবং কারাগারের বাইরে নিরাপত্তা জোরদার জোর ইঙ্গিত দিচ্ছিল যে, রাতেই ফাঁসি কার্যকর হচ্ছে। শনিবার রাত ৯টার দিকে রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেওয়ায় রাতেই ফাসি কার্যকর করার বিষয়টি চলে আসে। রাত ১২টার মধ্যই কারাগারে শেষ দেখা করেছেন সাকা ও মুজাহিদের স্বজনরা। সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। অপরদিকে মুজাহিদের লাশ ফরিদপুরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। রায় কার্যকর  করতে পূর্বেই কারাগারে ছয়জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছিল। এরা হলেন, শাহজাহান, রাজু, আবুল, মাসুদ, ইকবাল ও মুক্তার। এছাড়া ফাসি কার্যকরের সময় কারাগারে ছিলেন দুই ম্যাজিস্ট্রেট, আইজি প্রিজন,  জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জন। শনিবার বিকেলে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর প্রাণভিক্ষার আবেদনের নথি বঙ্গভবনে পৌঁছায়। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে প্রাণ ভিক্ষার আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদ। আবেদনপত্রটি রাষ্ট্রপতির দফতরে পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে একথা জানান। এর আগে, বিকেলে সালাউদ্দীন কাদের চৌধুরীর পক্ষে রায় পুনর্বিবেচনার জন্য তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর আবেদন গ্রহণ না করে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণের করার পরামর্শ দেয় বঙ্গভবন কর্তৃপক্ষ। বিকেলে সাকার ছেলে হুম্মাম কাদের চৌধুরী ইংরেজিতে লেখা দুই পৃষ্ঠার একটি আবেদনপত্র নিয়ে বঙ্গভবনে যান। আবেদনে সালাউদ্দিন কাদেরের বিচার প্রক্রিয়াকে মিসট্রায়াল হিসেবে বিবেচনা করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়। পরে সালাউদ্দীন কাদেরের ছেলে সাংবাদিকদের জানান, তার বাবার প্রাণভিক্ষার আবেদন সম্পর্কে নিশ্চিত নন তারা। এসময় নিজের বাবাকে নির্দোষ বলেও দাবি করেন তিনি। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে প্রাণ ভিক্ষার আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদ। আবেদনপত্রটি রাষ্ট্রপতির দফতরে পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে একথা জানান। এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর ফাঁসিতে ঝোলানো হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে। এরপর ২০১৫ সালের ১১ এপ্রিল ফাঁসিতে ঝোলানো হয় জামায়াতের অপর সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানকে।

নভেম্বর ২১, ২০১৫
দুই যুদ্ধপরাধীর ফাঁসির রায়ে জনসাধারণের উল্লাস - image

দুই যুদ্ধপরাধীর ফাঁসির রায়ে জনসাধারণের উল্লাস

21 নভেম্বর 2015, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হওয়ায় উল্লসিত সারা দেশ। রায় কার্যকর হওয়ার পরই যেন উল্লাসের নগরীতে পরিণত হয় ঢাকা। বের হয় আনন্দ মিছিল। হয় মিষ্টি বিতরণ। এদিকে, এই রায় কার্যকর হ্ওয়াকে জনগণের বিজয় হিসেবে দেখছে গণজাগরণ মঞ্চ। শনিবার দিন থেকে রাত। ঢাকার শাহবাগের রাজপথে গণজাগরন মঞ্চের এমন প্রতীক্ষা। কখন কার্যকর হবে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায়। অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। কারণ, সবাইকে চমকে দিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন সাকা-মুজাহিদ। তাই কখনও অজানা আশংকা, কখনবা জয়ের আনন্দে উত্তাল সমাবেশ। শেষ পর্যন্ত মধ্যরাতে এলো সেই ক্ষণ। খবর এলো, কার্যকর হয়ে গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড। তারপরের ছবি- এমন বাধভাঙ্গা উল্লাসের। জাতীয় পতাকা হাতে যুদ্ধাপরাধীর বিচার সম্পূর্ণ করার উদযাপনের। ইতিহাসের দায় শোধের পথে স্বস্তির। উত্তেজনা তখন কিছু থিতিয়ে এসেছে। ভর করেছে ক্লান্তি। তারপরও থেমে যায়নি উদযাপন। জাতীয় সঙ্গীতে এমন কন্ঠ মিলিয়েই চলছিল আনন্দের বহিপ্রকাশ। শুধু শাহবাগ নয়; রাজধানী জুড়েই যেন শোনা যাচ্ছিল এমন উল্লাসের আনন্দ চিৎকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন ছবি যেন তার কথাই বলছে। এদিকে, দুই রাজাকারের ফাঁসি হওয়ায় রোববার বিজয় র‌্যালি বের করবে গণজাগরণ মঞ্চ। এ ফাঁসির রায় কর্যকর হওয়াকে বিরাট বিজয় বলে জানিয়েছে গণজাগরণ মঞ্চ। শনিবার রাতে ফাঁসি কার্যকরের পর রাজধানীর শাহবাগে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন গণজাগরণ মঞ্চের সদস্যরা। এদিকে কুখ্যাত দুই রাজাকারের মৃত্যুদন্ড কার্যকরে সন্তুষ্টি প্রকাশ করেছেন শহীদ পরিবারের সন্তানেরা। আর দন্ড কার্যকরের আগ মুহুর্তে রাষ্ট্রপ্রতির কাছে প্রাণ ভিক্ষার আবেদনের মাধ্যমে বাংলাদেশের মাটিতে তারা যে যুদ্ধাপরাধ করেছে তাও স্বীকার করে নিল বলে মনে করেন তারা। যুদ্ধাপরাধী আলী আহসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসিতে আনন্দিত ফরিদপুরের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। এ ফাঁসির রায়ের মধ্য দিয়ে ফরিদপুরবাসী কলঙ্কমুক্ত হয়েছেন বলে মনে করছেন তারা। অপরদিকে দ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকরের খবরে চট্টগ্রামের রাউজানে আনন্দ মিছিল করেছেন মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষ। শনিবার রাতে ফাঁসি কার্যকরের খবরে উল্লাসে ফেটে পড়েন তারা। একে অন্যকে মিষ্টিমুখ করান। এ ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে চট্টগ্রাম কলঙ্কমুক্ত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামবাসী। শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন তারা।

নভেম্বর ২১, ২০১৫
পারিবারিক কবরস্থানে মুজাহিদের লাশ দাফন - image

পারিবারিক কবরস্থানে মুজাহিদের লাশ দাফন

21 নভেম্বর 2015, বিকাল 6:00

ফরিদপুর প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে। সকাল ৭টায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে আদর্শ একাডেমি পরিচালিত আইডিয়াল মাদ্রাসার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজের পরই তাঁর লাশ মাদ্রাসাটির প্রধান ফটকের ডান পাশে দাফন করা হয়। ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রশিদ বলেন, সাতটা ১০ মিনিটে মুজাহিদের দাফন সম্পন্ন হয়। তবে কবরস্থান পর্যন্ত কোনো গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষদের যেতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনী। কবরস্থান থেকে প্রায় পাঁচ শ গজ দূরে তাঁদের আটকে দেওয়া হয়। এর আগে মুজাহিদের লাশবাহী অ্যাম্বুলেন্স সকাল ৬টা ৩৫ মিনিটে ফরিদপুর পৌঁছে।

নভেম্বর ২১, ২০১৫
নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা - image

নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা

14 অক্টোবর 2020, বিকাল 6:00

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিরূদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন। সকালে ফরিদপুরের চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন জেলা রিটার্নিং কর্মকর্তা নওয়াবুল আলম। মামলার বিবরণে বলা হয়, গত শনিবার চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন শেষে সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করেছেন মজিবুর রহমান নিক্সন চৌধুরী। এছাড়া একজন সংসদ সদস্য হয়ে নির্বাচনী এলাকায় গিয়ে প্রভাব বিস্তার, সরকারী কর্মকর্তাদের হুমকি, গালমন্দ ও ভয়ভীতি দেখানোর কথাও এজাহারে উল্লেখ করা হয়। গত শনিবার চরভদ্রাসন উপজেলা পরিষদের উপ-নির্বাচন শেষে নেতা-কর্মীদের নিয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী। এসময় প্রশাসনের বিরূদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন তিনি।

অক্টোবর ১৪, ২০২০
১১ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি - image

১১ চিকিৎসককে অধ্যাপক পদে পদোন্নতি

03 আগস্ট 2022, বিকাল 6:00

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত ১১ চিকিৎসক। বুধবার (৩ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পারসোনেল-১) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশে পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের ১১ কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে নামের পার্শ্বে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়াপূর্বক শূন্য পদায়নের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হলো। তারা হলেন- শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. মো. নুর হোসেন ভুঁঞা, ঢাকা মেডিকেল কলেজের ডা. এ জেড এম মাহফুজুর রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজে সংযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ মাসুদ করিম, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ডা. স্বপন কুমার বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজের ডা. সুবিনয় কৃষ্ণ পাল, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. মো. সাইফুল হক, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ডা. গনেশ কুমার আগরওয়ালা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. ইশরাত জাহান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজের ডা. এস.এম কামরুল আক্তার, রংপুর মেডিকেল কলেজের ডা. হৃদয় রঞ্জন রায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডা. জি.এম নাজিমুল হক। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আগস্ট ০৩, ২০২২
বরিশাল বিএনপির গণসমাবেশ শুরু - image

বরিশাল বিএনপির গণসমাবেশ শুরু

04 নভেম্বর 2022, বিকাল 6:00

বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগেই এ সমাবেশ শুরু হয়। সমাবেশে খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দুইটি চেয়ার ফাকা রাখা হয়েছে। শনিবার দুপুর ২টায় বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে। এখন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঞ্চে বক্তব্য দিচ্ছেন। সমাবেশ স্থলে নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্লাকার্ড, ব্যানার এবং ধানের শীষ নিয়ে বড় বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা। এদিকে জেলা মোটর মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে দুই থেকে তিন দিন আগে থেকেই বিএনপির বিভাগীয় গণ সমাবেশে অংশ নিতে বরিশাল নগরীতে আসেন নেতা-কর্মীরা। আবাসিক হোটেলগুলোতে জায়গা না হওয়ায় সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) সমাবেশস্থলে ও এর চতুর পাশে নির্ঘুম রাত কাটান তারা। অন্যদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন মোড়ে টহল দিচ্ছে। দলীয় সুত্রে জানা গেছে, শনিবার বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপক্ষে সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুর বিভাগীয় সমাবেশ সম্পন্ন করেছে দলটি। গত ২২ জুলাই থেকে শুরু হওয়া বিএনপির ইস্যুভিত্তিক এই আন্দোলন বিভাগীয় পর্যায়ের গণসমাবেশের কর্মসূচিতে রূপ নিয়েছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামের, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের পর ধারাবাহিকভাবে আজ ৫ নভেম্বর বরিশালে, ১২ নভেম্বর ফরিদপুরে, ১৯ নভেম্বর সিলেটে, ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। সবশেষ ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।

নভেম্বর ০৪, ২০২২
নদীবন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত - image

নদীবন্দরে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

28 এপ্রিল 2023, বিকাল 6:00

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীব্ন্দর সমূহের জন্য সংশোধিত আবহাওয়ার পূর্বাভাবে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত (পুন.) দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এপ্রিল ২৮, ২০২৩
ঢাকাসহ ১৩ অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী - image

ঢাকাসহ ১৩ অঞ্চলে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী

28 এপ্রিল 2023, বিকাল 6:00

রাজধানী ঢাকাসহ ১৩ অঞ্চলের ওপর দিয়ে ৬০-৮০ কিলোমিটার বেগে শক্তিশালী কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের সমুদ্র বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ স্বাক্ষরিত দেশের অভ্যান্তরীন নদী বন্দরের আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

এপ্রিল ২৮, ২০২৩
রাজধানীসহ ৮ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা - image

রাজধানীসহ ৮ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

30 এপ্রিল 2023, বিকাল 6:00

রাজধানীসহ দেশের ৮ বিভাগে আজ দুপুরের পর ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এপ্রিল ৩০, ২০২৩
ফরিদপুরে মে দিবস পালন - image

ফরিদপুরে মে দিবস পালন

30 এপ্রিল 2023, বিকাল 6:00

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে মে দিবস পালন করেছে জাতীয় শ্রমিক লীগ। এ উপলক্ষে বেলা ১১টায় আলীপুরের শেখ রাসেল স্কয়ারের সামনে বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। এতে মোবাইল ফোনের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুর রহমান। জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মোঃ নাছিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা সহিদ ডাকুয়া, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌরমেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, মহিলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদা বেগম, যুব মহিলা লীগের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবী। সভাটি সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক লীগের ফরিদপুর জেলা কমিটির সদস্য সচিব ইমান আলী মোল্লা। সমাবেশে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ফরিদপুরের স্মরনকালের বিশাল এ শ্রমিক সমাবেশে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে শ্রমিকেরা অংশ নেন।

এপ্রিল ৩০, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo